দুর্নীতি মামলায় কেজরিওয়াল-সিসোদিয়ার অব্যাহতি: বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল
দিল্লির আবগারি দুর্নীতি মামলা থেকে অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত৷ তার পর এই নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল৷

Published : February 27, 2026 at 4:56 PM IST
কলকাতা, 27 ফেব্রুয়ারি: দিল্লির আবগারি দুর্নীতি মামলা থেকে আম আদমি পার্টির (আপ) শীর্ষনেতা অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত। এই রায়ের পরেই ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিরোধী দলের নেতাদের লক্ষ্যবস্তু করতেই সিবিআই এবং ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি।
দিল্লির আদালত সিবিআই-এর চার্জশিট গ্রাহ্য করতে অস্বীকার করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে এই রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলা থেকে অব্যাহতি দিয়েছে৷ এই ঘটনায় আপ নেতৃত্ব বড়সড় স্বস্তি পেয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল সাংসদ সাকেত গোখলে অভিযোগ করেন, মামলাটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিরোধী নেতাদের বদনাম করার একটি চক্রান্ত।

সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘বিরোধী নেতাদের মনোবল ভাঙতে এবং তাঁদের সম্মানহানি করতে বিজেপির দ্বারা এই ভুয়ো ও সাজানো মামলা দায়ের করা হয়েছিল। রাজনৈতিক হাতিয়ার হিসেবে সিবিআই এবং ইডি-কে ব্যবহার করার বিজেপির এই নির্লজ্জ কৌশল আরও একবার প্রকাশ্যে এল।" তিনি আরও দাবি করেন, এই ভুয়ো মামলাগুলোর মতোই মোদি-শাহ সরকারও খুব শীঘ্রই ভেঙে পড়বে। অন্যায়ের বিরুদ্ধে এই জয়ের জন্য কেজরিওয়াল ও সিসোদিয়াকে অভিনন্দন জানান তিনি৷
তৃণমূলের আরেক সাংসদ মহুয়া মৈত্রও অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন এবং তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "সত্যমেব জয়তে! সময় থাকতে বিজেপি শিক্ষা নিক। আপনাদের সমস্ত নোংরা কৌশল, আপনাদের ইডি, সিবিআই - সত্যের সামনে এই সমস্ত পুতুলদের পতন নিশ্চিত। অভিনন্দন অরবিন্দ কেজরিওয়াল।"

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বিরোধী-শাসিত রাজ্য এবং বিরোধী নেতাদের হেনস্তা করতে বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকার সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মতো সংস্থাগুলিকে ব্যবহার করছে। এদিন আদালতের রায়ের পর তাদের সেই দাবি আরও জোরালো হল৷
বিশেষ করে সামনেই বিধানসভা ভোট রয়েছে পশ্চিমবঙ্গে৷ সেই ভোটে এই রায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল হাতিয়ার করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আগামিদিনে ভোটের প্রচারে এই রায়কে উল্লেখ করে বিজেপিকে নিশানা করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শাসক দলের একাধিক নেতা৷

