ETV Bharat / politics

ক্যামাক স্ট্রিট হোর্ডিং-কাণ্ড: 5 ঘণ্টা জিজ্ঞাসাবাদ সুমিত রায়কে, ফের তলবের সম্ভাবনা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের হোর্ডিং-কাণ্ডে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷

Camac Street Hoarding Incident
শেক্সপিয়ার সরণি থানা থেকে বেরিয়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 2, 2026 at 7:03 PM IST

|

Updated : September 2, 2026 at 7:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 সেপ্টেম্বর: ক্যামাক স্ট্রিট হোর্ডিং-কাণ্ডে 5 ঘণ্টা পর শেক্সপিয়ার সরণি থানা থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় ৷ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে হোর্ডি খোলাকে কেন্দ্র করে কর্তব্যরত সরকারি আধিকারিক ও পুলিশ কর্মীদের উপর হামলার অভিযোগে বুধবার তিনি হাজিরা দেন ৷ পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তিনি থানা থেকে বেরোন ৷ সুমিতকে দ্বিতীয়বার হাজিরার জন্য তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷

নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "সুমিত রায়কে পরবর্তী সময়েও জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হতে পারে ৷" উল্লেখ্য, সুমিত রায়ের বিরুদ্ধে ঘটনার দিন কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এমনকি সরাসরি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগেও এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ ও কলকাতা পুরনিগম ৷ শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগে সুমিত রায়ের বিরুদ্ধে মোট তিনটি এফআইআর করেছে পুলিশ ৷

মঙ্গলবার এই মামলায় শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ৷ তাঁকেও প্রায় 5 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ৷ বেরিয়ে এসে অভিষেক বিজেপি সরকারকে নিশানা করে বলেছিলেন, "ওদের যত ক্ষমতা আছে, প্রয়োগ করে নিক ৷"

উল্লেখ্য, এই মামলায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে-ও তলব করেছিল পুলিশ ৷ এদিন তিনিও শেক্সপিয়ার সরণি থানায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন ৷ তাঁকেও প্রায় একই সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা ৷ তৃণমূল সাংসদকে ফের তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷

গত 27 অগস্ট কলকাতা পুরনিগমের আধিকারিক ও কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বিল্ডিংয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লেখা লোহার সাইন বোর্ড খুলতে যান ৷ কিন্তু, সেখানে উপস্থিত তৃণমূল নেতা-কর্মী, এমনকি সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ অনেকের বিরুদ্ধে পুরনিগমের কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ৷ এমনকি অভিষেকের নিরাপত্তারক্ষী, অফিসের লোকজন এবং তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পুলিশকে মারধর ও ধাক্কা দেওয়ার অভিযোগও করা হয়েছে ৷

এই ঘটনায় আগেই শেক্সপিয়ার থানার পুলিশ 13 জনকে গ্রেফতার করেছে ৷ পাশাপাশি, অভিষেক, ডেরেক এবং সুমিত রায়ের বিরুদ্ধেও একাধিক ধারায় এফআইআর রুজু করা হয়েছে ৷

Last Updated : September 2, 2026 at 7:31 PM IST