ETV Bharat / politics

মুখ্যমন্ত্রী নিজেকে স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপতি ভাবেন, আইপ্যাক-কাণ্ডে কটাক্ষ শমীকের

অভিষেককে কটাক্ষ করে শমীক বলেছেন, "একজন র‍্যাম্পে হাঁটা শুরু করেছে । র‍্যাম্পে হাঁটতে হাঁটতেই শেষ যাত্রায় পৌঁছে যাবে ।"

ETV BHARAT
আইপ্যাক-কাণ্ডে মমতাকে কটাক্ষ শমীকের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 9, 2026 at 3:34 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দার্জিলিং, 9 জানুয়ারি: আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের সল্টলেকের বাড়িতে ও অফিসে ইডির হানা এবং মুখ্যমন্ত্রীর সেখানে পৌঁছে গিয়ে নথি নিজের হেফাজতে নেওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য । কটাক্ষের সুরে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নিজেকে স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপতি ভাবেন ৷"

শুক্রবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে ইডি হানা ও তার পরবর্তী ঘটনাপ্রবাহ প্রসঙ্গে একরাশ ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে একটি স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপতি ভাবেন । তাঁর কাছে রাজ্যপাল, রাজভবনের কোনও দাম নেই ।"

আইপ্যাক-কাণ্ডে মমতাকে কটাক্ষ শমীকের (নিজস্ব ভিডিয়ো)

প্রসঙ্গত, আগামিকাল, শনিবার শিলিগুড়িতে একটি নির্বাচনী জনসভা রয়েছে বিজেপির রাজ্য সভাপতির । সেই কর্মসূচিতে যোগ দিতেই এদিন তিনি শিলিগুড়িতে পৌঁছেছেন । বিমানবন্দরে তাঁকে গতকালের ঘটনা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে শমীক আইপ্যাক অফিসে ইডির হানায় মুখ্যমন্ত্রীর ভূমিকার কড়া সমালোচনা করেন ৷ বিজেপির রাজ্য সভাপতি বলেন, "প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী, উত্তরও লেখেন মুখ্যমন্ত্রী । আমাদের বাংলা সব ব্যাপারে এগিয়ে, তিনি বাংলাকে এগিয়ে রেখেছেন । এতে যা হওয়ার তাই হচ্ছে । গোটা দেশের সামনে পশ্চিমবঙ্গকে হাস্যস্পদ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ।"

এর পরই শমীক আরও বলেন, "মুখ্যমন্ত্রী নিজেই প্রমাণ করে দিলেন যে তাঁর দল দুর্নীতিগ্রস্ত। তাঁর দল প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে সম্পূর্ণভাবে জড়িয়ে রয়েছে । পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেস পুলিশ ও সিআইডিকে কাজে লাগায়, তারা মনে করে বিজেপিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের কাজে লাগায় । বিহার নির্বাচনেও তো ভোট চুরির অভিযোগ তুলেছিল, কী ফল বেরিয়েছে দেখাই গিয়েছে । এসআইআর আবহে তারা আরও ঘাবড়ে গিয়েছে । রাজ্যে সংবিধান নেই । এই সরকারের কাছে সংবিধানের কোনও মূল্য নেই । আর যাঁরা সংবিধানের রক্ষাকর্তা তাঁদেরকে এই বিষয়ে ভাবা উচিত ৷ তাঁদের হস্তক্ষেপ করা উচিত । আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করব । আমরা তাঁকে কোথাও পাঠিয়ে নির্বাচনে লড়াই করতে চাই না ।"

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারকেও এদিন কটাক্ষ করেছেন শমীক ভট্টাচার্য ৷ তাঁর কথায়, "একজন র‍্যাম্পে হাঁটা শুরু করেছে । র‍্যাম্পে হাঁটতে হাঁটতেই শেষ যাত্রায় পৌঁছে যাবে । আর মুখ্যমন্ত্রীর এই ধরনার কোনও প্রভাব পশ্চিমবঙ্গের মানুষের উপর পড়বে না ।"

আরও পড়ুন: