ভেঙে দেওয়া হল সব কমিটি ! দলে ভাঙনের আবহে এবার বড় সিদ্ধান্ত তৃণমূলের
বৈঠকের মাধ্যমে আত্মবিশ্লেষণ, নিজেদের কাজের পর্যালোচনা এবং সাংগঠনিক মূল্যায়নেরর মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ ৷ সোশাল মিডিয়ায় জানালো তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷

Published : June 3, 2026 at 2:35 PM IST
কলকাতা, 3 জুন: বিধানসভায় তৃণমূল কংগ্রেসে বিরাট ভাঙন-সম্ভাবনা স্পষ্ট হওয়ার পর, এবার শীর্ষ নেতৃত্বের বড় সিদ্ধান্ত ৷ বুধবার তৃণমূলের তরফে তাদের সংগঠনের সমস্ত কমিটিকে ভেঙে দেওয়ার কথা ঘোষণা করা হল ৷ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সোশাল মিডিয়ায় পোস্ট করে এই ঘোষণা করেছে ৷ যেখানে বলা হয়েছে, এই মুহূর্ত থেকে তৃণমূলের সমস্ত সংগঠনকে ভেঙে দেওয়া হল ৷
উল্লেখ্য, এ দিন বিধানসভায় শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 59 জন বিধায়ক পৃথকভাবে বিরোধীদল হিসাবে নিজেদের তুলে ধরেছেন ৷ আর তার পরপরই সোশাল মিডিয়ায় তৃণমূলের তরফে এই পোস্ট করা হয়েছে ৷
ওই পোস্টে বলা হয়েছে, "সুচিন্তিত বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি এবং এর সকল শাখা সংগঠন এই মুহূর্ত থেকে বিলুপ্ত বলে ঘোষণা করা হল ৷"
সেখানে আরও উল্লেখ করা হয়েছে, "দল প্রতিটি স্তরে আত্মবিশ্লেষণ, নিজেদের কাজের পর্যালোচনা এবং সাংগঠনিক মূল্যায়নের একটি ব্যাপক প্রক্রিয়া হাতে নেবে ৷ এই প্রক্রিয়ার ফলাফলগুলির উপর ভিত্তি করে, মূল সংগঠন এবং তার সকল সহযোগী সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হবে এবং যথাসময়ে তা ঘোষণা করা হবে ৷"
After careful consideration, it has been decided that all committees of the All India Trinamool Congress in West Bengal, as well as all its frontal organisations, shall stand dissolved with immediate effect.
— All India Trinamool Congress (@AITCofficial) June 3, 2026
The party will undertake a comprehensive exercise of introspection,…
দলের সমস্ত কমিটি ও সংগঠনকে ভেঙে দেওয়ার কারণ হিসাবে তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়ায় বলা হয়েছে, "দলটি তার সংগঠনকে শক্তিশালী করতে এবং নতুন উদ্যম ও লক্ষ্য নিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হতে প্রতিশ্রুতিবদ্ধ ৷"
উল্লেখ্য, গত সপ্তাহেই তৃণমূলের তরফে বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে সাসপেন্ড করা হয়েছিল দলবিরোধী কাজের অভিযোগে ৷ আর আজ বিধানসভায় মোট 59 জন তৃণমূল বিধায়কের লিখিত সমর্থন জমা দেওয়া হয় ৷ যেখানে সরাসরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে প্রস্তাব করা হয় ৷ সেই সঙ্গে মুখ্য সচেতক হিসাবে আখরুজ্জামানকে বেছে নেওয়া হয়েছে ৷ বিরোধী দলের 59 জন বিধায়ক এই দুই নামে সমর্থন জানিয়েছেন ৷
পাশাপাশি, জাভেদ খান, সন্দীপন সাহা এবং শিউলি সাহাকে ডেপুটি লিডার হিসেবে বেছে নেওয়া হয়েছে ৷ তৃণমূলের এই বিধায়করা যে চিঠি দিয়েছেন, তা যদি অধ্যক্ষ গ্রহণ করেন এবং সেই চিঠিকে স্বীকৃতি দেন, সেক্ষেত্রে ঋতব্রতই হবেন বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের নেতা এবং বিধানসভার বিরোধী দলনেতা ৷ তাঁরাই আসল তৃণমূল হিসেবে বিবেচিত হবেন ৷ কিন্তু কালীঘাট সূত্রে জানা গিয়েছে, শীর্ষ নেতৃত্ব এই প্রস্তাব মানতে রাজি নয় ৷ আর তারই মধ্যে দলের সব সংগঠন ও কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷

