যুবরাজের নজির ছুঁয়ে অভিষেকের বিস্ফোরক শতরান, মুস্তাক আলিতে বড় হার বাংলার
অধিনায়ক ঈশ্বরণের অপরাজিত সেঞ্চুরিও হার এড়াতে পারল না বাংলার ৷

Published : November 30, 2025 at 3:18 PM IST
হায়দরাবাদ, 30 নভেম্বর: সৈয়দ মুস্তাক আলি ট্রফির তৃতীয় ম্য়াচে এসে থমকে গেল বাংলা ৷ প্রথম দু'ম্য়াচ জিতলেও টি-20 টুর্নামেন্টের তৃতীয় ম্য়াচে পঞ্জাবের কাছে বড় ব্যবধানে হারল বাংলা ৷ অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের অপরাজিত 130 রানও বাঁচাতে পারল না বাংলাকে ৷ 112 রানে হেরে পয়েন্ট তালিকায় চারে নামল বাংলা ৷ আর যাঁর ব্য়াটে বাংলার এই করুণ হাল, তিনি অভিষেক শর্মা ৷ জাতীয় দলের ওপেনারের বিস্ফোরক 148 রানের ইনিংসে জয়ের ধারায় ছেদ পড়ল বাংলার ৷
- মেন্টর যুবরাজের নজির ছুঁলেন অভিষেক: বাংলার বিরুদ্ধে ওপেনে নেমে 32 বলে সেঞ্চুরি হাঁকালেন অভিষেক শর্মা ৷ তাঁর ব্য়াটেই এদিন বাংলার বিরুদ্ধে প্রথম ব্য়াট করে রানের পাহাড়ে চড়ে পঞ্জাব ৷ পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 310 রান তোলে তাঁরা ৷ অভিষেকের 52 বলে 148 রানের ইনিংস এদিন সাজানো ছিল আটটি চার এবং 16টি ছক্কায় ৷ তবে টি-20'তে অষ্টম সেঞ্চুরি পূর্ণ করার আগে হাফসেঞ্চুরিতে মেন্টর যুবরাজ সিং'য়ের রেকর্ড স্পর্শ করেন অভিষেক ৷ ভারতীয় হিসেবে কুড়ি-বিশের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হিসেবে 12 বলে হাফসেঞ্চুরি করেন তিনি ৷ সেইসঙ্গে 18 বছর আগে টি-20 বিশ্বকাপে যুবরাজ সিংয়ের সমসংখ্যক বলে হাফসেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন জাতীয় দলের ওপেনার ৷
- অষ্টম শতরানে ছুঁলেন রোহিতকে: এদিন বাংলার বিরুদ্ধে টি-20 ক্রিকেটে অষ্টম সেঞ্চুরিটি এল অভিষেকের ব্যাটে ৷ টি-20 ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরিয়ন হিসেবে রোহিত শর্মার নজির এদিন ছুঁয়ে ফেললেন পঞ্জাব ব্যাটার ৷ ভারতীয় হিসেবে টি-20'তে সর্বাধিক শতরানের নজিরটি রয়েছে বিরাট কোহলির (9) ঝুলিতে ৷
Abhishek Sharma is unstoppable in T20 cricket. He smashed century in just 32 balls against Bengal in SMAT.
— Tejash (@Tejashyyyyy) November 30, 2025
- 50 in 12 balls
- 100 in 32 balls
He smashed against bengal's bowler like Mohammad Shami, Akash Deep and Shahbaz Ahmed 🔥🗿pic.twitter.com/HDyAOG952z
- চতুর্থ সর্বাধিক টি-20 স্কোর: অভিষেক শর্মার ধুন্ধুমার ব্যাটিংয়ে এদিন টি-20 ক্রিকেটের চতুর্থ সর্বাধিক স্কোর করল পঞ্জাব ৷ অভিষেকের পাশাপাশি 35 বলে 70 রানের ঝোড়ো ইনিংস খেলেন আরেক ওপেনার প্রভসিমরন সিং ৷ পঞ্জাবের পাঁচ উইকেটে 310 রান সৈয়দ মুস্তাক আলি ট্রফির দ্বিতীয় সর্বাধিক স্কোর ৷ সিকিমের বিরুদ্ধে 2023 সালে বরোদার 349 রানের ইনিংস এখনও তালিকার শীর্ষে ৷
Punjab Won by 112 Run(s) #BENvPUN #SMAT #Elite Scorecard:https://t.co/L0qtlxHPLq
— BCCI Domestic (@BCCIdomestic) November 30, 2025
- ঈশ্বরণের শতরানেও হার বাংলার: অভিষেক শর্মার পাল্টা ঝোড়ো সেঞ্চুরি আসে বাংলা অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের ব্যাটে ৷ 13টি চার ও আট ছক্কায় 66 বলে 130 রানে অধিনায়ক অপরাজিত থাকলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় লক্ষ্যমাত্রার ধারেকাছে পৌঁছতে পারেনি বাংলা ৷ 20 ওভারে নয় উইকেট হারিয়ে 198 রান তোলে তাঁরা ৷ শেষদিকে সাত বলে 31 রানের ক্যামিয়ো আসে আকাশদীপের ব্যাটে ৷ তবু 112 রানে হেরে পয়েন্ট তালিকায় চারে নামল বাংলা ৷ তিন ম্যাচে তাঁদের ঝুলিতে আট পয়েন্ট ৷ সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট সত্ত্বেও রানরেটে শীর্ষে পঞ্জাব ৷ দ্বিতীয়স্থানে গুজরাত ৷ দু'ম্যাচে আট পয়েন্ট নিয়ে তিনে উঠে এল পুদুচেরি ৷

