সরকারি মঞ্চে মোদি-বিজেপিকে 'বিষধর সাপ' তকমা, লাঠি হাতে তাড়ানোর ডাক তৃণমূল সভাপতির
প্রশ্ন উঠেছে, সরকারি কর্মসূচির মঞ্চ থেকে এই ধরনের রাজনৈতিক আক্রমণ কতটা শোভন ?

Published : March 4, 2026 at 4:34 PM IST
মালদা, 3 মার্চ: আবারও বিতর্কের কেন্দ্রে তৃণমূলের মালদা জেলা সভাপতি আবদুর রহিম বকসি । এবার সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে 'বিষধর সাপ' বলে কটাক্ষ করলেন তিনি । শুধু তা-ই নয়, এমন 'সাপ' এলাকায় ঢুকলে লাঠি হাতে তাড়ানোরও নিদান দিলেন জনতাকে । রাজনৈতিক মঞ্চ নয়, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে দাঁড়িয়েই তাঁর এই মন্তব্য ঘিরে জেলায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে । প্রশ্ন উঠেছে, সরকারি কর্মসূচির মঞ্চ থেকে এই ধরনের রাজনৈতিক আক্রমণ কতটা শোভন ?
মঙ্গলবার দুপুরে চাঁচল-2 নম্বর ব্লকের মালতিপুর গ্রাম পঞ্চায়েতের আটঘরা এলাকায় পথশ্রী প্রকল্পে দু’টি রাস্তার শিলান্যাসে হাজির ছিলেন মালতিপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি । আটঘরা গ্রামে এক কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা দীর্ঘদিন কাঁচা অবস্থায় ছিল । নির্বাচনের মুখে সেই রাস্তা পাকা করার উদ্যোগ নেয় প্রশাসন। পাশাপাশি আরও তিন কিলোমিটার দীর্ঘ একটি রাস্তারও শিলান্যাস হয় । প্রকল্প দু’টির জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর । নারকেল ফাটিয়ে, ফিতে কেটে কাজের সূচনা করেন আবদুর ।
এরপরই বক্তব্য রাখতে গিয়ে সুর চড়ান তিনি । তৃণমূলের মালদা জেলা সভাপতির দাবি, "বিজেপি হিন্দুদের পার্টি নয়, মানুষ মারা পার্টি । এরা একদল বিষাক্ত সাপ । মানুষ সাপকে লাঠি দিয়ে মারে কেন ? কারণ সে বিষাক্ত । তেমনই মোদি সরকার আর বিজেপি বিষাক্ত সাপের মতো । ওরা যত ঘোরাফেরা করবে, তত মানুষকে দংশন করবে । তাই যেমন সাপকে তাড়াতে হয়, তেমনই এই বিষাক্ত জীবগুলোকেও লাঠি নিয়ে তাড়া করতে হবে ।"
সরকারি মঞ্চে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য ঘিরে অস্বস্তি তৈরি হয়েছে তৃণমূলের একাংশেও । যদিও পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবদুর রহমান বকসি নিজের অবস্থানেই অনড় থাকেন । তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরেও রাজ্য সরকার পথশ্রী প্রকল্পে ধারাবাহিক ভাবে রাস্তার কাজ করছে । মালতিপুর বিধানসভা কেন্দ্রে গত দু’-তিন বছরে প্রায় আড়াইশো কোটি টাকার রাস্তা হয়েছে বলে দাবি করেন তিনি । একই সঙ্গে 'এসআইআর'-এর নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূলের জেলা সভাপতি । তাঁর কথায়, "অনেকের নাম বিচারাধীন অবস্থায় কেটে দেওয়া হচ্ছে । ঘরে ঘরে কান্নার রোল পড়েছে । অনেকে আতঙ্কে আত্মহত্যা করছেন । বিজেপি মানুষকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে ।"

পালটা জবাব দিতে দেরি করেনি বিজেপি । উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন, "সবচেয়ে বড় বিষধর সাপ তৃণমূলই । সংখ্যালঘু সম্প্রদায়কে ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে তারা । শিক্ষিত যুবক-যুবতীদের চাকরি দিতে পারেনি । উলটে 26 হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি কেড়ে নিয়েছে । কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না । যুব সমাজকে সামান্য ভাতা দিয়ে ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে ।" তাঁর হুঁশিয়ারি, 2026-এর নির্বাচনে ‘তৃণমূল নামে এই বিষধর সাপকে’ রাজ্যবাসীই ছুঁড়ে ফেলবে ।
আরও পড়ুন:

