ETV Bharat / politics

বাংলায় SIR কত শতাংশ সফল হবে, জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

বৃহস্পতিবার দলীয় কাজে শিলিগুড়িতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সেখানেই তিনি এই নিয়ে মন্তব্য করেন৷

SUVENDU ADHIKARI
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 13, 2025 at 9:33 PM IST

2 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 13 নভেম্বর: রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)৷ এই প্রক্রিয়া আসলে তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলতে চলেছে বলে একাধিকবার বিজেপির বহু নেতার মুখে শোনা গিয়েছে৷ এই ধরনের দাবি শোনা গিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও৷ কিন্তু বৃহস্পতিবার তাঁর মুখে শোনা গেল একেবারে অন্য কথা৷

এদিন তিনি কার্যত জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গে এসআইআর-এর প্রক্রিয়া 100 শতাংশ সফল হবে না৷ কত শতাংশ সফল হবে, সেটাও জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা৷ পাশাপাশি জানিয়েছেন, ঠিক কী কারণে তিনি মনে করেন যে বাংলায় ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনের এই উদ্যোগ পুরোপুরি সফল হবে না৷

বাংলায় SIR কত শতাংশ সফল হবে, জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

বৃহস্পতিবার সকালে বিমানে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে শহরেরই একটি হোটেলে পৌঁছান। এদিন উত্তরবঙ্গের সমস্ত বিজেপি সাংসদ ও বিধায়কদের নিয়ে একটি দলীয় বৈঠকের আয়োজন হয়েছিল। ওই বৈঠকে যোগ দেন ত্রিপুরার সাংসদ বিপ্লব দেব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ উত্তরবঙ্গের আট জেলার বিজেপি বিধায়ক ও সাংসদরা। এদিনের বৈঠকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগের দলের সাংগঠনিক পরিস্থিতি এবং এসআইআর-এর গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

বৈঠকে পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী৷ সেখানে তিনি এসআইআর-এর প্রসঙ্গ তোলেন৷ বিরোধী দলনেতা বলেন, "বিহারে যেমন সংবিধান মেনে এসআইআর হয়েছে। এরাজ্যে তা হবে না। কারণ, এই সরকার তার বিরোধিতা করেছে। তবে 70 থেকে 80 শতাংশ হবে।"

এর পাশাপাশি তিনি অনুপ্রবেশ নিয়েও সরব হন৷ শুভেন্দু অধিকারী বলেন, "যাতে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা এরাজ্যে আসতে পারে, তাই রাজ্য সরকার বাংলাদেশ সীমান্ত এলাকায় 540 কিলোমিটার সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয়নি। বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ততক্ষণ বের করা যাবে না, যতক্ষণ না এরাজ্যে বিজেপি সরকার আসছে। বিজেপির সরকার এলেই তাদের বের করা হবে।’’

তিনি আরও বলেন, ‘‘এসআইআর-এর মাধ্যমে প্রথমে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে, তারপর তাদের নাম ভোটার তালিকা থেকে বের করা হবে। কিন্তু ওদের বের করতে গেলে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে।"

এরপর তিনি অধীর চৌধুরীর মতুয়াদের অনশন মঞ্চে যাওয়া নিয়েও মন্তব্য করেন৷ শুভেন্দু অধিকারী বলেন, "ওই অনশনের আয়োজক তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তাই তৃণমূল কংগ্রেস যে কংগ্রেসের সঙ্গে মিলে রয়েছে, এটা তারই প্রমাণ৷"

আরও পড়ুন -

  1. পাকিস্তান থেকে বলছি..., হোয়াটসঅ্য়াপ কলে শুভেন্দু অধিকারীকে হুমকি
  2. মুকুলের বিধায়ক পদ খারিজের রায় ঐতিহাসিক, এবার পালা আরও 3 জনের: শুভেন্দু
  3. রাজ্যের অসহযোগিতায় ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া যাচ্ছে না, হলফনামা তলব হাইকোর্টের