অভিষেকের উপর হামলার প্রতিবাদ, আসানসোল কোর্ট মোড়ে অবরোধ-বিক্ষোভ তৃণমূলের
বিজেপির বিরুদ্ধে 'ভরসা আউট, ভয় ইন'-এর পরিবেশ তৈরির অভিযোগ ৷ বিরোধী কণ্ঠকে দমিয়ে রাখার চেষ্টার অভিযোগ তৃণমূলের ৷

Published : June 1, 2026 at 3:10 PM IST
আসানসোল, 1 জুন: সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে দলের নেতা ও কর্মীরা ৷ রবিবার সেই কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কোর্ট মোড়ে গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করল জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷
এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চট্টোপাধ্যায়-সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা ৷
বিক্ষোভ মঞ্চ থেকে তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী অভিযোগ করেন, "বর্তমানে বাংলায় বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে রাখার চেষ্টা চলছে ৷ আজ সারা বাংলা জুড়ে 'ভরসা আউট, ভয় ইন'-এর পরিবেশ তৈরি হয়েছে ৷ বাংলার মানুষ ভয় পাচ্ছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সাংসদের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে, তা বাংলার মানুষ দেখেছে ৷ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷" তিনি আরও বলেন, "এই ধরনের ঘটনা বন্ধ না-হলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের মানুষ বৃহত্তর আন্দোলনে শামিল হয়ে রাস্তায় নামবে ৷"
মেয়র বিধান উপাধ্যায় ওই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, "পশ্চিমবঙ্গে গণতন্ত্রের উপর আঘাত নেমে এসেছে ৷ একজন সর্বভারতীয় নেতার গায়ে হাত দেওয়া কোনও ছোট ঘটনা নয় ৷ যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে ৷" তিনি দাবি করেন, সাধারণ মানুষ এই ঘটনার জবাব গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেবে ৷
তৃণমূল নেতৃত্বের দাবি, সোনারপুরের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না-ঘটে, তার জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ করতে হবে ৷ অন্যথায় রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল ৷
উল্লেখ্য, শনিবার দক্ষিণ 24 পরগনার সোনারপুরে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুর পর, তাঁর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোনারপুরের প্রত্যন্ত এলাকায় গাড়ি না-ঢোকার কারণে, সেখানে বাইকে করে যান তিনি ৷ অভিযোগ, সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর প্রাণঘাতী হামলা হয় ৷ তাঁকে লক্ষ্য করে ডিম, ইট ছোড়া হয় ৷ এমনকি তাঁকে বাঁচাতে উপস্থিত নিরাপত্তারক্ষীরা হেলমেট পরিয়ে দিলে, সেটিও খুলে নেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ ৷ অভিষেককে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগও উঠেছে ৷ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে ৷

