ETV Bharat / politics

তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় পরাজিত 78 আসনে নতুন মুখ, বাদ একাধিক হেভিওয়েট ?

পার্থ চট্টোপাধ্যায়কে এবার আর বেহালা পশ্চিম কেন্দ্র থেকে টিকিট দেওয়া হবে না । পরিবর্তে পরিচ্ছন্ন ভাবমূর্তির কোনও স্থানীয় কাউন্সিলরকে লড়াইয়ে নামানোর কথা ভাবা হচ্ছে ।

ETV BHARAT
তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় পরাজিত 78 আসনে নতুন মুখ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 26, 2026 at 5:49 PM IST

3 Min Read
Choose ETV Bharat

সুরজিৎ দত্ত

কলকাতা, 26 ফেব্রুয়ারি: 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে । রাজ্যে ক্ষমতার হ্যাটট্রিকের পর এবার চতুর্থবারের জন্য নবান্ন দখলে কোমর বাঁধছে শাসকদল তৃণমূল কংগ্রেস । এরই মধ্যে দলের একটি ‘সম্ভাব্য’ প্রার্থী তালিকা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে ।

জানা যাচ্ছে, গত 2021 সালের নির্বাচনে যে 78টি আসনে তৃণমূল পরাজিত হয়েছিল, সেই আসনগুলিতে এবার একঝাঁক নতুন মুখ আনার পরিকল্পনা নিয়েছে শীর্ষ নেতৃত্ব । এই রদবদলের তালিকায় যেমন রয়েছেন তরুণ ও ছাত্রনেতারা, তেমনই বাদ পড়তে পারেন দলের একাধিক হেভিওয়েট বিধায়ক ও মন্ত্রী ।

তৃণমূলের এই সম্ভাব্য রদবদলের কেন্দ্রে রয়েছে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ আসন । সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এবার আর বেহালা পশ্চিম কেন্দ্র থেকে টিকিট দেওয়া হবে না । তাঁর জায়গায় পরিচ্ছন্ন ভাবমূর্তির কোনও স্থানীয় কাউন্সিলরকে লড়াইয়ে নামানোর কথা ভাবা হচ্ছে । একইভাবে বারাসতের দীর্ঘদিনের বিধায়ক-অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী এবার আর নির্বাচনে দাঁড়াতে ইচ্ছুক নন, ফলে সেখানে টিকিট পেতে পারেন সব্যসাচী দত্ত ।

উত্তরপাড়া এবং বালিগঞ্জ আসনেও রদবদলের জোর সম্ভাবনা রয়েছে । বালিগঞ্জের উপনির্বাচনে জয়ী বাবুল সুপ্রিয়কে তাঁর নিজের এলাকা উত্তরপাড়ায় সরানো হতে পারে এবং তাঁর জায়গায় বালিগঞ্জে প্রার্থী হতে পারেন রাজ্যের প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । সেক্ষেত্রে উত্তরপাড়ার বর্তমান বিধায়ক কাঞ্চন মল্লিককে এবার হয়তো টিকিট ছাড়াই থাকতে হতে পারে ।

পারিবারিক এবং অভিজ্ঞতার সমীকরণেও বড় রদবদল আসতে পারে । মহেশতলার বর্ষীয়ান বিধায়ক দুলাল দাস বয়সের কারণে সরে দাঁড়ালে সেখানে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যের নাম উঠে আসছে । অন্যদিকে, বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে নিয়ে দলের অন্দরে একাধিক জল্পনা থাকলেও, শেষ পর্যন্ত তিনি নিজের কেন্দ্রেই বহাল থাকতে পারেন । কামারহাটির বিধায়ক মদন মিত্রের শারীরিক অবস্থা এবং বয়স বিবেচনা করে তাঁকে খড়দহ বা অন্য কোনও আসনে সরিয়ে নিয়ে যাওয়ার বা তাঁর বিকল্প খোঁজার পরিকল্পনাও রয়েছে দলের । তবে তাঁকে খড়দহে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে একটা খবর পাওয়া যাচ্ছে ।

এছাড়া ছাত্র ও যুব নেতাদের মধ্যে দেবাংশু ভট্টাচার্য হুগলি বা হাওড়ার কোনও আসনে এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে এবার উত্তর 24 পরগনার কোনও একটি আসনে বিধানসভা নির্বাচনে লড়তে দেখা যেতে পারে । বিশেষ করে ভাঙড়ের মতো স্পর্শকাতর আসনে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়তে সিপিএম থেকে আসা প্রতীক উর রহমানকে বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর ।

যদিও এই তালিকাটি চূড়ান্ত নয় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ পর্যন্ত প্রার্থী নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তবুও 78টি আসনে নতুন মুখ আসার এই পূর্বাভাস আসন্ন নির্বাচনে তৃণমূলের এক নতুন রণকৌশলেরই ইঙ্গিত দিচ্ছে ।

প্রসঙ্গত সবটাই তৃণমূল কংগ্রেসের অন্দরের খবর । তাৎপর্যপূর্ণ হতে চলেছে কলকাতার আসনগুলিতে প্রার্থী বাছাই । এক্ষেত্রেও উত্তর কলকাতার দুটো-তিনটি আসনে পরিবর্তন হচ্ছেই । স্বর্ণকমল সাহার জিতে আসা আসনে বিধায়কের ইচ্ছায় তাঁর ছেলে সন্দীপন সাহাকে ছাড়া হতে পারে বলে শোনা যাচ্ছে । একইভাবে এ বছর উত্তর কলকাতায় হিন্দিভাষী এলাকায় এক বিধায়কের টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে । সেক্ষেত্রে কোনও পূর্ববর্তী বিধায়কের পরিবারের সদস্যদের মধ্যে কাউকে এই আসনে দেওয়া হতে পারে ।

সময় যতই এগোচ্ছে, কোন আসনে কে প্রার্থী হবেন তা নিয়ে জল্পনা চড়ছে । আলোচনায় একাধিক নাম ঘোরাঘুরি করছে । তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে শেষ সিদ্ধান্ত নেবেন সেখানে, এ ধরনের জল্পনা যে কোনও সময় বদলে যেতে পারে । দিনের শেষে দেখা যেতে পারে বড় চমক ।