ETV Bharat / politics

অমর্ত্য সেন বা যেই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়! SIR শুনানিতে তলব নিয়ে মত সুকান্তের

তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে ভয়ের রাজনীতি চালু করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন সুকান্ত ।

ETV BHARAT
বাগডোগরা বিমানবন্দরে সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 11, 2026 at 5:27 PM IST

3 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 11 জানুয়ারি: অমর্ত্য সেন হোক আর যেই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয় । গণতন্ত্রের নিয়ম সবার জন্য সমান ৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এসআইআর শুনানিতে ডাক পড়া নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই মত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ৷ পাশাপাশি, চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার ঘটনা নিয়েও সরব হন তিনি ৷ পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা চরম লজ্জাজনক বলে তোপ দাগেন তিনি ৷

রবিবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । সেখানেই শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত হন তিনি । এই ঘটনাকে গণতন্ত্র হত্যার চেষ্টা বলে উল্লেখ করে সুকান্ত বলেন, "এ ধরনের বর্বরতা বিজেপি কোনওভাবেই মেনে নেবে না ।"

বাগডোগরা বিমানবন্দরে সুকান্ত মজুমদার (নিজস্ব ভিডিয়ো)

রবিবার সকালে একাধিক দলীয় কর্মসূচিতে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন সুকান্ত মজুমদার । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান তিনি । তাঁর অভিযোগ, শাসকদলের মদতেই বিরোধী নেতাদের উপর হামলা চালানো হচ্ছে এবং পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে । সুকান্ত মজুমদার বলেন, "পুলিশের সামনে এই ধরনের হামলা প্রমাণ করে যে, রাজ্যে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে ।" গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে ভয়ের রাজনীতি চালু করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি ।

সুকান্ত আরও বলেন, বিজেপি নেতৃত্ব ও কর্মীদের দমন করতে এই ধরনের আক্রমণ নতুন নয় । তবে এই সব কৌশলে বিজেপি দমে যাবে না, বরং আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী । রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সুকান্ত বলেন, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে বিজেপি শেষ পর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হবে ।

এদিন সাংবাদিকদের কথায় উঠে আসে এসআইআর প্রসঙ্গও ৷ এসআইআরের শুনানিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে তলব করার ঘটনার বিষয়ে তাঁর মত জানতে চাওয়া হলে সুকান্ত বলেন, "অমর্ত্য সেন হোন, বা যে কোনও ব্যক্তি হোন, যিনি স্পেশাল, তিনি কি আইনের ঊর্ধ্বে ? তাঁদের গিয়েই এই প্রশ্নটা করুন ৷ আমাদের দেশে প্রধানমন্ত্রীও লাইনে দাঁড়িয়ে ভোট দেন ৷ এটাই গণতন্ত্রের নিয়ম ৷ ফলে নোবেলজয়ী হোন, যেই হোন, কেউই আইনের ঊর্ধ্বে নন ৷"

উল্লেখ্য, রাজ্যে এখন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি চলছে ৷ এই শুনানিতে ডাকা হয়েছে কবি জয় গোস্বামী থেকে শুরু করে অভিনেতা দেব, ক্রিকেটার মহম্মদ শামি, এমনকী নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও ৷ এই প্রসঙ্গ উল্লেখ করে গত শনিবার মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চিঠিতে নির্বাচন কমিশনকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন তিনি ৷