ETV Bharat / politics

5টা গাড়ির ব্যবস্থা করে দেব, রতুয়ায় প্রার্থী হিসাবে 'ভাগনি' মৌসমকে স্বাগত সমরের

সমর মুখোপাধ্যায়ের সুস্বাস্থ্য কামনা করলেন মৌসম নুর ৷ রতুয়ার বিধায়কের মন্তব্যে নিজেদের জড়াতে নারাল জেলা তৃণমূল নেতৃত্ব ৷

ASSEMBLY ELECTIONS 2026
রতুয়ায় প্রার্থী হিসাবে 'ভাগ্নি' মৌসম নুরকে স্বাগত বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 28, 2026 at 8:47 PM IST

4 Min Read
Choose ETV Bharat

মালদা, 28 ফেব্রুয়ারি: এসআইআর-এ নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ৷ সেই তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা একবার চোখে দেখার ব্যাকুলতা ভোটারদের মধ্যে ৷ তবে এর মধ্যেও রাজনীতির আঙিনা সরগরম প্রবীণ তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের মন্তব্য ঘিরে ৷ সম্প্রতি তৃণমূল থেকে কংগ্রেসে ফিরে আসা মৌসম নুরকে তিনি ভাগনি বলে সম্বোধন করে জানিয়েছেন, মৌসম রতুয়ায় প্রার্থী হিসাবে এলে তিনি তাঁর জন্য পাঁচটি গাড়ির বন্দোবস্ত করে দেবেন ৷

কংগ্রেসে ফিরে আসার পর ছাব্বিশের নির্বাচনে মৌসম নুর যে হাত চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, তা নিশ্চিত ৷ কিন্তু তিনি কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনও ঠিক হয়নি ৷ বিষয়টি নিয়ে চিন্তায় জেলা কংগ্রেস শিবিরও ৷ শোনা যাচ্ছে, সুজাপুর বা রতুয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি ৷ একুশের নির্বাচনে সুজাপুর কেন্দ্রে তৃণমূল বিপুল মার্জিনে জয় পেলেও, সেখানকার মানুষ বর্তমান বিধায়ক আবদুল গনির উপর ক্ষুব্ধ ৷

5টা গাড়ির ব্যবস্থা করে দেব, রতুয়ায় প্রার্থী হিসাবে 'ভাগনি' মৌসমকে স্বাগত সমরের (ইটিভি ভারত)

এবার গনিকে সেখানে প্রার্থী করা হলে ঘাসফুল শিবিরের কাছে সেটা ব্যুমেরাং হতে পারে ৷ সেটা জানে তৃণমূল নেতৃত্বও ৷ অন্যদিকে, রতুয়ার বর্তমান বিধায়ক সমর মুখোপাধ্যায় এবার টিকিট পাবেন কি না, তা নিয়ে দলেই প্রশ্ন রয়েছে ৷ আগামী শনিবার তিনি 83 বছরে পা রাখবেন ৷ সেক্ষেত্রে বয়সই তাঁর টিকিট পাওয়ার ক্ষেত্রে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছে জেলা তৃণমূলের একাংশ ৷

এছাড়া রতুয়া কেন্দ্রে বেশ কিছু কারণে সমরের জনপ্রিয়তাও কমেছে ৷ একাধিক ইস্যুতে তাঁকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে ৷ সেসব বিতর্ক তৃণমূলের অন্দরেও যথেষ্ট আলোচিত ৷ তাঁকে এবার প্রার্থী করা হলে দলেই অশান্তি শুরু হবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে ৷ তাই এই আসনটি এবার মৌসমের জন্য উপযুক্ত বলে মনে করছে জেলা কংগ্রেসের একাংশ ৷

সমর মুখোপাধ্যায় বলেছেন, "কংগ্রেস, সিপিএম, মিম এরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের হাওয়ায় উড়ে যাবে ৷ মিম আসলে সংখ্যালঘু ভোট কাটার চেষ্টা করছে ৷ কিন্তু, সংখ্যালঘুরাই তৃণমূলের ভোট ব্যাংক নয় ৷ মৌসম যদি রতুয়া কেন্দ্রে প্রার্থী হন, তবে তাঁকে স্বাগত ৷ দরকার হলে ওঁকে আমি পাঁচটি গাড়িও দিয়ে দেব ৷ ও আমার ভাগনি ৷ এসে দেখে নাও, এই রতুয়ায় কংগ্রেস, সিপিএম, মিমের কত শক্তি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কত শক্তি ৷ যেকোনও রাজনৈতিক দলকে রতুয়ায় স্বাগত জানাচ্ছি ৷ ময়দানে খেলা হবে ৷"

Assembly Elections 2026
রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় ৷ (নিজস্ব ছবি)

সমরের বক্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি মৌসম ৷ শুধু বলেন, "সমরবাবুকে ছোট থেকে কোতোয়ালি ভবনে দেখে এসেছি ৷ তাঁকে মামা বলি ৷ তাঁর সঙ্গে আমার সম্পর্কও যথেষ্ট ভালো ৷ তাঁর বয়স হয়েছে ৷ তিনি ভালো থাকুন, এটাই চাই ৷ তাঁর বক্তব্য নিয়ে আমি কিছু বলব না ৷ তবে, আমার নিজেরই গাড়ি রয়েছে ৷ দল যদি আমাকে প্রার্থী করে, আমি নিজেই নিজের গাড়ির ব্যবস্থা করে নিতে পারব ৷"

এই নিয়ে তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসির প্রতিক্রিয়া, "সমরবাবু ঠিক কী বলেছেন, তা আমার জানা নেই ৷ কেন তিনি এমন মন্তব্য করলেন, সেটা তিনিই ভালো বলতে পারবেন ৷ তবে, বাংলার সব আসনেই আসল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে সামনে রেখেই দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ আর যাঁরা দলবদল করে তৃণমূলের বদনাম করে বেড়াচ্ছেন, তাঁদের সব আসনেই স্বাগত জানাচ্ছি ৷ এমন মানুষ যেখানে ভোটে দাঁড়াবেন, মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল তাঁকে যোগ্য জবাব দেবে ৷"

কংগ্রেস-তৃণমূলের এই তরজায় নাক গলিয়েছে বিজেপিও ৷ দলের দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলছেন, "আমরা প্রথম থেকেই বলে আসছি, পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকাতে তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম সবাই এক ৷ তারই প্রতিফলন ঘটেছে রতুয়া বিধানসভা কেন্দ্রে ৷ সেখানকার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় সদ্য তৃণমূল থেকে কংগ্রেসে যাওয়া মৌসম নুরকে ওই আসনে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন ৷ বলেছেন, নানারকমভাবে তিনি সহায়তা করবেন ৷ অর্থাৎ, তৃণমূল কংগ্রেসকে ডাকবে, কংগ্রেস তৃণমূলকে ডাকবে, তৃণমূল আর কংগ্রেস মিলে সিপিআইএমকে ডাকবে ৷ সবার একটাই লক্ষ্য, ছাব্বিশে বিজেপি যেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় না-আসতে পারে ৷"