ETV Bharat / politics

স্ট্রংরুমে বহিরাগত ! EVM সুরক্ষায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ তৃণমূলের

ভোট গণনার আগেই ইভিএম-এর নিরাপত্তা নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের ৷ স্ট্রংরুমে বহিরাগতদের প্রবেশের অভিযোগ তুলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিক্ষোভ-ধর্নায় শশী পাঁজা, কুণাল ঘোষ-সহ দলীয় কর্মীরা৷

TMC Protests at Khudiram Anushilan Kendra
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিক্ষোভ-ধর্নায় শশী পাঁজা, কুণাল ঘোষ-সহ দলীয় কর্মীরা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 30, 2026 at 9:16 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 এপ্রিল: ভোট গণনার আগেই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। উত্তর কলকাতার সাতটি বিধানসভা কেন্দ্রের ইভিএম রাখা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, আর সেখানেই বহিরাগতদের প্রবেশের অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে বসলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুর কেন্দ্রের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

তৃণমূল প্রার্থীদের মূল অভিযোগ, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রাখা এই স্ট্রংরুমে রাজনৈতিক দলের কোনও প্রতিনিধি বা সাক্ষীর অনুপস্থিতিতেই বাইরের লোক প্রবেশ করেছে। কুণাল ঘোষ এবং শশী পাঁজার দাবি, স্ট্রংরুমের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার লাইভ স্ট্রিমিংয়ে স্পষ্ট দেখা গিয়েছে যে, ভেতরের রুমে কয়েকজন মহিলা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান-সহ বেশ কয়েকজন ব্যক্তি ঘোরাফেরা করছেন এবং হাতে ব্যালট নিয়ে কাজ করছেন। রাজনৈতিক দলের কোনও এজেন্ট ছাড়া কীভাবে সেখানে ব্যালট বাক্স খোলা হলো বা লোক ঢুকল, তা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন তাঁরা।

এই ঘটনার প্রতিবাদে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের কড়া নিরাপত্তার মধ্যেই মেঝেতে বসে বিক্ষোভে শামিল হন কুণাল ঘোষ এবং শশী পাঁজা। তাঁদের সঙ্গে যোগ দেন কুণাল ঘোষের নির্বাচনী এজেন্ট অয়ন চক্রবর্তী এবং জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট-সহ অন্যান্যরা। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচন কমিশনের তরফে স্ট্রংরুম খোলার বিষয়ে কোনও আগাম নোটিশ বা ইমেল তাঁদের যথাসময়ে দেওয়া হয়নি। তৃণমূল এজেন্টদের দাবি, যখন স্ট্রংরুম খোলা হচ্ছে তার ঠিক আগে ইমেল করা হয়েছিল, যার ফলে কোনও দলের প্রতিনিধিদের পক্ষেই নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছানো সম্ভব ছিল না।

অন্যদিকে, তৃণমূলের এই সমস্ত অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে মনোজ কুমার আগরওয়াল সুস্পষ্টভাবে জানিয়েছেন যে, সিল করা স্ট্রংরুমে কোনও ধরনের নিয়ম লঙ্ঘন করা হয়নি। তাঁর দাবি, কোনও অননুমোদিত ব্যক্তির সেখানে প্রবেশের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং সিল করা রুমে কারও প্রবেশ করা সম্ভব নয়।

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের বাইরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেখানে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কড়া পাহারায় মোতায়েন রয়েছেন। তা সত্ত্বেও লাইভ সিসিটিভি ফুটেজ দেখে তৃণমূলের এই অভিযোগকে কেন্দ্র করে ভোট গণনার আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র চত্বরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

  1. 226 পেরবোই, সরকার গড়ছে মা-মাটি-মানুষ; ভিডিয়ো বার্তা মমতার
  2. গণনা কেন্দ্রে নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, থাকছে QR Code দেওয়া পরিচয়পত্র