ETV Bharat / sports

পাক হামলায় 3 আফগান ক্রিকেটারের মৃত্যু, ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান

পাক বিমান হামলায় তিন ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার আফগানিস্তানের ৷ তীব্র নিন্দা রশিদ খানের ৷

CRI-AFG-PAK-LD ALL
আফগান ক্রিকেটাররা (ফাইল চিত্র, এএফপি)
author img

By ETV Bharat Sports Team

Published : October 18, 2025 at 8:52 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কাবুল, 18 অক্টোবর: আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাক হামলায় তিন ক্রিকেটার-সহ আট জনের মৃত্যু হয়েছে ৷ পাকিস্তানের সামরিক বিমান হামলায় তিন ক্রিকেটারের মৃত্যুর প্রতিবাদে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ত্রিদেশীয় টি-20 সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান ৷ ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করার কথা জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সোশাল মিডিয়ায় এক বিবৃতিতে আফগান ক্রিকেট বোর্ড এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ৷ শুধু তাই নয়, এটিকে পাকিস্তানের কাপুরুষোচিত আক্রমণ বলে অ্যাখ্যা দিয়েছে এসিবি। 5 থেকে 29 নভেম্বর লাহোর এবং রাওয়ালপিন্ডিতে আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার কথা ছিল । আফগানিস্তানের রশিদ খানও এই 'বর্বরোচিত' বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বোর্ডের এই পদক্ষেপকে সমর্থন করেছেন ৷

বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, "এটা হৃদয়বিদারক ঘটনা, উরগুন জেলার তিন খেলোয়াড় (কবীর, শিবঘাতুল্লা এবং হারুন) আরও 5 জন দেশবাসী শহিদ হয়েছেন এবং আরও সাত জন আহত হয়েছেন ৷" একই সঙ্গে বোর্ডের তরফে জানানো হয়, আফগানিস্তানের ক্রীড়াজগতে এ এক অপূরণীয় ক্ষতি । ওঁদের পরিবারের প্রতি এবং পাকতিকার মানুষের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি বোর্ডের তরফে এও জানানো হয়, আগামী নভেম্বরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে যে ত্রিদেশীয় টি-২০ সিরিজে খেলার কথা ছিল, আফগানিস্তান তাতে যোগ না-দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।

আফগান বাহিনীর একাধিক সামরিক চৌকিতে হামলার পর অক্টোবরে পাক-আফগান সীমান্তে শুরু হওয়ায় সংঘর্ষ সম্প্রতি চরম আকার ধারণ করে । গত এক সপ্তাহে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলার পর বুধবার 48 ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষণা করেছিল দুই দেশ । তার মেয়াদ শেষ হয়েছে শুক্রবার । এরপর মধ্যরাতে পাকিস্তান হামলা চালায় বলে অভিযোগ।

পাকিস্তানের বিমান হামলার পর রশিদ খান তার সোশাল মিডিয়ায় একটি কঠোর বার্তা দেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "আফগানিস্তানে সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। নারী, শিশু এবং বিশ্বমঞ্চে তাদের জাতির প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিলেন এমন তরুণ ক্রিকেটারদের প্রাণহানির ঘটনা ঘটেছে ৷"

ত্রিদেশীয় সিরিজ থেকে আফগানিস্তানের নাম প্রত্যাহার আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে । সম্প্রতি এশিয়া কাপে, ভারত ও পাকিস্তান ক্রিকেট মাঠেও সম্পর্কের টানাপোড়েন লক্ষ্য করা গিয়েছে ৷ পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভারতীয় খেলোয়ারা টস এবং ম্যাচের পরে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেনি ৷