ছেলের প্রথম ভোটে পাশে প্রসেনজিৎ, কেন্দ্রের কাছে বিশেষ আর্জি দেবের
দেব বলেন, ভোটের মাধ্যমে আমরা যেন একটা ভাল সরকার এবং ভাল ভবিষ্যৎ পাই । যত বেশি ভোট পড়বে, ততই ভাল। প্রতিটা ভোটের গুরুত্ব আছে ৷

Published : April 29, 2026 at 6:50 PM IST
কলকাতা, 29 এপ্রিল: দ্বিতীয় দফার ভোটে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নজর কাড়ল টলিউড তারকাদের উপস্থিতি ও বার্তা । সকাল থেকেই শহরের বিভিন্ন বুথে দেখা গেল অভিনেতা-অভিনেত্রীদের । কেউ ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে বার্তা দিলেন, কেউ আবার ভবিষ্যৎ সরকার নিয়ে ব্যক্ত করলেন নিজের মতামত ।
অভিনেতা-সাংসদ দেব ওরফে দীপক অধিকারী বুধবার দক্ষিণ কলকাতার সাউথ সিটির একটি স্কুলে ভোট দেন । মাসখানেক ধরে দলের হয়ে প্রচার চালানোর পর ভোটের দিন তাঁর বার্তা স্পষ্ট, "সবাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় শামিল হোন ।" ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমকে দেব বলেন, "ভোটের মাধ্যমে আমরা যেন একটা ভালো সরকার এবং ভালো ভবিষ্যৎ পাই । যত বেশি ভোট পড়বে, ততই ভালো । প্রতিটা ভোটের গুরুত্ব আছে ৷" তাঁর মতে, এখনও পর্যন্ত ভোট মোটের উপর শান্তিপূর্ণ এবং অংশগ্রহণও সন্তোষজনক ।
দলের জয়ের প্রশ্নে অবশ্য খোলামেলা দেব । তাঁর কথায়, "আমি দলের কর্মী হিসাবে চাইব, আমার দলই জিতুক। এক মাস যাদের হয়ে প্রচার করেছি, তাদের জিততে দেখতেই চাই ।" একইসঙ্গে তাঁর ইচ্ছা, "চতুর্থবার শপথ নিন মমতা বন্দ্যোপাধ্যায় ।" তবে শেষ সিদ্ধান্ত যে ভোটারের, সেটাও মনে করিয়ে দেন অভিনেতা-সাংসদ । বললেন, "কে কাকে ভোট দেবেন, তা আমি বলতে পারি না । আমি তো ভগবান নই ।"
ভোটের আবহে ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধেও সুর চড়ান দেব । তিনি বলেন, "আমাদের দেশ ধর্মনিরপেক্ষ । সব ধর্ম, সব জাতিকে সম্মান করতে হবে । বিশেষ করে যারা দেশ চালান, তাঁদের নিরপেক্ষ থাকা জরুরি ।" পাশাপাশি নির্বাচন কমিশন, সেনাবাহিনী বা কেন্দ্রীয় সংস্থাগুলির নিরপেক্ষতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি ।
ভবিষ্যৎ নিয়ে ভাবনায় উঠে আসে জনসংখ্যা ও কর্মসংস্থানের প্রসঙ্গও । দেবের মতে, "দেশে জনসংখ্যা দ্রুত বাড়ছে, আর চাকরির পরিস্থিতি সবাই দেখছেন ।" এই সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন বলে মত তাঁর । দেবের কথায়, "20-25 বছর সময় লাগবে । যে সরকারই আসুক, কেন্দ্রকে বলব সব রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিকল্পনা নেওয়া হোক ।"
অন্যদিকে, পরিবারের নতুন ভোটারকে সঙ্গে নিয়ে বুথে হাজির হন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ছেলের প্রথম ভোট দেওয়া নিয়ে উচ্ছ্বসিত তিনি । বলেন, "ভোট খুব সুষ্ঠুভাবে হচ্ছে । আমার ছেলে প্রথমবার ভোট দিল, আমি খুব খুশি ।" একই সুর শোনা গেল অভিনেতা সৌরভ দাসের গলায়ও । তাঁর আবেদন, "প্রতিটি মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন ।"
সব মিলিয়ে, দ্বিতীয় দফার ভোটে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি তারকাদের এই বার্তা স্পষ্ট, মতভেদ থাকলেও গণতন্ত্রের মঞ্চে সবার অংশগ্রহণই শেষ কথা ।

