ETV Bharat / politics

ভবানীপুরে ‘চ্যালেঞ্জ’ আসলে নন্দীগ্রাম থেকে পালানোর চেষ্টা! কুণালের নিশানায় শুভেন্দু

নিজের দাবির সপক্ষে একাধিক যুক্তি খাড়া করেছেন শাসকদলের নেতা ৷ কুণালের কথায়, নন্দীগ্রামে এখন তৃণমূলের সংগঠন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ।

Kunal Ghosh
কুণাল ঘোষ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 27, 2026 at 9:28 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 27 ফেব্রুয়ারি: ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রস্তুতির কথা বলে রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই মন্তব্য ঘিরেই শুক্রবার তৃণমূলের তরফে পালটা আক্রমণ শানালেন দলের মুখপাত্র কুণাল ঘোষ । তাঁর দাবি, "ভবানীপুর নয়, আসলে নন্দীগ্রাম থেকেই সরতে চাইছেন শুভেন্দু ! নজর ঘোরাতেই এ সব চমক তৈরির চেষ্টা ।"

নিজের দাবির সপক্ষে একাধিক যুক্তি খাড়া করেছেন শাসকদলের নেতা ৷ কুণালের কথায়, নন্দীগ্রামে এখন তৃণমূলের সংগঠন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী । বিশেষ করে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে দল 'বিপুল লিড' পাবে বলে তাঁর দাবি। শুধু তাই নয়, নন্দীগ্রামের 2 নম্বর ব্লকেও পুরনো দুর্বলতা কাটিয়ে ওঠা গিয়েছে বলেই জানিয়েছেন তিনি।

কুণাল বলেন, "সবাইকে সঙ্গে নিয়ে নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে জেতানোর পরিস্থিতি তৈরি হয়েছে । বিষয়টি অজানা নয় নন্দীগ্রামের বর্তমান বিধায়কেরও ৷ সেই কারণেই অন্যত্র দাঁড়ানোর জল্পনা তুলে বিভ্রান্তি ছড়াতে চাইছেন শুভেন্দু ৷" কটাক্ষের সুরে কুণাল এও দাবি করেন, "ভবানীপুরে দাঁড়ালে কুৎসিতভাবে পরাজিত হবেন বিরোধী দলনেতা ।"

এদিন কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্যেরও জবাব দেন তৃণমূলের মুখপাত্র । সুকান্ত দাবি করেছিলেন, কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলায় নির্বাচন সম্ভব নয় । কুণালের পালটা, " কয়েক দশক ধরেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধানসভা ও লোকসভার ভোট হচ্ছে । উনি কি মঙ্গল গ্রহ থেকে এসেছেন ?" তাঁর অভিযোগ, বিজেপির বঙ্গবিরোধী ভাবমূর্তি মানুষ প্রত্যাখ্যান করেছে । টিপ্পনি কেটে বলেন, "আসলে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব, বিকল্প মুখ নেই । তাই কখনও সিবিআই-ইডির উপর নির্ভর করতে হয়, কখনও নানা অভিযোগ তুলতে হয় ৷" পাশাপাশি কটাক্ষ করেন, ভোটের আগে নরেন্দ্র মোদি ও অমিত শাহের 'ডেইলি প্যাসেঞ্জারি' নিয়েও।

আগামিকাল এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন । এই প্রসঙ্গে কুণালের সতর্কবার্তা, " একজনও বৈধ ভোটার যেন বাদ না যান । যদি বাদ পড়েন, তা হলে ইচ্ছাকৃত বলেই মনে করব ।"

মতুয়া রাজনীতি নিয়েও বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। কুণালের অভিযোগ, শান্তনু ঠাকুরকে সামনে রেখে বিজেপি অস্থিরতার রাজনীতি করছে। পাশাপাশি গত চার দিন ধরে আসা হুমকি ই-মেল নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল মুখপাত্র। তাঁর কথায়, "পরিকল্পিত ভাবে কেউ এই কাজকে বাধা দেওয়ার চেষ্টা করছে ।"