ভোটের কালি এখনও শুকোয়নি, তার মধ্যেই 'ফিনিশ' তৃণমূল ! বিস্ফোরক দিলীপ
চোরেদের সংগঠন রাতারাতি তৈরি হয়, রাতারাতি উবেও যায় ! তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের ৷

Published : June 4, 2026 at 2:32 PM IST
কলকাতা, 4 জুন: ভোটের ফল প্রকাশের পর এখনও রাজনৈতিক উত্তাপ কমেনি । বৃহস্পতিবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে তৃণমূল কংগ্রেসকে একের পর এক তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ । তাঁর দাবি, ভোটে পরাজয়ের ধাক্কায় কার্যত ভেঙে পড়েছে তৃণমূলের সংগঠন, আর দলের অস্তিত্ব এখন 'পিসি-ভাইপো' কেন্দ্রিক হয়ে গিয়েছে ।
দিলীপ ঘোষ বলেন, "ভোটের কালি এখনও শুকোয়নি, তার মধ্যেই পার্টিটা ফিনিশ হয়ে গেল । পিসি-ভাইপো ছাড়া বাকি সবাই গায়েব । পঞ্চায়েত নেই, পুরসভা নেই, বিধায়ক-সাংসদদের দেখা নেই । মাত্র 91 লক্ষ ভোট কমে যেতেই দলটা যেন ভূত হয়ে গেল !" তাঁর দাবি, "চোরেদের নিয়ে সংগঠন করলে যেমন রাতারাতি তৈরি হয়, তেমন রাতারাতি উবেও যায় ।"
ফিরহাদ হাকিম ও হুমায়ুন কবীরের প্রসঙ্গ টেনে দিলীপের কটাক্ষ, "হিন্দু ও মুসলিম-দুই সমাজকেই ধোঁকা দেওয়া হয়েছে । মুসলিমরাও বুঝে গিয়েছেন, 15 বছর শুধু ললিপপ দেওয়া হয়েছে, উন্নয়ন হয়নি ।" তৃণমূলে পদত্যাগের হিড়িক প্রসঙ্গে তাঁর মন্তব্য, "আমরা যদি বলে দিই পঞ্চায়েত বা পুরসভায় কেউ থাকবে না, তাহলে দলটাই খুঁজে পাওয়া যাবে না । আমাদের দরজা বন্ধ থাকতেই এই অবস্থা, খুলে দিলে কী হবে ভাবুন !"
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি-তদন্তের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল-অনেকেই শরীর খারাপের দোহাই দিয়ে নানা নাটক করেছিলেন । কিন্তু কেউ আইনের হাত থেকে রেহাই পাননি । কেউ যেন আইন নিজের হাতে না তোলেন, বিচার আইনের পথেই হবে ।"
রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের এদিন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রসঙ্গেও কটাক্ষ শোনা যায় তাঁর গলায় । দিলীপ বলেন, "অক্সিজেন কমে এসেছে বলেই কুণাল ঘোষকে রাস্তায় বসে পড়তে হয় । অনেকেরই অক্সিজেন কমেছে । এতদিন পার্টির লোকেদের কথা বলতে দেওয়া হয়নি, এবার পুলিশের কথা শুনতে হবে । আইনের সামনে আসতেই হবে ।"
বিরোধী দলনেতার প্রশ্নে বিধানসভার অভ্যন্তরে তৃণমূলের 80 জন বিধায়কের কোন্দলের জেরে প্রকৃত তৃণমূল কারা এই প্রশ্নে দিলীপের কটাক্ষ, "তৃণমূলের আবার আসল-নকল কী ! খারাপ তো খারাপই ।" প্রাক্তন বিজেপি নেতা তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি (যদিও বর্তমানে দলের সর্বস্তরের সংগঠন ভেঙে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়) জয়প্রকাশ মজুমদারের গ্রেফতারি নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ । তাঁর মন্তব্য, "আগেও জেলে যাওয়ার অভিজ্ঞতা ছিল, আবার গিয়েছেন । আমার মনে হয় উনি ঠিক জায়গাতেই গিয়েছেন !"
এদিন শওকত মোল্লার বাড়িতে এনআইএর তল্লাশি প্রসঙ্গেও সরব হন তিনি । দিলীপের দাবি, "জগৎ প্রকাশ নাড্ডার গাড়িতে হামলার ঘটনায় ও নেতৃত্ব দিয়েছিল । অনেক পাপের ভাগিদার । জেলে ঢুকলে ওর বেরোনোর সম্ভাবনা কম ।"

