ETV Bharat / politics

তৃণমূল জমানার দুর্নীতিতে খুইয়েছেন চাকরি, বিজেপি সরকারের কাছে কী আশা শিক্ষকদের

যোগ্যতা ও সত্যের নিরিখে চাকরিপ্রার্থীরা সুযোগ পাবেন বলে আশ্বাস বিজেপির ৷ প্রতিশ্রুতি পালন করবে বিজেপির সরকার, বললেন দেবজিৎ ৷

Jobless eligible teachers
ল জমানার দুর্নীতিতে খুইয়েছেন চাকরি, বিজেপি সরকারের কাছে কী আশা শিক্ষকদের ? (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2026 at 8:10 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 6 মে: বদলেছে রাজ্যের রাজনৈতিক সমীকরণ ৷ তৃণমূলকে সরিয়ে নতুন সরকার গড়তে চলছে বিজেপি ৷ তৈরি হবে নতুন মন্ত্রিসভা ৷ সেই মন্ত্রিসভার কাছে এবার আবেদন 2016 সালের এসএসসি-র চাকরিহারা শিক্ষক ও অপেক্ষারত চাকরি প্রার্থীদের ৷ বিরোধী দলনেতা হিসেবে তাঁদের সঙ্গে একাধিকবার আলোচনা করতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে ৷ সেই কথাই বারবার মনে করিয়ে দিচ্ছেন চাকরিহারা শিক্ষক এবং অপেক্ষারত চাকরি প্রার্থীরা ৷ তাঁদের কথায়, সরকার পরিবর্তন হয়েছে, আমাদের দাবি নয় ৷ তাই নতুন সরকারের কাছে নিজেদের পুরনো দাবি তুলে ধরছেন চাকরিহারারা ৷ দাবি, 2016 সালের প্যানেলকে পুনরুদ্ধার করা হোক ৷

2016 সালের এসএসসি-র যোগ্য চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, "তৃণমূল সরকারের চুরি-দুর্নীতি ও কাটমানি তাদের চলে যাবার অন্যতম একটি বড় কারণ ৷ ওএমআর-এর মিরর ইমেজ কপি তৃণমূল সরকার সরিয়ে রেখেছিল ৷ নতুন সরকার সেই ইমেজ খুঁজে বার করুক ৷ সেই ওএমআর-এর ভিত্তিতে সুপ্রিম কোর্টের কাছে তালিকা প্রকাশ করে, আমাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দেওয়া হোক ৷"

চাকরিহারা শিক্ষকদের মধ্যে একজন রাকেশ আলম বলেন, "বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী আমাদের মঞ্চে এসেছিলেন ৷ তিনি কথা দিয়েছিলেন কীভাবে যোগ্যদের চাকরি ফেরানো যায়, সেই বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷ এছাড়াও আমরা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গেও দেখা করেছিলাম ৷ তাঁরা সকলেই আমাদের আশ্বাস দিয়েছিলেন যোগ্যদের চাকরি যাবে না-বলে ৷ ফলে আমরা আশা করব নতুন যে মন্ত্রিসভা গড়ে উঠবে, তাঁরা আমাদের পুরনো চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ৷"

2016 সালের অপেক্ষারত চাকরিপ্রার্থী আবু নাসের বলেন, "আমাদের মঞ্চে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী আগে এসেছিলেন ৷ আমরা চাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, সেটা যাতে পালন করা হয় ৷ বর্তমানের শাসক শিবিরের একজন সাংসদ এবং বর্তমান শাসক শিবিরের সদস্য শুভেন্দু অধিকারী, আমাদের সমস্যা নিয়ে অবগত ৷ আমরা চাই 2025 সালে যে পরীক্ষা হয়েছে, তা ঠিক আছে ৷ কিন্তু, 2016 সালে যে প্যানেল ছিল, সেটাকে পুনরুদ্ধার করতে হবে ৷"

উল্লেখ্য, 2025 সালে এসএসসি-র নতুন চাকরিপ্রার্থী শিশির দাস, তাঁদের পুরনো পাঁচ দফা দাবি আবার তুলে ধরলেন ৷ সেই দাবির অন্যতম ছিল, অভিজ্ঞতার দশ নম্বর বাতিল, শূন্যপদের সংখ্যা বৃদ্ধি এবং 2016 সালের যোগ্য শিক্ষকদের নাম প্রকাশ ৷ তার সঙ্গে উল্লেখযোগ্য হল, এই বছর এসএসসি-র সমস্ত ওএমআর জনসমক্ষে আনা ৷

সেই দাবিগুলিকে তিনি আরও একবার স্মরণ করিয়ে বলেন, "সংবিধানে কোথাও উল্লেখ নেই অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দেওয়ার ৷ ওটা সম্পূর্ণ বেআইনি ৷ ওই 10 নম্বর বাতিল করতে হবে ৷ আমরাও চাই যোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ হোক ৷ আমরাও চাই ওঁরা সসম্মানে কর্মস্থানে ফিরে যান ৷"

এই বিষয়ে বিজেপির মিডিয়া কনভেনার আইনজীবী দেবজিৎ সরকার বলেন, "আমরা তাঁদের বিষয় ও দাবিগুলি গুরুত্ব দিয়ে দেখব ৷ সকলে মেধার ভিত্তিতে, সত্যের উপর নির্ভর করে চাকরি পাবে ৷ যদি নতুন কোনও পরীক্ষা হয়, তাহলে বয়সের ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে ৷ যে কথা আমরা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম ৷ সেই প্রতিশ্রুতিকে সঙ্গে নিয়েই আমরা এগবো ৷"