ETV Bharat / politics

খাতা-কলম যাঁদের হাতে, তাঁরাই তো বাংলাদেশি ! অনন্ত মহারাজের মন্তব্যই নয়া হাতিয়ার তৃণমূলের

অনন্ত মহারাজ আশঙ্কা প্রকাশ করেছেন, ভোটার তালিকায় নাম বাদ পড়লে সাধারণ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হতে পারে ।

ETV BHARAT
অনন্ত মহারাজের মন্তব্যই নয়া হাতিয়ার তৃণমূলের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 28, 2025 at 5:21 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 28 ডিসেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন মোড় । যে প্রক্রিয়াকে স্বচ্ছতার দোহাই দিয়ে শুরু করা হয়েছিল, এবার সেই প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলে দিলেন খোদ বিজেপিরই রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ । তাঁর বিস্ফোরক মন্তব্য এখন বিজেপির কাছে 'বুমেরাং' হয়ে ফিরে এসেছে ! তাকেই হাতিয়ার করে জাতীয় নির্বাচন কমিশন এবং গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণে নেমেছে তৃণমূল কংগ্রেস ।

অনন্ত মহারাজ প্রকাশ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন, ভোটার তালিকায় নাম বাদ পড়লে সাধারণ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হতে পারে । এমনকি তিনি এও বলেছেন, "যাঁদের হাতে খাতা-কলম, তাঁরাই তো বাংলাদেশি । তাহলে আমরা কাগজ কাকে দেখাব !" নিজ দলের সাংসদের মুখে এই আশঙ্কার কথা শুনেই তৃণমূল দাবি করছে, তাদের দীর্ঘদিনের অভিযোগ আজ সত্য প্রমাণিত হল ।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ অনন্ত মহারাজের এই বক্তব্যকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন । কুণাল ঘোষের বার্তা, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই আশঙ্কা প্রকাশ করছিল যে, এসআইআর-এর নামে আসলে এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পের প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে ।

তিনি বলেন, "বিজেপির এই খেলাটা হল জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ানো । যাতে একদিকে ডিটেনশন ক্যাম্পের হাতছানি থাকে, আর অন্যদিকে মানুষ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন ৷" বিজেপির 'এক কোটি রোহিঙ্গা' তত্ত্বকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কুৎসা বলে উড়িয়ে দিয়ে কুণাল চ্যালেঞ্জ ছোড়েন, অনন্ত মহারাজ যদি সত্যিই মানুষের শুভানুধ্যায়ী হন, তবে তাঁর উচিত শুধু আশঙ্কা প্রকাশ না করে বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া । রাজনৈতিক তরজার পাশাপাশি কমিশনের বিরুদ্ধে মানবিকতার অভাব ও হয়রানির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূলের দুই হেভিওয়েট নেতা-নেত্রী ।

ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক প্রবীণ নাগরিকদের হেনস্তার তীব্র নিন্দা করেছেন । তাঁর যুক্তি, ভোটের সময় নির্বাচন কমিশন বয়স্কদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করলেও, এখন শুনানির জন্য সেই অসুস্থ ও অশীতিপর মানুষদের জোর করে হিয়ারিং সেন্টারে টেনে আনছে । একে তিনি 'নির্মম মানসিক ও শারীরিক অত্যাচার' বলে অভিহিত করেন । তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এর আগে এই হয়রানি বন্ধের দাবিতে কমিশনে ডেপুটেশন দেওয়া হলেও কোনও সুরাহা হয়নি । অবিলম্বে প্রবীণদের বাড়িতে গিয়ে হিয়ারিং করার দাবি তুলে তিনি কমিশনকে ধিক্কার জানান ।

অন্যদিকে, রাজ্যের নারী ও শিশু সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন । 1 কোটি 36 লক্ষ নামের তথ্যে 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' বা অসংগতি পাওয়া গিয়েছে বলে কমিশন যে দাবি করছে, তার ভিত্তি কী - তা জানতে চেয়েছেন তিনি । শশীর প্রশ্ন, "কোন যন্ত্রে বা কোন টেকনোলজিতে এটা আপনারা বুঝতে পারলেন ? এই ডেটা নিয়ে স্বচ্ছতা আনতে হবে ৷" অসুস্থ, দুর্বল ও প্রতিবন্ধী মানুষদের দূর-দূরান্তের হিয়ারিং সেন্টারে ডেকে পাঠানোকে অমানবিক আখ্যা দিয়ে তিনি বলেন, কমিশনকে জবাব দিতে হবে কেন এত বিপুল সংখ্যক মানুষকে এভাবে সন্দেহের তালিকায় ফেলে হেনস্তা করা হচ্ছে ।

তৃণমূলের লাগাতার আক্রমণের পাশাপাশি এসআইআর নিয়ে অনন্ত মহারাজের 'ডিটেনশন ক্যাম্প' আতঙ্ক অস্বস্তি বাড়িয়েছে বিজেপির ৷ রাজনৈতিক মহলের মতে, খোদ বিজেপি সাংসদের এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল এসআইআর নিয়ে তাদের আন্দোলন আরও জোরদার করবে ।

আরও পড়ুন: