ETV Bharat / politics

এসআইআর ইস্যুতে গুলি চলার মন্তব্যে অনড়, শ্রীরামপুরে দাঁড়িয়ে কল্যাণকে পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর

তৃণমূলের কথায় রাস্তায় নেমে সরকারি সম্পত্তি নষ্ট না-করার আর্জি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর ৷ সরকারি সম্পত্তি নষ্ট হলে মমতার পুলিশও গুলি চালাবে, বললেন সুকান্ত ৷

SUKANTA MAJUMDAR
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 18, 2025 at 8:40 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বৈদ্যবাটি, 18 অক্টোবর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায় দাঁড়িয়ে পাল্টা তাঁকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার ৷ 2026 বিধানসভা ভোটের আগে রাজ্যে এসআইআর (SIR বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন) হবেই বলে দাবি করলেন তিনি ৷ আর তৃণমূলের কথা রাস্তায় নেমে সরকারি সম্পত্তি নষ্ট করলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই গুলি চালাবে বলেও মন্তব্য করেছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷

উল্লেখ্য, সম্প্রতি শ্রীরামপুরের সাংসদ তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে হুমকির সুরে বলেছিলেন, "একজন ভোটারকে বাদ দিয়ে দেখুক না নির্বাচন কমিশন, স্তব্ধ করে দেব ৷ ওই যে ছোড়াটা মন্ত্রী হয়েছে, সিআইএসএফ যে গুলি নিয়ে চলে... ওই গুলি ওঁর বুকে লেগে যাবে ৷ ওঁর মস্তানি বের করে দেব...৷" যার পাল্টা এ দিন বুলেট বাইকে শ্রীরামপুরে ঘুরলেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷

শ্রীরামপুরে দাঁড়িয়ে কল্যাণকে পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর (ইটিভি ভারত)

শেষে পথসভা করে বললেন, "আমি গাড়ি থেকে নেমে বাইকে করে এলাম ৷ কল্যাণ’দা পরে বলতে পারেন, ওই তো বুলেট প্রুফ গাড়িতে করে ঘুরেছে ৷ তাই খোলা হাওয়া গায়ে লাগালাম ৷ দেখলাম পরিবেশটা ৷ এখানে তো কিছুই 'কল্যাণ' নেই, সবই 'অকল্যাণ' ৷"

Sukanta Majumdar
শ্রীরামপুর বাইক মিছিল সুকান্ত মজুমদারের ৷ (নিজস্ব ছবি)

আর সুকান্ত এ দিন তাঁর গুলি চলার মন্তব্যেও অনড় রইলেন ৷ তাঁর বক্তব্য, "দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুলিশই গুলি চালাবে ৷ সামশেরগঞ্জে চালিয়েছিল ৷ মমতা বন্দ্যাপাধ্যায় সেটা চেপে দিতে চেয়েছিলেন ৷ যখন সরকারি সম্পত্তি বাস, ট্রেন ভাঙচুর হবে, অগ্নি সংযোগ হবে, তখন মমতার পুলিশই গুলি চালাবে ৷ তা সে কলকাতা পুলিশ হোক, আর রাজ্য পুলিশ বা যেকোনও বাহিনী ৷ আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করলে, গুলি চালানোটাই নিয়ম ৷"

Sukanta Majumdar
শ্রীরামপুরে সুকান্ত মজুমদারের পথসভা ৷ (নিজস্ব ছবি)

এই ইস্যুতে সুকান্তর বার্তা, "তৃণমূলের কথায় কেউ রাস্তায় নেমে হিংসায় মদত দেবেন না ৷ হিংসা হলে পুলিশ গুলি চালাবে ৷ আর তাতে প্রাণ যাবে সাধারণ মানুষের ৷ খেটে খাওয়া মানুষের ৷ আর রাজ্যে এসআইআর হবেই ৷ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বেই ৷ তা কল্যাণ’দা যা খুশি বলতে পারেন ৷"