ETV Bharat / politics

SIR : চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে সকলেরই, তবে নিশ্চিত নয় ভোটাধিকার

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত যাঁদের নাম বৈধ তালিকায় থাকবে, তাঁরাই ভোট দিতে পারবেন ।

ec
নির্বাচন কমিশন ও রাজ্যের সিইও (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 26, 2026 at 10:01 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 26 ফেব্রুয়ারি : এসআইআর এর দৌলতে বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে অনেক আগেই । এবার 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমশ চড়ছে । খসড়া তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ পড়ার অভিযোগ রয়েইছে, তার ওপর নিষ্পত্তিহীন প্রায় 60 লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কি না, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে ৷

এ ব্যাপারে বৃহস্পতিবার কমিশনের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল, 28 ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলা চূড়ান্ত তালিকায় সবার নামই থাকবে । তবে একসঙ্গে নয়, তিনটি আলাদা বিভাগে—‘অ্যাপ্রুভড’, ‘ডিলিটেড’ এবং ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ । অর্থাৎ নাম থাকলেও তার মর্যাদা আলাদা। আর সেখানেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন, তালিকায় নাম থাকা মানেই কি ভোটাধিকার নিশ্চিত ?

SIR : চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে সকলেরই, তবে নিশ্চিত নয় ভোটাধিকার (ইটিভি ভারত)

কমিশন সূত্রে খবর, নতুন ভোটারদের ফর্ম 6-এর ভিত্তিতে অনুমোদিত প্রায় 1 লক্ষ 20 হাজার নাম ‘অ্যাপ্রুভড’ বিভাগে যুক্ত হবে । কিন্তু যাঁদের নামের পাশে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতির অভিযোগ রয়েছে, তাঁরা থাকবেন ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ তালিকায় । যাচাই শেষ হলে তাঁদের নাম ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকায় প্রকাশের সম্ভাবনা । তবে সেই তালিকা কবে প্রকাশ পাবে, তা নিয়ে স্পষ্ট সময়সূচি নেই ।

এ ব্য়াপারে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত যাঁদের নাম বৈধ তালিকায় থাকবে, তাঁরাই ভোট দিতে পারবেন । ফলে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বিভাগে থাকা লক্ষাধিক ভোটারের ভাগ্য নির্ভর করছে সময় ও বিচারপ্রক্রিয়ার গতির উপর ।

পরিসংখ্যান আরও উদ্বেগ বাড়াচ্ছে । রাজ্যে প্রায় 1 কোটি 20 লক্ষ ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ এবং 32 লক্ষ ‘আনম্যাপড’ ভোটারের নাম চিহ্নিত হয়েছে । এর মধ্যে প্রায় 60 লক্ষ নাম খতিয়ে দেখছে কলকাতা হাইকোর্টের গঠিত কমিটি। সুপ্রিম কোর্টের নির্দেশে নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা নথি যাচাই করছেন বটে, কিন্তু তাঁদের অনুমোদিত নাম সরাসরি মূল তালিকায় যুক্ত হবে কি না, তা এখনও অনিশ্চিত ।

2025 সালের হিসেবে রাজ্যে মোট ভোটার ছিলেন 7 কোটি 66 লক্ষ । এসআইআর প্রক্রিয়ায় 58 লক্ষ নাম বাদ যাওয়ার পর খসড়ায় থাকে 7 কোটি 08 লক্ষ। তার মধ্যেই 1 কোটি 52 লক্ষ নামের পাশে ওঠে প্রশ্নচিহ্ন । 21 ফেব্রুয়ারি পোর্টাল বন্ধ হওয়ার পর এখন লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ ঝুলে রয়েছে প্রশাসনিক সিদ্ধান্তের উপর ।

সব মিলিয়ে ছাব্বিশের ভোটের আগে ভোটার তালিকাই হয়ে উঠেছে বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু । ফলে সকলের নজর আপাতত 28 ফেব্রুয়ারির দিকে, কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার কোন ক্যাটাগরিতে কার নাম থাকে !

আরও পড়ুন:

রাজ্যের অর্ধেকেরও বেশি বুথ সংবেদনশীল, কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী

দিন চূড়ান্ত না-হলেও ঝাড়খণ্ড-ওড়িশার বিচারকরা এলে সহযোগিতার আশ্বাস কমিশনের