ETV Bharat / politics

মুস্তাফিজুরের 9 কোটি টাকা অত্যাচারিত হিন্দুদের সহায়তায় দিন শাহরুখ, দাবি অগ্নিমিত্রার

একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসাবে আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে কেনা নিয়ে শাহরুখ খান ও কেকেআর-কে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ।

Agnimitra Paul
শাহরুখ খানকে তোপ দাগলেন বিজেপির অগ্নিমিত্রা পাল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 4, 2026 at 2:21 PM IST

3 Min Read
Choose ETV Bharat

আসানসোল, 4 জানুয়ারি: 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কিনে ছিল কেকেআর ৷ ওই বিরাট অঙ্কের টাকা বাংলাদেশের এবং এপার বাংলার কোণঠাসা ও অত্যাচারিত হিন্দুদের সহযোগিতার জন্য প্রদান করুন শাহরুখ খান । এমনটাই দাবি তুললেন বিজেপির রাজ্য সম্পাদিকা তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷

যে কেকেআরের সঙ্গে বাংলার নাম জড়িয়ে, সেখানে এই পরিস্থিতিতে বাংলাদেশের মুস্তাফিজুরকে এত টাকা দিয়ে কেন নিয়েছিলেন শাহরুখ খান? আর কেকেআর তো তাঁকে বাদ দেয়নি । বিসিসিআই-এর চাপে তারা বাধ্য হয়েছে মুস্তাফিজুরকে ছাড়তে । এই নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন তুলে দিলেন অগ্নিমিত্রা পাল ।

মুস্তাফিজুরের 9 কোটি অত্যাচারিত হিন্দুদের সহায়তায় দিন শাহরুখ, দাবি অগ্নিমিত্রার (ইটিভি ভারত)

তিনি বলেন, "বাংলাদেশেই হিন্দু ভাই দীপু দাসকে ঝুলিয়ে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে । প্রতিদিন সেখানকার যত হিন্দু বসতি আছে সেগুলিকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে । আর সেখান থেকেই মুস্তাফিজুরকে বিরাট অঙ্কের টাকা দিয়ে কেকেআর কিনে আনছিল ।"

তিনি আরও বলেন, "কেকেআর তো আর মুস্তাফিজুরকে বের করেনি । করেছে বিসিসিআই । তো মুস্তাফিজুরকে কিনতে যে 9 কোটি 20 লক্ষ টাকা লাগছিল, তা যদি শাহরুখ খান মনে করেন এবং যেখানে দলের নাম কলকাতা নাইট রাইডার্স, সেখানে বাংলাদেশের এবং এ রাজ্যের যে অত্যাচারিত হিন্দুরা রয়েছে তাদের সহায়তার জন্য সেই টাকা শাহরুখ খান দান করুন, এটাই আমার দাবি রইল ।"

প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশে উত্তাল পরিস্থিতি ৷ ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে । এরপরেও আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারকে বিরাট অঙ্কের টাকা দিয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স । 9 কোটি 20 লক্ষ টাকা দরে তাঁকে দলে নিয়েছিল কেকেআর ।

সূত্র বলছে, এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের কলকাতা নাইট রাইডার্স নিলেও কারোর জন্য এত টাকা খরচ করেনি । কিন্তু বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে, যেখানে হিন্দুদের হত্যা ও অত্যাচার করার অভিযোগ উঠেছে । ভারত বিদ্বেষী মনোভাব দেখা যাচ্ছে বাংলাদেশের একটা বড় শ্রেণির । সেখানেই কেনই বা মুস্তাফিজুরকে এত টাকা দিয়ে নিল শাহরুখ খান-জুহি চাওলার দল । এমন প্রশ্নে তোলপাড় ও বিতর্ক শুরু হয় গোটা দেশ জুড়ে । শেষ পর্যন্ত বিসিসিআই হস্তক্ষেপ করে । শনিবার বিসিসিআইয়ের পক্ষে জানিয়ে দেওয়া হয়, মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হবে কেকআর-কে ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2008 সালেও 26 /11 কাণ্ডের পর থেকে পাকিস্তানের কোনও খেলোয়াড়কেই আর আইপিএল-এ নেওয়া হয় না । কিন্তু এক্ষেত্রে কী করে বাংলাদেশি ক্রিকেটারকে নিল শাহরুখের কেকেআর? সমালোচনার মুখে কিং খান । আবু ধাবিতে 2026 সালের আইপিএলের নিলামের সময়ে সাতজন বাংলাদেশি ক্রিকেটার সামিল হয়েছিলেন । তাতে শুধুমাত্র মুস্তাফিজুর রহমানকে কেকেআর কিনেছিল । বাকিদের নিয়ে কেউ উৎসাহ দেখায়নি । এবার এই বিষয়ে শাহরুখ ও কেকেআর-কেই তোপ দাগলেন বিজেপির রাজ্য সম্পাদিকা অগ্নিমিত্রা পাল ।