ETV Bharat / politics

'বিধায়কের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেই 7 খুন মাফ !' হাওড়া শুটআউট-কাণ্ডে তোপ সুকান্তের

বুধবার ভোরে হাওড়ার গোলাবাড়ি-পিলখানা এলাকায় দুঃসাহসিক খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে ৷ প্রকাশ্যে গুলি চালিয়ে তরুণ প্রোমোটারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ।

ETV BHARAT
পানিহাটিতে 'গৃহ সম্পর্ক' অভিযানে সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 25, 2026 at 6:18 PM IST

5 Min Read
Choose ETV Bharat

পানিহাটি (উত্তর 24 পরগনা), 25 ফেব্রুয়ারি: হাওড়া শুটআউট-কাণ্ডে এবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । হাড়হিম হত‍্যাকাণ্ডে তৃণমূল বিধায়কের সঙ্গে অভিযুক্তদের ঘনিষ্ঠতার অভিযোগ ওঠায় তা নিয়ে মোটেও অবাক হচ্ছেন না বালুরঘাটের বিজেপি সাংসদ ।

সুকান্ত এদিন বলেন, "বিধায়কের সঙ্গে থাকলেই সাত খুন মাফ ! আপনি যতই ধর্ষণ করুন, গুলি করে কাউকে হত‍্যা করুন, পুলিশ আপনাকে দেখতে পাবে না । বিধায়কের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে বলেই তো দুই অভিযুক্ত শুটআউট করতে পারল ! আপনি করতে পারবেন নাকি ! বন্দুক তো দূরের কথা, একটা লাঠি নিয়ে দাঁড়ালেই পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে । তখন পুলিশ সব কিছু দেখতে পাবে । কিন্তু, অপরাধীদের ক্ষেত্রে পুলিশ বলবে, দেখতে পাচ্ছি না তো । এটাই তো এখন চলছে এ রাজ‍্যে ।" প্রমোটার খুনে অভিযুক্তদের পাশাপাশি স্থানীয় বিধায়কেরও গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ‍্য সভাপতি ।

পানিহাটিতে 'গৃহ সম্পর্ক' অভিযানে সুকান্ত (নিজস্ব ভিডিয়ো)

উল্লেখ্য, বুধবার ভোরে হাওড়ার গোলাবাড়ি-পিলখানা এলাকায় দুঃসাহসিক খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে ৷ প্রকাশ্যে গুলি চালিয়ে এক তরুণ প্রোমোটারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ । মৃতের নাম সফিক খান (27)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, ভোর সাড়ে চারটের কিছু আগে দুই ব্যক্তি হেঁটে এসে সফিকের উপর অতর্কিতে হামলা চালায় । অভিযোগ, খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয় । গুলিতে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । ঘটনার তদন্ত শুরু করে হাওড়া সিটি পুলিশ ।

ETV BHARAT
গুলি চালিয়ে এক তরুণ প্রোমোটারকে হত্যা (নিজস্ব চিত্র)

এলাকার একটি চায়ের দোকানের সামনে থাকা সিসিটিভি ক্যামেরায় ঘটনার অংশবিশেষ ধরা পড়েছে । ফুটেজে দেখা যায়, হামলার পর অভিযুক্তরা তড়িঘড়ি না-করে স্বাভাবিক ভঙ্গিতেই এলাকা ছাড়ছে । এই দৃশ্য ঘিরেই উঠেছে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন । এক বাসিন্দার কথায়, "যদি অপরাধীরা এত নির্ভয়ে চলে যেতে পারে, তা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ?" প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহতের সঙ্গে এলাকার দুই দুষ্কৃতীর পুরনো বিবাদ ছিল । আর্থিক লেনদেন ও তোলাবাজির অভিযোগও সামনে এসেছে । এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "সব দিক খতিয়ে দেখা হচ্ছে । ব্যক্তিগত শত্রুতা, আর্থিক লেনদেন - কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না ।"

ETV BHARAT
'গৃহ সম্পর্ক' কর্মসূচিতে সুকান্ত (নিজস্ব চিত্র)

এই ঘটনা নিয়েই এদিন রাজ্যের শাসকদলের তীব্র সমালোচনা করেছেন সুকান্ত মজুমদার ৷ বুধবার উত্তর 24 পরগনার পানিহাটিতে ডোর টু ডোর জনসংযোগে গিয়ে হাওড়ার ঘটনা নিয়ে তোপ দাগেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ।

প্রসঙ্গত, 'গৃহ সম্পর্ক' কর্মসূচিতে এদিন তিনি যে এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন, সেটি আরজি করের নিহত চিকিৎসক তরুণীর পাড়া হিসেবেই পরিচিত । সেখানেই স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জোর কদমে প্রচার সারেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী । যা ভোটের আবহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

ETV BHARAT
পানিহাটিতে প্রচারে সুকান্ত (নিজস্ব চিত্র)

পানিহাটিতে 'গৃহ সম্পর্ক' অভিযানে গিয়ে মানুষের উৎসাহ দেখে খুশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । এ নিয়ে তিনি বলেন, "বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি, তাঁদের একটাই দাবি কর্মসংস্থান ৷ অর্থাৎ কাজ চাই । বিজেপি ক্ষমতায় এলে এ রাজ‍্যে কর্মসংস্থানে জোর দেবে ।সেই সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বেশি টাকা পৌঁছে দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টে ।"

এদিনও নিজের মন্তব্যে অনড় থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী দাবি করেন, "আমার অভিযোগের প্রেক্ষিতে নবান্নের তরফে যুক্তি দিয়ে বলা হয়েছে সুপ্রিম কোর্টই নাকি মনোজ পন্থকে জুডিশিয়াল বৈঠকে থাকতে বলেছে । কিন্তু, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের কোথাও বলা নেই, রাজ‍্যের প্রাক্তন মুখ্যসচিব থাকতে পারবেন । সেখানে স্পষ্টভাবে বলা আছে, কারা কারা সেই জুডিশিয়াল বৈঠকে উপস্থিত থাকতে পারবেন ।"

সুকান্ত মজুমদার আরও বলেন, "ধর্ষণে অভিযুক্তদের শাস্তি দেওয়ার জন্য দেশে কড়া আইন রয়েছে । কিন্তু, সেই আইনকে মান‍্যতা দিয়ে কঠোর পদক্ষেপও তো করতে হবে । তা-না হলে খাতায় কলমেই শুধু থেকে যাবে আইন । আইন মেনে পদক্ষেপ না-করলে তো কিছু করার নেই । দেখছেন না, এসআইআর নিয়ে নির্বাচন কমিশন বারবার রাজ‍্য সরকারকে নির্দেশ দিয়ে ব্যবস্থা নিতে বলছে । অথচ, সেই নির্দেশ মানছে না সরকার । না-মানলে তো কিছু করার নেই ।"

নির্দিষ্ট সময়ের পরেও সংশোধিত ভোটার তালিকা প্রকাশ না-হওয়ায় এদিন রাজ‍্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির প্রাক্তন রাজ‍্য সভাপতি ।সুকান্তের মতে, "সুপ্রিম কোর্ট তাঁর পর্যবেক্ষণে রাজ‍্য সরকারকে তার দায়িত্বের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছে । বলেছে, সংবিধান মেনে তারা যেন নিজের দায়িত্ব পালন করে । সঠিক সময়ে যদি ভোটার তালিকা প্রকাশিত না-হয়, তাহলে এ রাজ‍্যে ভোটও হবে না । তার জেরে রাষ্ট্রপতি শাসন জারি হবে । এটাই সংবিধানের নিয়ম ।"

অন‍্যদিকে, কাটমানি, অবৈধ নির্মাণ-সহ একাধিক ইস্যুতে এদিন রাজ‍্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ।