ETV Bharat / politics

পাকিস্তান থেকে বলছি..., হোয়াটসঅ্য়াপ কলে শুভেন্দু অধিকারীকে হুমকি

বৃহস্পতিবার নিজেই হুমকি ফোনের কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

SUVENDU ADHIKARI
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 13, 2025 at 7:10 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 13 নভেম্বর: পাকিস্তান থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, বৃহস্পতিবার এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এদিন শিলিগুড়ি রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এই অভিযোগ করেন তিনি৷ শুভেন্দু বলেন, ‘‘দু’দিন আগেও আমি পাকিস্তান থেকে থ্রেট কল পেয়েছি।’’

তাঁর এই অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে৷ কারণ, তিনি তো শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা৷ তাছাড়া নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকেই মাওবাদীদের হুমকিতে তাঁর প্রাণের ঝুঁকির কারণে বাড়তি নিরাপত্তা পান শুভেন্দু৷

পাকিস্তান থেকে বলছি..., হোয়াটসঅ্য়াপ কলে শুভেন্দু অধিকারীকে হুমকি (ইটিভি ভারত)

একটি সূত্র থেকে জানা গিয়েছে, সম্প্রতি বিরোধী দলনেতার কাছে একটি হোয়াটসঅ্যাপ কল এসেছিল৷ সেটি রেকর্ড করা হয়৷ সম্ভবত অন্য কোনও ফোন থেকে সেটি রেকর্ড করা হয়েছে৷ ফোন করে বলা হয়, "আমি পাকিস্তান থেকে কথা বলছি। একটু সামলে থাকবেন। না-হলে উড়ে যাবেন। ভারতে এই উড়ে গেল না অনেকে। উড়ে যাবেন। একটু সামলে থাকুন। কোনও একদিন ডাকব, তখন আর ফিরে যেতে পারবেন না। আপনার রাস্তা হারিয়ে যাবে।"

24 সেকেন্ডের ওই কল রেকর্ডিংয়ে শুভেন্দু অধিকারীর গলা শোনা যায়নি৷ শুধু যিনি ফোন করেছিলেন, তাঁরই গলা শোনা গিয়েছে৷ যে নম্বর থেকে ফোন এসেছিল, সেটি বিদেশের৷ যিনি ফোন করেছিলেন, তিনি ‘পাকিস্তান থেকে বলছি’ জানালেও ফোন এসেছিল সৌদি আরব থেকে৷

সূত্র মারফত জানা গিয়েছে, বিরোধী দলনেতার ব্যক্তিগত যে হোয়াটস অ্যাপ নম্বর, সেখানেই এই হুমকি ফোন এসেছিল৷ তিনি বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়েছেন৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েও এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি শুভেন্দু অধিকারী৷ তিনি শুধু বলেন, "আমরা থ্রেট কল খাই। দু’দিন আগেও আমি পাকিস্তান থেকে থ্রেট কল পেয়েছি। যাদের জানাবার জানিয়েছি। এরা প্রতিদিনই করে। বাংলাদেশ থেকে তো প্রতিদিনই করে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর সবাই জানে।"

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার অদূরে একটি গাড়িতে বিস্ফোরণ হয়৷ সেই ঘটনায় সন্ত্রাসবাদের সূত্র তদন্তকারীদের হাতে এসেছে৷ পুরো বিষয়ের তদন্তের ভার এনআইএ-কে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এই নিয়ে এখন দেশজুড়ে তল্লাশি চালাচ্ছে এনআইএ৷ গতকাল, বুধবার এনআইএ তল্লাশি চালিয়েছে মুর্শিদাবাদের নবগ্রামে৷ সেই নিয়েই এদিন কলকাতা বিমানবন্দরে জানতে চাওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে৷

সেই বিষয়ে কথা বলার সময়ই তিনি থ্রেট কলের প্রসঙ্গ তোলেন৷ জানান যে বাংলাদেশ থেকে মাঝেমধ্যেই তাঁর কাছে হুমকি ফোন আসে৷ দু’দিন আগে পাকিস্তান থেকেও তাঁকে হোয়াটসঅ্যাপে কল করে হুমকি দেওয়া হয়েছে৷

আরও পড়ুন -

  1. মুকুলের বিধায়ক পদ খারিজের রায় ঐতিহাসিক, এবার পালা আরও 3 জনের: শুভেন্দু
  2. দিল্লি বিস্ফোরণ-কাণ্ডে জুড়ল বাংলার নাম, মুর্শিদাবাদে অভিযান NIA ও গুজরাত এটিএসের