ETV Bharat / sports

মুকেশের আগুনে স্পেল, মননের পাল্টা সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাকে জেতালেন অভিষেক

অভিষেকের সেঞ্চুরির পাশাপাশি ব্যাট হাতে ফের জ্বলে উঠলেন অলরাউন্ডার শাহবাজ ৷

BENGAL WIN IN VIJAY HAZARE TROPHY
ম্য়াচের সেরা মুকেশ (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : December 29, 2025 at 8:27 PM IST

3 Min Read
Choose ETV Bharat

রাজকোট, 29 ডিসেম্বর: দ্বিতীয় ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ফের জয়ের সরণিতে বাংলা ৷ বিজয় হাজারে ট্রফির তৃতীয় ম্য়াচে রান তাড়া আবারও করে দুরন্ত জয় বাংলার ৷ ব্যাটার-বোলারদের সম্মিলিত প্রয়াসে টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নিল অভিমন্যু ঈশ্বরণ নেতৃত্বাধীন বাংলা ৷ মনন ভোহরার সেঞ্চুরিতে চেপে তিনশোর বেশি রান তুলেও হার চণ্ডীগড়ের ৷ পাল্টা সেঞ্চুরিতে ব্য়াট হাতে যদি বাংলার জয়ের নায়ক অভিষেক পোড়েল হন, তাহলে বল হাতে সেরা মুকেশ কুমার ৷

টি-20 অধ্যুষিত ক্রিকেট বিশ্বে তিনশোর বেশি রান তাড়া এখনও চ্যালেঞ্জিং ৷ চলতি বিজয় হাজারের প্রথম ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বাধিক রান তাড়া করে জিতেছিল বাংলা ৷ তবে দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছিলেন ব্যাটাররা ৷ সেই ব্যর্থতায় সরব হয়েছিলেন কোচ লক্ষ্মীরতন শুক্লা ৷ হেড কোচের উষ্মা ছিল বাংলা দলের কাছে ওয়েক-আপ কল ৷ যা থেকে শিক্ষা নিয়ে চণ্ডীগড়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল 2011-12 মরশুমের চ্যাম্পিয়নরা ৷

টস জিতে রাজকোটে এদিন প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলা অধিনায়ক ঈশ্বরণ ৷ মুকেশ কুমারের পাঁচ এবং মহম্মদ শামির তিন উইকেট সত্ত্বেও সার্বিকভাবে ব্য়র্থ বাংলার বোলাররা ৷ ফলস্বরূপ মনন ভোহরার 122 এবং সানিয়াম সাইনির 67 রানের সৌজন্যে স্কোরবোর্ডে 319 রান তোলে চণ্ডীগড় ৷ শুরুর দিকের ব্যর্থতা সরিয়ে 48.2 ওভারে অবশ্য প্রতিপক্ষকে অলআউট করে দেন বাংলার বোলাররা ৷ 10 ওভারে 59 রান দিয়ে পাঁচ উইকেট নেন ম্য়াচের সেরা মুকেশ ৷ লিস্ট-এ কেরিয়ারে এটি তাঁর প্রথম পাঁচ উইকেটের নজির ৷ 45 ওভার শেষে 293/5 থেকে চণ্ডীগড় 319 রানে অলআউট হয়ে যায় ৷

প্রত্যুত্তরে বাংলার ব্যাটিংকে নেতৃত্ব দেন অভিষেক পোড়েল ৷ ইনিংস গোড়াপত্তনে নেমে 84 বলে 106 রানের ঝকঝকে ইনিংস উপহার দেন স্টাম্পার-ব্য়াটার ৷ যা এক ডজন বাউন্ডারি এবং দু'টো বিশাল ছক্কায় সাজানো ৷ অভিমন্যু ঈশ্বরণ (25), সুদীপ ঘরামি (17) বড় রান পাননি ৷ তবে পাঁচে নেমে জ্বলে ওঠেন অনুষ্টুপ মজুমদার ৷ 70 বলে চারটি বাউন্ডারি ও একটি ছক্কায় 63 রানের অ্যাঙ্কর ইনিংস খেলেন বাংলার প্রাক্তন অধিনায়ক ৷ সেঞ্চুরির পর লম্বা হয়নি অভিষেকের ইনিংস ৷

চতুর্থ উইকেটে এরপর অনুষ্টুপের সঙ্গে জুটিতে 92 রান যোগ করে বাংলার জয় নিশ্চিত করেন বিদর্ভ ম্য়াচের নায়ক শাহবাদ আহমেদ ৷ প্রথম ম্য়াচে তাঁর ব্য়াটে এসেছিল 58 বলে 71 ৷ আর এদিন বল হাতে জোড়া উইকেটের পর 61 বলে 76 রান করলেন বাঁ-হাতি অলরাউন্ডার ৷ মারলেন আটটি চার ও একটি ছক্কা ৷ অনুষ্টুপ আউট হলেও শাহবাজের সঙ্গে 22 রানে অপরাজিত থেকে ক্রিজ ছাড়েন সুমন্ত গুপ্ত ৷ শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে 14 বল বাকি থাকতে 320 রান তুলে নেয় বাংলা ৷ তিন ম্য়াচে আট পয়েন্ট নিয়ে আপাতত এলিট গ্রুপ-বি'তে পঞ্চমস্থানে ঈশ্বরণরা ৷ বছরের শেষদিন গুরুত্বপূর্ণ ম্য়াচে জম্মু-কাশ্মীরের মুখোমুখি হবেন তাঁরা ৷

আরও পড়ুন: