বিনা বাধায় বারুইপুরে 'কালীঘাট-তৃণমূল', শুভেন্দুকে 104 বার কোর্টে যেতে হয়েছিল: তাপস
15 বছর ধরে 'নিউটনের তৃতীয় সূত্র' কেউ মনে করাননি তাঁকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ রাজ্যের শিল্পমন্ত্রীর ৷

Published : July 6, 2026 at 7:50 PM IST
কলকাতা, 6 জুলাই: বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ ৷ তবে, পরিবর্তনের সরকারে অন্য এক ছবি দেখা গেল বলে দাবি করলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় ৷ তিনি দাবি করলেন, বিনা পুলিশি বাধায় বারুইপুরের ঘটনায় নিহত নির্যাতিতা নাবালিকার বাড়িতে পৌঁছে যায় বিরোধীরা ৷ তা সে 'কালীঘাট-তৃণমূল' হোক বা সিপিআইএম ও তার শাখা সংগঠন ৷
আর এই প্রসঙ্গে বিগত 15 বছরে তৃণমূল জমানার সঙ্গে তুলনা টানলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় ৷ তাঁর মন্তব্য, আজকের মুখ্যমন্ত্রী এবং বিগত দিনের বিরোধী দলনেতাকে 104 বার আদালতে যেতে হয়েছিল, এমন ঘটনার ক্ষেত্রে ৷ যদিও, এ দিন প্রথমে সিপিআইএম প্রতিনিধি দল হোক বা পরে 'কালীঘাট-তৃণমূল'-এর প্রতিনিধি দল ৷ সকলকেই একাধিকবার পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ করা হয়েছে ৷ তবে, শেষ পর্যন্ত বারুইপুরের নিহত নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলের প্রতিনিধিরা ৷
এ দিন কলকাতা পুরনিগমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী তাপস রায় ৷ সেখানেই তিনি বারুইপুর প্রসঙ্গে বলেন, "বারুইপুরের যে ঘটনা ঘটেছে, তা খুবই জঘন্য ৷ যেটাই হয়েছে বা যা হয়েছে সবটাই তদন্ত করা হবে ৷ কোনও ত্রুটি বিচ্যুতি রেয়াত করা হবে না ৷ এখন আর রাজ্যে 'পার পাওয়া সরকার' নয় ৷ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ৷ এটা জঘন্য ঘটনা ৷ অনেক কিছু ঘটেছে, সেসব নিয়ে বলতে চাই না, বলা ঠিক নয় ৷ সিট গঠন হয়েছে ৷ সব সামনে আসবে ৷"
এরপরেই বিরোধীদের বারুইপুরে নিহত নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে প্রশ্ন করা হয় তাপস রায়কে ৷ সেই প্রসঙ্গে 15 বছরের তৃণমূল জমানার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তাঁর দলের প্রাক্তন নেতা তাপস ৷ তিনি বলেন, "যিনি আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বিরোধী দলনেতা থাকাকালীন তাঁকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে ৷ আর সেদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিউটনের তৃতীয় সূত্রের কথা বলছেন ! বিগত 15 বছরে তাঁকে সেটা কেউ বোঝায়নি !"

তিনি আরও বলেন, "বিরোধীরা বারুইপুরে বিনা বাধায় গেছে, সেটা পুলিশের ব্যাপার ৷ পুলিশ মনে করেছে যেতে দিলে সমস্যা নেই, তাই যেতে দিয়েছে ৷ বিষয়টা পুলিশের দক্ষতার উপর নির্ভর করে ৷ পুলিশ পরিস্থিতি সামাল দিতে সক্ষম বলেই যেতে দিয়েছে ৷"
উল্লেখ্য, এ দিন কলকাতা পুরনিগমের পুর-প্রশাসক স্মিতা পাণ্ডের উপস্থিতিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 তম জন্মবার্ষিকী পালন করা হয় ৷ সেই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায়, মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক রীতেশ তিওয়ারি ও বিজয় ওঝা উপস্থিত ছিলেন ৷ পুরনিগমের সচিব কিশোরকুমার বিশ্বাস-সহ অন্যান্য আধিকারিকরাও অংশ নেন ৷

