ETV Bharat / politics

ভোটের ফল প্রকাশ হতেই JCB নিয়ে রাস্তায় বিজেপি, একাধিক পার্টি অফিসে ভাঙচুর

কোচবিহার শহরে বিজেপি কর্মীদের জেসিবি নিয়ে রাস্তায় বেরিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়, যা ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

BJP rally with JCB
ভোটের ফল প্রকাশ হতেই JCB নিয়ে রাস্তায় বিজেপি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2026 at 6:05 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কোচবিহার, 4 মে: বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একাধিক জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে। দিনহাটায় গণনা কেন্দ্রের বাইরে থেকে গাড়ি করে যাওয়ার সময় কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার গাড়িতে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, বিজেপি কর্মীরা তাঁর গাড়ির দিকে জুতো ছুড়ে মারে। ঘটনাটি দিনহাটা শহরের মদনমোহন পাড়া এলাকায় ঘটেছে।

অন্যদিকে, তুফানগঞ্জের বলরামপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বাজারে তৃণমূল ও যুব তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। কোচবিহার সদরেও সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। গুড়িয়াহাটি-1 গ্রাম পঞ্চায়েতের পিলখানা এলাকায় বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের হামলার অভিযোগে অন্তত 6 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

multiple party offices were vandalized
একাধিক পার্টি অফিসে ভাঙচুর (ইটিভি ভারত)

এই ঘটনায় আহত বিজেপি কর্মী বিপ্লব গুহ জানিয়েছেন, আচমকাই তাদের ওপর হামলা চালানো হয়। ফলাফল ঘোষণার পর কোচবিহার শহরের 16 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

এদিকে, ফলাফল প্রকাশের পর কোচবিহার শহরে বিজেপি কর্মীদের জেসিবি নিয়ে রাস্তায় বেরিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়, যা ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, "কর্মীদের সংযত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।"

কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক জানান, জেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক চাপানউতোর অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। প্রসঙ্গত, কোচবিহার জেলার 9টি বিধানসভার মধ্যে 9টি আসনেই বিজেপির প্রার্থীরা জয়ের পথে।

  1. রাজ চক্রবর্তীকে ছোড়া হল কাদা, 'চোর চোর' স্লোগানে মেজাজ হারালেন মলয়
  2. স্বরূপনগরে প্রার্থীকে মারধর ! আলিপুরদুয়ারে 'চোর চোর' স্লোগানে উত্তেজনা