ETV Bharat / politics

ছাব্বিশের প্রস্তুতি, 'তৃণমূলে নবজোয়ার'-এর অনুকরণে ফের পথে নামছেন অভিষেক

1 জানুয়ারি থেকে শুরু তৃণমূলের নির্বাচনী প্রচার কর্মসূচি ৷ 2 জানুয়ারি থেকে পথে নেমে প্রচারে অভিষেক ৷

TMC ASSEMBLY ELECTIONS PREPARATION
অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 28, 2025 at 7:14 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 28 নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে​ 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই কর্মসূচি যথেষ্ট সাড়া ফেলেছিল তৃণমূলের সাফল্যে ৷ 2026 বিধানসভা নির্বাচনের আগে সেরকমই কর্মসূচি নিতে চলেছে রাজ্যের শাসকদল ৷ ফের মানুষের দুয়ারে-দুয়ারে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তৃণমূলের 15 বছরের শাসনকালে হওয়া কাজ, 'কেন্দ্রীয় বঞ্চনা' ও এসআইআর-এর নামে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগে প্রচার কৌশল তৈরি করেছে তৃণমূল ৷

তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে অভিষেক জানিয়েছেন, নবজোয়ারের পর আবারও তিনি মানুষের দুয়ারে যাচ্ছেন ৷ তবে, এবারের লড়াই আরও তীব্র ৷ তাই স্লোগানও নতুন - 'যতই করো হামলা, আবার জিতবে বাংলা' ৷ ​বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় বঞ্চনা, 100 দিনের কাজের টাকা আটকে রাখা এবং সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার নামে বাঙালির ওপর নির্যাতনের অভিযোগে নতুন বছরের শুরু থেকে নতুন রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করেছেন অভিষেক ৷

তৃণমূলের সোশাল মিডিয়া হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ নতুন প্রচার অভিযানের লোগো ও স্লোগান প্রকাশ করা হয় ৷ ​সাংবাদিক বৈঠকে অভিষেক তাঁর সফরসূচি ঘোষণা করেছেন-

1 জানুয়ারি (তৃণমূলের প্রতিষ্ঠা দিবস): রাজ্যজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের উন্নয়নের খতিয়ান বা 'রিপোর্ট কার্ড' মানুষের হাতে তুলে দেবেন তৃণমূল কর্মীরা ৷ অভিষেক ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ইতিমধ্যে এই বিষয়ে নির্দেশিকা পাঠিয়েছেন তৃণমূলের সর্বস্তরে ৷

2 জানুয়ারি (যাত্রার সূচনা): দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে রাস্তায় নামছেন অভিষেক ৷ সেখানে রোড-শো এবং জনসংযোগের মাধ্যমে মেগা ক্যাম্পেনের সূচনা করবেন ৷

​3 জানুয়ারি (উত্তরবঙ্গ সফর): বারুইপুরের পরদিনই অভিষেক যাবেন উত্তরবঙ্গে ৷ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে চা-শ্রমিকদের সঙ্গে বিশেষ বৈঠক ও সভা করবেন ৷ বিজেপি প্রভাবিত এই অঞ্চলগুলিতে হারানো জমি পুনরুদ্ধার করাই তাঁর লক্ষ্য বলে তৃণমূল সূত্রে খবর ৷

15 জানুয়ারি (নন্দীগ্রাম): মকর সংক্রান্তির পর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিশেষ কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ৷ সেখানে 'সেবাশ্রয়' মডেল ক্যাম্পের উদ্বোধন করবেন তিনি ৷

​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, 'নবজোয়ার' যাত্রা ছিল মূলত সংগঠনকে মজবুত করা এবং প্রার্থী নির্বাচনের স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করার উদ্যোগ ৷ তবে, এবারের এই কর্মসূচি আদতে বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে নির্বাচনের প্রস্তুতি ৷ অভিষেক বলেছেন, "বিজেপি এজেন্সির ভয় দেখিয়ে, ফান্ডের টাকা আটকে বা ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বাংলাকে দমানোর চেষ্টা করছে ৷ কিন্তু, ওরা যত হামলা করবে, বাংলা ততই মাথা উঁচু করে দাঁড়াবে ৷"

গুজরাত, উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ভিন রাজ্যে যেখানে ফান্ডের বন্যা বইছে, সেখানে বাংলাকে ভাতে মারার চক্রান্ত চলছে ৷ আর এখন ভোটার তালিকা থেকে বেছে বেছে বাঙালিদের নাম বাদ দিয়ে ভোটাধিকার হরণের চেষ্টা হচ্ছে ৷ 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল যে 1 জানুয়ারি থেকেই পুরোদমে নির্বাচনী মুডে চলে যাচ্ছে, অভিষেকের এই ঘোষণায় তা স্পষ্ট ৷