ETV Bharat / sports

আকাশের হ্যাটট্রিক, ডার্বির আগে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে বড় জয় ইস্টবেঙ্গলের

সুযোগ তৈরি করেও, তা গোলে পরিণত করতে না-পারায় চিন্তিত কোচ অর্চিস্মান বিশ্বাস ৷ বিলালদের আরও তেজি হওয়ার পরামর্শ কোচের ৷

CFL 2026
ডার্বির আগে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে বড় জয় ইস্টবেঙ্গলের ৷ (ছবি- IFA)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 2, 2026 at 8:28 PM IST

4 Min Read
Choose ETV Bharat

নৈহাটি (উত্তর 24 পরগনা), 2 সেপ্টেম্বর: কলকাতা ডার্বির আগে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল ইস্টবেঙ্গল ৷ আকাশ হেমরামের হ্যাটট্রিকে বুধবার নৈহাটি স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতাকে 3-0 গোলে হারাল অর্চিস্মান বিশ্বাসের লাল-হলুদ ব্রিগেড ৷ এদিনের জয়ের পর কলকাতা লিগে গ্রপ-এ থেকে 10 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল এক নম্বর স্থানের খুব কাছাকাছি পৌঁছে গেল ৷ তাও আবার শীর্ষে থাকা ভবানীপুরের থেকে এক ম্যাচ কম খেলে ৷ যা সোমবার কলকাতা লিগের ডার্বির আগে ইস্টবেঙ্গলকে আত্মবিশ্বাস জোগাবে ৷

সুপার সিক্স আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ৷ তাই ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে ফলাফল বিশেষ প্রভাব ফেলবে না ৷ তা সত্ত্বেও ডার্বির আগে বাকিদের দেখে নিতে চেয়েছিলেন কোচ অর্চিস্মান ৷ সেই লক্ষ্যে তিনি সফল ৷ চাকু মাণ্ডি এবং তন্ময় দাসকে দলে রাখেননি ক্লান্তির কারণে ৷ বাকিরা এই দু’জনের অভাব বুঝতে দিলেন না ৷

ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে বড় জয় ইস্টবেঙ্গলের (ইটিভি ভারত)

চলতি লিগে আকাশ হেমরাম নজরকাড়া ফুটবল খেলছেন ৷ গত তিন ম্যাচে পাঁচটি গোল করলেন ডায়মন্ডহারবার এফসি-র প্রাক্তনী ৷ অন্যদিকে, কলকাতা ডার্বির আগে জেসিন টিকের চোট বড় চিন্তা লাল-হলুদের ৷ এএফসি কাপের কথা চিন্তা করে ডুরান্ড ডার্বির নায়ক এডমুন্ডকে হয়তো নামানোর অনুমতি আন্তেনিও লোপেজ হাবাস দেবেন না ৷ ডেভিড হয়তো খেলবেন ৷ তবে, ইস্টবেঙ্গলের এবারের কলকাতা লিগের ইউএসপি হাল না-ছাড়া মনোভাব ৷ এরই মধ্যে উজ্জ্বল আকাশ হেমরাম ৷ আপাতত দশ ম্যাচে মোট সাত গোল করেছেন কালনার আকাশ ৷

ম্যাচের 23 মিনিটে মনতোষ মাঝির ডিফেন্স চেরা পাস ধরে আকাশ প্রথম গোলটি করেন ৷ নৈহাটির এই মাঠে গত একবছরে অবনতি হয়েছে ৷ বৃষ্টি ভেজা মাঠে বল গড়াচ্ছিল না-ঠিক করে ৷ যা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মনতোষ ৷ ইউনাইটেড কলকাতার নয় জন ফুটবলার আই লিগে খেলার জন্য এখন অন্যদলে চলে গিয়েছেন ৷ ফলে কার্যত ভাঙা দল নিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নেমেছিলেন ইয়ান ল ৷ তা-বলে ইস্টবেঙ্গলের কৃতিত্ব খাটো করা যাবে না ৷

CFL 2026
ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে হ্যাটট্রিক আকাশ হেমরামের ৷ (ছবি- IFA)

রক্ষণে মনতোষ চাকলাদার এবং অঙ্কন ভট্টাচার্য অনবদ্য খেললেন ৷ অনন্ত, জয় বাজ, রিকি সিংরাও ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলায় ইউনাইটেড চাপ বাড়ালেও গোল করতে পারেনি ৷ বিরতির পরে উমের শট বারে লেগে প্রতিহত হওয়া ছাড়া ইউনাইটেড কলকাতার আক্রমণ গোলমুখ খুলতে পারেনি ৷

দ্বিতীয়ার্ধে আসে ইস্টবেঙ্গল এবং আকাশের দ্বিতীয় গোল ৷ ম্যাচের 47 মিনিটে মনতোষের পাস থেকে দ্বিতীয় গোল করেন আকাশ ৷ এরপর আরও কয়েকবার গোলের মুখ খুলে ফেলেছিল ইস্টবেঙ্গল ৷ কিন্তু বিলাল, অনন্তদের সহজ সুযোগ নষ্ট করা ডার্বির আগে অর্চিস্মান বিশ্বাসকে চিন্তায় রাখছে ৷ ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে তিনি তা স্বীকারও করলেন ৷

CFL 2026
ইউনাইটেড কলকাতার বিশালাকার ফুটবলারদের সঙ্গে পাল্লা দিয়ে জয় ইস্টবেঙ্গলের ৷ (ছবি- IFA)

7 সেপ্টেম্বর বারাসত স্টেডিয়ামে বিকেল পাঁচটায় কলকাতা লিগের ডার্বি ৷ বুধবারের জয় ইস্টবেঙ্গলকে তাতিয়ে রাখবে ৷ সিনিয়র দলের ফুটবলাররা কলকাতা ডার্বিতে খেলবেন কি না, তা ম্যানেজমেন্ট ঠিক করবেন ৷ তবে, অর্চিস্মান বলছেন ভালো খেলতে হলে মাঠে মস্তানি করতে হবে ৷ সেটাই ফুটবলারদের শেখাচ্ছেন ৷ দিনের সেরা আকাশ হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিরানব্বই মিনিটে ৷ বক্সের মধ্যে থেকে নেওয়া দুরন্ত ভলিতে ইস্টবেঙ্গলের হয়ে তিন নম্বর গোল করেন তিনি ৷

মোট সাত গোল করলেও প্রথম হ্যাটট্রিক আকাশের ৷ তিনি কালনার কৃষক পরিবারের ছেলে ৷ আকাশের বাবা নিজে ফুটবল খেলতেন ৷ মাঝমাঠের ফুটবলার ছিলেন ৷ বড় ফুটবলার হওয়ার স্বপ্ন তাঁর সফল হয়নি ৷ তবে, দুই ছেলেকে ফুটবলার তৈরি করেছেন ৷ আকাশের দাদা তুষার পিয়ারলেসের হয়ে আগের ম্যাচে হ্যাটট্রিক করেছেন ৷ তা দেখে আকাশও হ্যাটট্রিক করার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন ৷ বুধবার তাঁর সেই স্বপ্ন সফল হয়েছে ৷ এ দিন হ্যাটট্রিক উৎসর্গ করলেন বাবা-মা’র নামে ৷ এবার সুযোগ পেলে ডার্বিতেও গোল করার চ্যালেঞ্জ নিতে চান ৷ অনেকটা এডমুন্ডের মতো ৷