'চাঁদের গায়ে চাঁদ'কে 'শচীন কত্তা'র গান বলে চালিয়ে দিয়ে দর্শনের ভুল ব্যাখ্যা শমীকের
লালন সাঁইয়ের গান বলে প্রচলিত এই গানের দর্শনকে না-বুঝে শমীক ভট্টাচার্য ভুল অর্থে ব্যবহার করেছেন বলে অভিযোগ বাউলদের একাংশের ৷

Published : November 30, 2025 at 2:12 PM IST
আসানসোল, 30 নভেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তৃতায় ভুল ধরে তাঁকে নিয়ে নানা ট্রোল দেখা যায় সোশাল মিডিয়ায় । এবার এসআইআর নিয়ে বলতে গিয়ে বাউল দর্শনের অন্যতম কঠিন 'চাঁদের গায়ে চাঁদ লেগেছে' গানটির উদ্ধৃতি শচীন কত্তার (শচীন দেব বর্মন) বলে চালিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য । শুধু তাই নয়, লালন সাঁইয়ের গান বলে প্রচলিত এই গানের দর্শনকে না-বুঝে শমীক ভুল অর্থে ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলে বিরক্তি প্রকাশ করেছেন বাউলদের একাংশ ৷
গতকাল সন্ধ্যায় আসানসোলে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যের একটি সভা ছিল । 'পরিবর্তন সংকল্প যাত্রা' নামে বিজেপির কর্মসূচিতে আসানসোলের বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এই সভা অনুষ্ঠিত হয় । এই সভায় বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য নানা অভিজ্ঞতার কথা বলছিলেন । আর তা শুনে দর্শকের মধ্যে হাসির রোল উঠছিল ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, "আমার বাবা ও মা চলে গেছেন কোভিডের দ্বিতীয় ধাপে । আমি বিধাননগরের অধিবাসী । সকাল ন'টায় ভোট দিয়ে এসে সারাদিন পার্টি অফিসে ছিলাম । বিকেলে হঠাৎ শুনলাম, আমার বাবাও এসেছিলেন, মা-ও এসেছিলেন । হাত ধরাধরি ক'রে তাঁরা ভোট দিয়ে চলে গেছেন ।"
এমন কথা শুনে মঞ্চে থাকা বিজেপির নেতৃত্ব ও শ্রোতারা অট্টহাস্যে ফেটে পড়েন । শমীক ভট্টাচার্য আরও বলেন, "দু'বছর আগে যিনি তিন সন্তানের পিতা ছিলেন, এসআইআর আবহে শুনলাম তাঁর নাকি 12টি সন্তান । আগামী দিনে তাই যাত্রাপালা আসবে শ্বশুর কেন বাবা !"। এ পর্যন্ত সব ঠিকই ছিল । কিন্তু এরপরেই তিনি একটি বাউল গানের মাঝের অংশ তুলে উদাহরণ দেন ।

'ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হল, এগারো মাসে তিনটি সন্তান ৷' এই গানটির উল্লেখ করার সময় একে শচীন কত্তার গান বলে চালিয়ে দেন শমীক ভট্টাচার্য । অথচ যুগে যুগে এই গান গাওয়া হয়ে আসছে । এর পদকর্তার আসল নাম সম্পর্কে নিশ্চিত না-হওয়া গেলেও অনেকেই এই গানকে লালনের গান বলেই জানেন । প্রখ্যাত বাউল সম্রাট গোষ্ঠ গোপাল দাস এই গান রেকর্ড করার পরেই তা বিরাট জনপ্রিয় হয় । অথচ শমীক ভট্টাচার্যের মতো বিজেপির উচ্চ মাপের নেতা সেই গান নিয়েই ভুল তথ্য দিলেন ।
শুধু তাই নয়, রাজনীতির কারণে এই গানের দর্শনকেও ভুল ব্যাখা করেছেন শমীক । এমনও দাবি লোকসঙ্গীত শিল্পীর । বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী বরুণ দাস জানান, "আমি শুনিনি উনি কোন প্রসঙ্গে বলেছেন । তবে আপনার কথা মতো উনি যে প্রসঙ্গে এটা ব্যবহার করছেন তা ভুল । এই গানের অর্থ কঠিন । এটা দেহতত্ত্বের গান । অযথা যত্রতত্র এই গানের উদ্ধৃতি ব্যবহার না-করাই ভালো । আর এই গান শচীন দেব বর্মনের নয় ।"
বাউলরা জানাচ্ছেন, কঠিন বাউল গান হিসেবেই চিহ্নিত 'চাঁদের গায়ে চাঁদ লেগেছে'। তারই লাইন শমীক ভট্টাচার্য ব্যবহার করছেন । ওই লাইনের মানে নিয়ে ভিন্ন মত আছে । তবে যেটি সবচেয়ে প্রচলিত তা হল, 'ছয় মাসের কন্যা' মানে এখানে রূপক অর্থে মানুষের ছয় রিপু যথা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য্যকে বোঝানো হয় । ‘নয় মাসে তার গর্ভ হল’ লাইনটির মানে মানব শরীরের নয়টি ছিদ্রপথ যেমন, দুই চোখ, দুই কান, নাকের দুই ছিদ্র, মুখ, মুত্র ও মলদ্বার । এর ছিদ্রগুলো পরিপুষ্ট হলেই বাউল ভাষায় তাকে ‘গর্ভ’ হওয়া বলে ।
‘এগারো মাসে তিন সন্তান’ বলতে এই লাইনের ‘এগারো’ হচ্ছে নয়টি ছিদ্রপথের সঙ্গে আরও দুটি সুস্পষ্ট ছিদ্র, যা মানবদেহে শুরুতে বিকশিত হয় না, যৌবনে বিকশিত হয়, শুক্রদ্বার ও রজদ্বার । এই মিলে এগারো । এই এগারো মাসে ‘তিন সন্তান’ মানে বাউলদের দেহতত্ত্ব দর্শনে 'শুক্র', 'সুধা' ও 'মধু' ধারাকে তিন সন্তান বলে বোঝানো হয় । বাউলদের এই কঠিন দেহতত্বের গানকে এসআইআর আবহে এত লঘু করে ব্যবহার করায় বিরক্ত লোকসঙ্গীত শিল্পী ও গবেষকরা ।

