ETV Bharat / politics

মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচনে উত্তেজনা ! 'জয় বাংলা' স্লোগান তৃণমূলের, পালটা সরব বিজেপিও

অভিযোগ, তৃণমূল কংগ্রেসের একাংশ ওই এলাকায় জড়ো হয়েছিল । খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী গৌরসুন্দর ঘোষ ।

Magrahat West
পুনর্নির্বাচনে উত্তেজনা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2026 at 2:40 PM IST

2 Min Read
Choose ETV Bharat

মগরাহাট (দক্ষিণ 24 পরগনা), 2 মে: পুনর্নির্বাচনের দিনেও উত্তেজনার আঁচ এড়ানো গেল না দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিমে । এয়ারপুর পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থী গৌরসুন্দর ঘোষকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের 'জয় বাংলা' স্লোগানকে কেন্দ্র করে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । বিষয়টি আঁচ করে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে সঙ্গে তৎপর হওয়ায় বড় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা ।

শনিবার ডায়মন্ড হারবার ও মগরাহাটের 15টি বুথে সকাল 7টা থেকে শুরু হয়েছে পুনর্নির্বাচন ৷ স্থানীয় সূত্রে খবর, পুনর্নির্বাচন ঘিরে সকাল থেকেই এয়ারপুরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো । অভিযোগ, তৃণমূল কংগ্রেসের একাংশ ওই এলাকায় জড়ো হয়েছিল । খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী গৌরসুন্দর ঘোষ ।

মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচনে উত্তেজনা ! 'জয় বাংলা' স্লোগান তৃণমূলের, পালটা সরব বিজেপিও (ইটিভি ভারত)

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজেপি প্রার্থী এলাকায় পৌঁছতেই উত্তেজনা চরমে ওঠে । অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকেরা তাঁকে লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করেন । পালটা বিজেপি কর্মীরাও প্রতিবাদে সরব হন । অল্প সময়ের মধ্যেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, তৈরি হয় সংঘর্ষের আশঙ্কা । ঘটনাস্থলে উপস্থিত সাধারণ ভোটারদের একাংশের দাবি, পুনর্নির্বাচনের দিনেও এই ধরনের স্লোগানবাজি ভোটের পরিবেশকে প্রভাবিত করতে পারে । অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেন, এতে নিরপেক্ষ ভোটগ্রহণ ব্যাহত হতে পারে । শান্তিপূর্ণ ভোটের দাবিও তোলেন তাঁরা ।

পরিস্থিতি বেগতিক হতে পারে বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী । জওয়ানদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । এলাকায় টহল বাড়ানো হয় এবং উভয় পক্ষকেই শান্ত থাকার নির্দেশ দেওয়া হয় । কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা থামে এবং ফের স্বাভাবিক ছন্দে ভোটগ্রহণ শুরু হয় । প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ পুনর্নির্বাচন নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে । কোনও রকম অশান্তি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দেওয়া হয়েছে । একইসঙ্গে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে ।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে । বিজেপির অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়াতে চাইছে । পালটা তৃণমূলের দাবি, বিজেপিই ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করছে । সব মিলিয়ে, পুনর্নির্বাচনের দিনেও মগরাহাট পশ্চিমে উত্তেজনার আবহ বজায় থাকায় চিন্তায় প্রশাসন ও সাধারণ মানুষ । যদিও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় বড় কোনও অশান্তি এড়ানো গিয়েছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ।

আরও পড়ুন: