ETV Bharat / politics

ঠিক এই কারণে ভবিষ্যতে নোবেল পাবেন মোদি! সীমান্তের সভায় দাবি মন্ত্রীর

এ ব্যাপারে উদ্বাস্তু সমাজের পক্ষ থেকে নোবেল কমিটির কাছেও মোদিকে পুরস্কারের জন্য সুপারিশ জানানো হবে বলে ঘোষণা করেছেন তিনি ।

Ashok Kirtania
বাগদার সভায় অশোক কীর্তনিয়া (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 1, 2026 at 2:20 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বনগাঁ, 1 জুন: নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভবিষ্যতে নোবেল পুরস্কার পেতে পারেন বলে দাবি করলেন রাজ্যের খাদ্য ও সমবায় দফতরের মন্ত্রী অশোক কীর্তনীয়া । শুধু তাই নয়, উদ্বাস্তু সমাজের পক্ষ থেকে নোবেল কমিটির কাছেও মোদিকে পুরস্কারের জন্য সুপারিশ জানানো হবে বলে ঘোষণা করেছেন তিনি ।

রবিবার উত্তর 24 পরগনার বাগদা ব্লকের বেয়াড়ায় আয়োজিত সিএএ সহায়তা আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন বিজেপি নেতা । সভায় উপস্থিত ছিলেন উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ । সিএএ নিয়ে সচেতনতা বাড়াতে এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল ।

নোবেল পেতে পারেন মোদি ! সীমান্তের সভা থেকে দাবি রাজ্যের মন্ত্রীর (নিজস্ব ভিডিয়ো)

সভায় বক্তব্য রাখতে গিয়ে অশোক বলেন, "উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব দেওয়ার জন্য এত সহজ ও সরল আইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে হয়েছে । আগামী দিনে তিনি যদি নোবেল পুরস্কার পান, তা হলে এই সিএএ আইনের জন্যই পাবেন ।"

এর পাশাপাশি কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ শানান মন্ত্রী। তাঁর দাবি, "আমার সম্প্রদায়ের মানুষের কপালে কংগ্রেস যে অভিশাপ লিখে দিয়েছিল, সেখান থেকে মুক্তি দিয়েছেন নরেন্দ্র মোদি । কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেসও সিএএ-র বিরোধিতা করে উদ্বাস্তু মানুষকে বিভ্রান্ত করেছে ।" উদ্বাস্তুদের উদ্দেশে তিনি আরও বলেন, "এখন আর তৃণমূল সরকার নেই । আপনারা সিএএ-তে আবেদন করুন, নাগরিকত্ব পাবেন ।"

pm modi
অশোক কীর্তনিয়া (নিজস্ব চিত্র)

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক কীর্তনীয়ার দাবি, বিশ্বের খুব কম দেশই এত সহজ প্রক্রিয়ায় উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে । তাঁর কথায়, "উদ্বাস্তু নাগরিকত্বের প্রশ্নে যদি কোনও নোবেল দেওয়ার ক্ষেত্র থাকে, তা হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই সেই সম্মান দেওয়া উচিত । উদ্বাস্তু সমাজের পক্ষ থেকে আমরা সেই দাবি নোবেল কমিটির কাছে জানাব ।"

এ দিন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও কড়া অবস্থান স্পষ্ট করেন মন্ত্রী । তিনি বলেন, "একজনও অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে থাকতে দেওয়া হবে না । তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠানো হবে । সেখান থেকে বিএসএফ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ।"

মন্ত্রীের নোবেল-প্রসঙ্গ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে । বিরোধীরা এই মন্তব্যকে 'অতিরঞ্জিত রাজনৈতিক প্রচার' বলে কটাক্ষ করলেও বিজেপির দাবি, উদ্বাস্তুদের নাগরিকত্ব নিশ্চিত করার ক্ষেত্রে সিএএ একটি ঐতিহাসিক পদক্ষেপ ।