ETV Bharat / politics

অভিষেক-কাণ্ড: গণতান্ত্রিক সমাজে এটা কাম্য নয়, যোগ নেই বিজেপির ! দাবি শমীকের

তাঁর দাবি, ক্ষমতায় থাকাকালীন বিজেপির কর্মীদের উপর তৃণমূল যে অত্যাচার করেছে, তার পর বিজেপি এখনও সংযত আছে বলেই পূর্বতন শাসকদলের নেতা-মন্ত্রীরা অক্ষত আছেন ৷

ETV BHARAT
অভিষেকের উপর হামলা নিয়ে প্রতিক্রিয়া শমীকের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2026 at 11:37 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 31 মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধর ও হেনস্তার ঘটনায় কোনওভাবেই যুক্ত নয় বিজেপি । এমনটাই দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ৷ তাঁর দাবি, ক্ষমতায় থাকাকালীন বিজেপির কর্মীদের উপর তৃণমূল যে অত্যাচার করেছে, তার পর বিজেপি এখনও সংযত আছে বলেই পূর্বতন শাসকদলের নেতা-মন্ত্রীরা অক্ষত আছেন ৷ তাঁর কথায়, "এই নিবার্চনের ফলাফল প্রমাণ করে দিয়েছে যে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ বেশিদিন চলতে পারে না ।" পাশাপাশি গণতান্ত্রিক সমাজে শনিবারের মতো ঘটনা কখনওই কাম্য নয় বলেও মত শমীকের ৷

তিনি এবিষয়ে বলেছেন, "কারও ক্ষোভ থাকতেই পারে, কারও বিদ্বেষ থাকতে পারে ৷ কিন্তু এই ধরনের ঘটনা যাঁরা ঘটাচ্ছেন, এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয় । এই ঘটনার সঙ্গে বিজেপি দূর দূর পর্যন্ত যুক্ত নয় ।"

অভিষেকের উপর হামলা নিয়ে প্রতিক্রিয়া শমীকের (নিজস্ব ভিডিয়ো)

অভিযোগ উঠেছে যে, যথাযথ সময়ে ঘটনাস্থলে কেন পুলিশ পৌঁছতে পারল না । এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "পুলিশ কেন সময়মতো পৌঁছয়নি সেটা আমি বলতে পারব না । সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলতে পারবে ।" তবে তিনি মনে করিয়ে দেন, "এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তাঁকে সভা করার জন্য 104 বার আদালতে যেতে হয়েছিল । যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে, আমরা সংযত ছিলাম বলেই তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত অক্ষত রয়েছে ।"

শমীক ক্ষোভের সুরে তৃণমূল সরকারের আমলের নানা ঘটনা নিয়ে অভিযোগ তুলে বলেন, "ছেলে ভাত খাচ্ছে মায়ের সামনে সেই ছেলেকে গুলি করে খুন করা হয়েছে, মহিলাদের বিজেপি করার অপরাধে মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে, পুরুষদের বিজেপি করার জন্য মাটিতে থুতু ফেলে চাঁটানোর মত অত্যাচার করা হয়েছে, বিজেপি করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, একজন প্রতিভাবান ফুটবলার যিনি একটি অ্যাপের মাধ্যমে খাবার দিয়ে জীবন জীবিকা চালান, তাঁর বাবা পক্ষাঘাতে আক্রান্ত তার লোক গুলো উপড়ে নেওয়া হয়েছিল। তারপরেও যে তৃণমূলের নেতারা অক্ষত রয়েছেন এটা বিজেপি বলেই ৷"

তাঁর আরও অভিযোগ, "এই একই ধরনের অত্যাচার দক্ষিণ 24 পরগনাতেও হয়েছে । সেখানে তিনজন সভাপতির গাড়ি ভাঙা হয়েছে । আমাদের এক কর্মীর কোমর ভেঙে তাঁকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়া হয়েছে ৷ রূপা গঙ্গোপাধ্যায়ের উপর অত্যাচার করা হয়েছে, সে সব বিজেপি ভোলেনি ৷ এটাই কি ডায়মন্ড হারবার মডেল ? তাহলে তিনি ফলতার পুনর্নির্বাচনের জন্য একদিনও প্রচার করতে গেলেন না কেন !" সবশেষে সবাইকে শান্ত থাকতে আবেদন করেন শমীক ভট্টাচার্য ৷