নাড্ডার বৈঠক-স্থলে হঠাৎ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর আইপিএস, আগমনের কারণ নিয়ে প্রশ্ন
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অবশ্য জানিয়েছেন যে এই নিয়ে বিজেপি চিন্তিত নয়৷

Published : January 8, 2026 at 9:39 PM IST
কলকাতা, 8 জানুয়ারি: আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সংস্থার অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টেরেটের তল্লাশি অভিযান ঘিরে বৃহস্পতিবার দিনভর হইচই পড়ে যায় রাজ্যজুড়ে৷ সেই হইচইয়ের মাঝে দিনভর কার্যত প্রচারের আলোর অনেক দূরেই চলতে থাকে বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কর্মসূচি৷ কিন্তু সেই কর্মসূচিতে রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের আগমন ঘিরে শোরগোল পড়ে যায়৷ প্রশ্ন ওঠে বিজেপির কর্মসূচিতে কেন এসেছিলেন রাজ্য পুলিশের ওই আধিকারিক?
এদিন একাধিক কর্মসূচিতে যোগদানের জন্য কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা৷ সল্টলেকের একটি পাঁচতারা হোটেলে ছিল তাঁর প্রথম কর্মসূচি৷ সেখানে সাংগঠনিক বৈঠক করেন তিনি৷ সেখানে তিনি যখন দলের পদাধিকারীদের সঙ্গে বৈঠকে ব্যস্ত, সেই সময় সেখানে হাজির হন এক আইপিএস৷
যে পুলিশ আধিকারিক সেখানে হাজির হয়েছিলেন, তাঁর নাম সুমিত কুমার৷ তিনি রাজ্য পুলিশের ডিআইজি (সিকিউরিটি) পদে রয়েছেন৷ তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনীরই অংশ৷ ফলে সেখানে তাঁর উপস্থিতি নিয়ে হইচই পড়ে যায়৷ প্রশ্ন ওঠে যে কেন তিনি সেখানে গেলেন৷ সংবাদমাধ্যমের তরফে এই প্রশ্ন করা হয় তাঁকে৷ তিনি শুধু বলে যান, "একজনকে খুঁজতে এসেছিলাম৷"
কাকে খুঁজতে এসেছিলেন, সেই বিষয়টি তিনি স্পষ্ট করেননি৷ ফলে এই নিয়ে নানা জল্পনা শুরু হয়৷ এই ঘটনা যখন ঘটছে, তখন সল্টলেকের অন্যপ্রান্তে আইপ্যাকের অফিসে চলছে ইডির তল্লাশি৷ সেই সময় সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই নাড্ডার বৈঠকের জায়গায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর আধিকারিক পৌঁছে যাওয়া নিয়ে যোগসূত্রও খুঁজতে শুরু করেন অনেকে৷ তবে এই নিয়ে রাজ্য পুলিশের কোনও বক্তব্য মেলেনি৷
এদিকে এই নিয়ে প্রশ্ন করা হয় পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে৷ তিনি বলেন, "আমি ওঁকে চিনিও না। উনি কিসের জন্য এসেছেন, সেটাও বলতে পারব না।’’ এর পরই কিছুটা কটাক্ষের সুরেই হেঁয়ালি করে রাজ্যসভার এই সাংসদের সংযোজন, ‘‘আমরা উত্তম কুমারের নাম শুনেছি৷ অমিত কুমারের নাম শুনেছি৷ এরকমই কোনও সুমিত কুমার হতে পারে।’’
রাজ্য পুলিশের ডিআইজি (সিকিউরিটি) সুমিত কুমারের নাড্ডার বৈঠকস্থলে উপস্থিতি নিয়ে যতই জল্পনা হোক, বিজেপি যে এই নিয়ে চিন্তিত নয়, সেটাও জানিয়েছেন শমীক ভট্টাচার্য৷ তিনি বলেন, ‘‘এই নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।"

