দু’টি সরকারি যাত্রী প্রতীক্ষালয় দখল করে তৃণমূলের পার্টি অফিস ! লাভপুরের বিডিও-কে অভিযোগ
লাভপুরে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে দখলদারিতে মদতের অভিযোগ ৷ পাল্টা বিজেপিকে সংগঠনহীন দল বলে কটাক্ষ ৷

Published : January 4, 2026 at 9:47 PM IST
লাভপুর (বীরভূম), 4 জানুয়ারি: দু’টি সরকারি যাত্রী প্রতীক্ষালয় দখল করে দলীয় কার্যালয় তৈরি করেছে তৃণমূল কংগ্রেস ৷ লাভপুরের বিডিও-র কাছে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি ৷ বীরভূমের লাভপুরে তাঁতবান্দি ও বিপ্রটিকুরি বাসস্টপে দু’টি যাত্রী প্রতীক্ষালয় তৈরি হয়েছিল সরকারি খরচে ৷ অভিযোগ, সেই দু’টি বদলে গিয়েছে তৃণমূলের কার্যালয়ে ৷ দলীয় প্রতীক, পতাকা ও মমতা বন্দ্যোপাধ্যায়ে ছবিতে সেজে উঠেছে সেই সরকারি যাত্রী প্রতীক্ষালয় ৷
বিজেপির অভিযোগ, লাভপুর ব্লক তৃণমূল সভাপতির মদতে বিপ্রটিকুরির অঞ্চল সভাপতি গত পয়লা জানুয়ারি সরকারি যাত্রী প্রতীক্ষালয়টি দখল করে দলীয় কার্যালয় বানিয়েছে ৷ আর ওই দিন ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী নিজে সেই তৃণমূল কার্যালয়ের উদ্বোধন করেছেন ৷ আর তারও ছয় মাস আগে তাঁতবান্দির যাত্রী প্রতীক্ষালয়টি দখল করে তৃণমূলের দলীয় কার্যালয় বানানো হয় ৷ তার উদ্বোধনেও তরুণ চক্রবর্তী উপস্থিত ছিলেন ৷
যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুত্ব দিতে চাননি তরুণ চক্রবর্তী ৷ লাভপুর ব্লক তৃণমূলের সভাপতি তরুণ চক্রবর্তী বলেন, "বিজেপি কী বলল, তাতে কিছু যায় আসে না ৷ ওদের পায়ের তলায় মাটি নেই, সংগঠন নেই ৷ ওরা বিডিও-র কাছে অভিযোগ করেছে শুনেছি ৷ প্রশাসন যা সিদ্ধান্ত নেবে বা বলবে, দল যা সিদ্ধান্ত নেবে সেই কথা মেনে চলব ৷"
উল্লেখ্য এর আগে সরকারি পূর্ত বিভাগ, সেচ বিভাগ, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ, তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ-সহ একাধিক সরকারি জমি দখল করে দলীয় কার্যালয় বা অন্যান্য নির্মাণ কাজের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ এমনকি বীরভূমে আদিবাসীদের জমি ও রেলের জমি দখল করেও দলীয় কার্যালয় তৈরির অভিযোগ ছিল শাসকদলের বিরুদ্ধে ৷ এবার রাস্তার উপর সরকারি টাকায় নির্মিত দু’টি যাত্রী প্রতীক্ষালয়কে সবুজ ও সাদা মোড়কে সাজিয়ে দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছে তৃণমূল এমনই অভিযোগ উঠেছে ৷
এই নিয়ে লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা তথা গত বিধানসভায় লাভপুরে বিজেপির প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল ৷ তিনি অভিযোগ করেছেন, "1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল ৷ ওই দিনেই লাভপুরে বিপ্রটিকুরি বাসস্টপে যাত্রী প্রতীক্ষালয়টি দলীয় কার্যালয় করে ফেলা হয়েছে ৷ সাদা ও সবুজ রঙ করে দলীয় প্রতীক জোড়াফুল এঁকে দিয়েছে ৷ লিখে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস কার্যালয় ৷ পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ৷ অথচ, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে যাত্রীদের বাসের জন্য অপেক্ষার জায়গা ছিল ওটা ৷"
তিনি জানিয়েছেন, বিডিও-কে অভিযোগ করেছেন ইমেল মারফত ৷ এবার জেলাশাসককে এই নিয়ে লিখিত অভিযোগ জানাবেন ৷ এই নিয়ে বিডিও-র সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি উত্তর দেননি ৷

