জুনে পেলেও জুলাইয়ে আসেনি টাকা ! অন্নপূর্ণা যোজনাকে ঘিরে উত্তাল মধ্যমগ্রাম
অফলাইনে আবেদন করা উপভোক্তাদের নথি পোর্টালে আপলোড না-হওয়ার অভিযোগ ৷ তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ বিজেপির ৷

Published : July 3, 2026 at 8:13 PM IST
মধ্যমগ্রাম, 3 জুলাই: জুন মাসে টাকা পেয়েছেন ৷ কিন্তু, জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি ৷ এমনই ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম পুরসভা এলাকায় ৷ এ নিয়ে পুরসভার বিরুদ্ধে দুর্নীতি ও কারসাজির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন টাকা না-পাওয়া মহিলারা ৷ পুরপ্রধানের ঘরের সামনে ধরনায় বসে পড়েন তাঁরা ৷ যদিও পুর কর্তৃপক্ষের দাবি, অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনও কারচুপি করা হয়নি ৷ যোগ্য উপভোক্তারা যাতে সবাই প্রকল্পের টাকা পান, সেই চেষ্টা চলছে ৷
গত জুন মাস থেকে রাজ্যের বিজেপি পরিচালিত নতুন সরকার লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা প্রকল্প চালু করেছে ৷ তৃণমূল সরকার ওই প্রকল্পে মহিলাদের দেড় হাজার টাকা দেওয়া হতো ৷ অন্নপূর্ণা যোজনায় নতুন সরকার সেই টাকার পরিমাণ বাড়িয়ে তিন হাজার করেছে ৷ গত 3 জুন আবেদনকারী মহিলাদের মধ্যে 28 লক্ষ উপভোক্তা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পেয়েছেন ৷
1 জুলাই রাজ্যের আরও এক কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা দেওয়া হয়েছে ৷ কিন্তু অভিযোগ উঠেছে, জুন মাসে প্রকল্পের টাকা পেয়েছেন এমন বহু উপভোক্তাকে জুলাই মাসে আর টাকা দেওয়া হয়নি ৷ তা নিয়ে টাকা না-পাওয়া মহিলাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে ৷ প্রকল্পে প্রথম মাসে টাকা পেলেও দ্বিতীয় মাসে কেন তাঁরা বাদ গিয়েছেন, তা নিয়ে উপভোক্তারা সরব হয়েছেন ৷
মধ্যমগ্রাম পুরসভায় 24 হাজার 644 জন মহিলা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করেছিলেন ৷ জুন মাসে কয়েক হাজার মহিলা প্রকল্পের টাকা পেয়েছেন ৷ কিন্তু, জুলাই মাসে তাঁদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে কোনও টাকা জমা পড়েনি ৷ শুক্রবার দুপুরে ওই মহিলারা মধ্যমগ্রাম পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাঁদের সঙ্গে স্থানীয় বিজেপি নেতারাও ছিলেন ৷

অন্নপূর্ণা যোজনা প্রকল্পে উপযুক্ত উপভোক্তা হিসেবে প্রথম মাসের টাকা পাওয়ার পর কেন দ্বিতীয় মাসে তা বন্ধ হয়ে গেল, এই প্রশ্নে ওই মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাঁদের অভিযোগ, তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুর কর্তৃপক্ষের কারসাজিতেই উপভোক্তাদের নামে জুলাই মাসের টাকা জমা পড়েনি ৷ গোলমালের আশঙ্কায় মধ্যমগ্রাম থানা থেকে পুলিশ বাহিনী পুরসভায় পৌঁছায় ৷ পুরসভার প্রবেশপথে পুলিশ দাঁড়িয়ে বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করে ৷ কিন্তু, আন্দোলনকারী মহিলারা পুলিশকে ঠেলে পুরসভার ভিতরে ঢুকে পড়েন ৷ তাঁরা পুরপ্রধান নিমাই ঘোষের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷
বিক্ষোভকারী ইন্দিরা সাহা দেবনাথ বলেন, "অন্নপূর্ণা যোজনা প্রকল্পে জুন মাসে যাঁরা টাকা পেয়েছেন, তাঁরা যোগ্য উপভোক্তা বলেই সেটা পেয়েছিলেন ৷ তাঁদের কাগজপত্র পুরসভায় জমা দেওয়া আছে ৷ কিন্তু, তৃণমূল পরিচালিত পুর কর্তৃপক্ষ সেই সমস্ত নথিপত্র অনলাইনে আপলোড করেনি ৷ সম্ভবত সেই কারণে প্রথম মাসের টাকা পেলেও, দ্বিতীয় মাসে অনেকেই তা মেলেনি ৷ আমরা মনে করি, রাজ্যের বিজেপি সরকারের বদনাম করার অভিসন্ধি নিয়ে মধ্যমগ্রাম পুর কর্তৃপক্ষ উপভোক্তাদের নথিপত্র অনলাইনে আপলোড করেনি ৷ না-হলে জুলাই মাসের টাকা আমরা পাব না-কেন !"
মধ্যমগ্রাম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা ইন্দ্রজিৎ দত্ত বলেন, "আমাদের নতুন সরকার যোগ্য মহিলাদের সকলকে অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা দিতে চাইছে ৷ কিন্তু, তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভা আমাদের সরকারের বদনাম করতে প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলাদের নথিপত্র অনলাইনে ঠিকমতো আপলোড করছে না ৷ তা নিয়ে মহিলাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে ৷ আমরা চাই, যোগ্য আবেদনকারীরা সকলেই যেন প্রকল্পের সুবিধা পান ৷ পুর কর্তৃপক্ষ উপযুক্ত জবাব না-দিলে আমরা ধরনা অবস্থান চালিয়ে যাব ৷"
অভিযোগ সম্পর্কে মধ্যমগ্রামের পুরপ্রধান নিমাই ঘোষ বলেন, "অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যাঁরা অফলাইনে আবেদন করেছেন, তাঁদের আবেদনপত্রগুলো অনলাইনে আপলোড করার কাজ চলছে ৷ পুরসভার নির্বাহী আধিকারিক নিজে এই দায়িত্ব পালন করছেন ৷ যোগ্য উপভোক্তারা যাতে কেউ বাদ পড়ে না-যান, সে ব্যাপারে আমরা সব রকম চেষ্টা করছি ৷"

