ETV Bharat / politics

'ব'-এর পরিবর্তে পায়রা ! মালদায় 'বিশ্ব বাংলা' স্ট্যাচু বদলে দিলেন তৃণমূলের চেয়ারম্যান

তৃণমূল পুরবোর্ডের এহেন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে শোরগোল ফেলে দিয়েছেন পুরসভারই এক তৃণমূল কাউন্সিলর ৷ অভিযোগ, বিজেপিকে খুশি করতেই এই কাজ করা হয়েছে ৷

Malda
বদলে গেল স্ট্যাচুর লেখা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 7, 2026 at 4:25 PM IST

4 Min Read
Choose ETV Bharat

মালদা, 7 জুলাই: স্ট্যাচু এক, লোগো এক, শুধু মধ্যে একটা অক্ষরের বদল ! যেন নতুন বোতলে পুরনো মদ ! তৃণমূল আমলের 'বিশ্ব বাংলা' স্ট্যাচু বিজেপি আমলে বদলে হয়ে গেল 'শান্তি'র স্ট্যাচু ৷ সৌজন্যে তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পুরসভা ৷

তৃণমূল পুরবোর্ডের এহেন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে শোরগোল ফেলে দিয়েছেন পুরসভারই এক তৃণমূল কাউন্সিলর ৷ তাঁর অভিযোগ, রাজ্যে ক্ষমতার রং বদল হতেই পুরসভার চেয়ারম্যান নিজের সিদ্ধান্তে এই কাজ করেছেন ৷ স্বভাবতই, জনমানসে কৌতূহল তৈরি হয়েছে, চেয়ারম্যানের এই সিদ্ধান্ত কি বিজেপির কাছাকাছি আসার চেষ্টা ?

'ব'-এর পরিবর্তে পায়রা ! মালদায় 'বিশ্ব বাংলা' স্ট্যাচু বদলে দিলেন তৃণমূলের চেয়ারম্যান (নিজস্ব চিত্র)

তৃণমূল আমলে পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু সরিয়ে সেই জায়গায় বিশ্ব বাংলা লোগো-সহ স্ট্যাচুস্থাপন করে তৎকালীন পুরবোর্ড ৷ সেই সময় পুরসভার প্রশাসক ছিলেন বশিষ্ঠ ত্রিবেদী ৷ দলীয় সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চেয়ারম্যান হওয়ার কিছুদিনের মধ্যে বিভূতিবাবু বিশ্ব বাংলা স্ট্যাচুকে সরিয়ে নিয়ে যান রাজীব গান্ধি পুরবাজারের সামনে ৷ আর নেতাজির স্ট্যাচুকে ফের পুরোনো জায়গায় ফিরিয়ে আনা হয় ৷ এর কিছুদিনের মধ্যেই রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে ৷ খুলে ফেলা হয় বিশ্ব বাংলা স্ট্যাচু ৷ অবশেষে সেই স্ট্যাচুকে ফের স্থাপন করা হয়েছে ৷ শুধুমাত্র বিশ্ব বাংলা লোগোর ভিতরে থাকা 'ব' শব্দটি তুলে ফেলা হয়েছে ৷ পরিবর্তে সেখানে তৈরি করা হয়েছে উড়ন্ত পায়রার ছবি ৷ এভাবেই বিশ্ব বাংলা লোগো পালটে গিয়েছে শান্তির লোগোতে ৷

Malda
আগের লোগো (নিজস্ব চিত্র)

তৃণমূল পুরবোর্ডের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন তৃণমূল কাউন্সিলর তথা পুরসভার প্রাক্তন প্রশাসক বশিষ্ঠ ত্রিবেদী ৷ তাঁর বক্তব্য, "এই সিদ্ধান্তের পিছনে সরকারি কোনও নির্দেশিকা রয়েছে কিনা জানি না ৷ যে সরকার ক্ষমতায় এসেছে, তারা শুধু সবকিছু পালটে দিতেই উৎসাহী ৷ বেকার ও শিক্ষিতদের জন্য কাজের ব্যবস্থা করা নিয়ে এদের কোনও মাথাব্যথা নেই ৷"

এখানেই না থেমে নিজের দলের বর্তমান চেয়ারম্যানকে দায়ী করে বশিষ্ঠ ত্রিবেদী বলেন, "আমি বলব, আমাদের চেয়ারম্যানই বিশ্ব বাংলা লোগো পালটে দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ তিনি খুব সেয়ানা মানুষ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি যাওয়ার 10 দিনের মধ্যেই তিনি পুরসভায় থাকা মমতার ছবি পালটে গান্ধিজির ছবি লাগিয়ে দিয়েছেন ৷ বিজেপির লোকজন যদি বলে গান্ধিজিকে মানি না, তাহলে তিনি হয়তো গান্ধিজির ছবি খুলে সেখানে শ্যামাপ্রসাদের ছবি লাগিয়ে দেবেন ৷ আমরা ওই ধাতে তৈরি নই ৷ মানুষ ঠিকই সব বুঝতে পারছে ৷ তাঁরা বুঝেছে, এখানে প্রতিহিংসার রাজনীতি হবে ৷ আর তৃণমূলের কেউ যদি ভিতর ভিতর বিজেপিতে পা বাড়িয়ে থাকে, সেটা হতে পারে ৷ ওই লোগোটি আমিই চৌরঙ্গি মোড়ে বসিয়েছিলাম ৷ যাই হোক, সেখানে নেতাজিকে আনা হয়েছে ৷ যদি পুরসভার বোর্ড বিজেপির হয়ে যেত তবে এই সিদ্ধান্ত মেনে নিতাম ৷ কিন্তু তৃণমূল বোর্ডের চেয়ারম্যান থেকে বিজেপির ইশারায় চলা মেনে নেওয়া যায় না ৷"

এ ব্যাপারে চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষের ব্যাখ্যা, "পুরসভার প্রশাসন থাকাকালীন বৈশিষ্ঠ ত্রিবেদী মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে নেতাজি সুভাষের স্ট্যাচু সরিয়ে সেখানে বিশ্ব বাংলা লোগো স্থাপন করেছিলেন ৷ আমি পুরসভার চেয়ারম্যান থাকার সময় নেতাজির জন্মশতবর্ষে তাঁর ওই স্ট্যাচু স্থাপন করেছিলাম ৷ আমরা সেই বিশ্ব বাংলা লোগো সরিয়ে সেখানে নেতাজির মূর্তিকে পুনর্স্থাপন করেছি ৷ বিশ্ব বাংলা লোগো সরাতে গিয়ে স্ট্যাচুটি একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷ এদিকে রাজ্যে সরকার বদল হওয়ার পর বিভিন্ন জায়গায় বিশ্ব বাংলা লোগো ভাঙচুরের ঘটনা ঘটেছে ৷ তা দেখে আমাদের শহরের কিছু নাগরিক আবেদন জানিয়েছিলেন, বিশ্ব বাংলা লোগোর অপমান হওয়ার আগে যদি পুরসভা কোনও ব্যবস্থা নেয় তবে ভালো হয় ৷ তাই সবকিছু চিন্তাভাবনা করে ওই লোগোটির একটু পরিবর্তন করেছি ৷ লোগোটির মধ্যে আমরা পায়রার ছবি বসিয়ে শান্তির লোগো হিসাবে স্থাপন করেছি ৷"

পুর এলাকার এক নাগরিক বিশালদীপ দাস বলেন, “বিগত সরকার ছিল দুর্নীতির প্রতীক ৷ কাটমানি, সিন্ডিকেট রাজ, পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র-সহ আরও অনেক অভিযোগে বিদ্ধ ৷ তাই সাধারণ মানুষের দাবি ছিল, বিশ্ব বাংলা লোগো এখান থেকে সরাতে হবে ৷ আমরা বর্তমান পুরবোর্ডের কাছে সেই আবেদন জানিয়েছিলাম ৷ শেষ পর্যন্ত পুরসভার চেয়ারম্যান আমাদের আবেদনে সাড়া দিয়েছেন ৷ তবে আমরা এই স্ট্যাচুটির বদলে অন্য স্ট্যাচু চাই ৷ তিনি আশ্বাস দিয়েছেন, কিছুদিনের মধ্যে সেখানে নতুন স্ট্যাচু বসানো হবে ৷ আপাতত বিশ্ব বাংলা লোগো থেকে ব অক্ষর সরিয়ে দেওয়ার জন্য আমরা পুর প্রশাসনের কাছে কৃতজ্ঞ ৷"