সোশালে 'মগজধোলাই' করছে বিজেপি ! 'অপপ্রচার' রুখতে পালটা জবাবের ডাক প্রতীক উরের
'টিম এবি ফর মমতা দি' সোশাল মিডিয়া কমিউনিটির একটি বিশেষ ডিজিটাল কর্মশালায় কর্মীদের বার্তা দিলেন সদ্য সিপিএম থেকে তৃণমূলে আসা যুবনেতা প্রতীক উর রহমান ৷

Published : March 1, 2026 at 4:07 PM IST
কলকাতা, 1 মার্চ: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোশাল মিডিয়াকে হাতিয়ার করে ক্রমাগত আক্রমণ শানাচ্ছে বিজেপি । এই পরিস্থিতিতে বিরোধীদের 'অপপ্রচারে'র কড়া জবাব দিতে দলের আরও সক্রিয় এবং আক্রমণাত্মক হয়ে উঠতে হবে সোশাল মিডিয়া কর্মীদের । 'টিম এবি ফর মমতা দি' সোশাল মিডিয়া কমিউনিটির একটি বিশেষ ডিজিটাল কর্মশালায় উপস্থিত হয়ে কর্মীদের এমনই বার্তা দিলেন সদ্য সিপিএম থেকে তৃণমূলে আসা যুবনেতা প্রতীক উর রহমান ৷
দলের প্রতি নিজের আনুগত্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, যেদিন থেকে তিনি তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য হয়েছেন, এক মুহূর্তের জন্যও নিজেকে দলের থেকে আলাদা বলে ভাবেননি । এরপরই তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন । তাঁর মতে, দেশ ও রাজ্যের মাটিতে দাঁড়িয়ে তাঁরা একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন । তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার ক্রমাগত আক্রমণ করে চলেছে এবং বর্তমানে তাদের সেই আক্রমণের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সোশাল মিডিয়া । সত্যজিৎ রায়ের বিখ্যাত 'হীরক রাজার দেশে' সিনেমার 'মগজধোলাই' যন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিরোধী দলের সোশাল মিডিয়া সেল সাধারণ মানুষের মগজধোলাই করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
বিরোধীদের এই অপপ্রচার রুখতে না-পারলে ভবিষ্যতে কী বিপদ হতে পারে, তা বোঝাতে একটি প্রচলিত গল্পের উদাহরণ তুলে ধরেন প্রতীক উর। এক ব্রাহ্মণ ও ছাগলের গল্প মনে করিয়ে তিনি বলেন, কয়েকজন মিলে যদি বারবার একটি ছাগলকে কুকুর বলে দাবি করে, তবে একসময় ব্রাহ্মণও বিভ্রান্ত হয়ে সেটাকে কুকুর বলেই বিশ্বাস করতে শুরু করেন । এই যুবনেতার দাবি, বিরোধীরাও সোশাল মিডিয়ায় ঠিক একইভাবে বারবার মিথ্যা বলে সত্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে । তৃণমূলের কর্মী-সমর্থকদের সতর্ক করে তিনি বলেন, "একসঙ্গে অনেক মানুষ যখন সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য প্রমাণের চেষ্টা করে, তখন তার পালটা জবাব দেওয়া অত্যন্ত জরুরি ।" জবাব না-দিলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তাই সত্য হিসেবে পরিগণিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন ।
বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অবৈজ্ঞানিক দাবি এবং ইতিহাস বিকৃত করার অভিযোগ তুলে কড়া সমালোচনা শোনা যায় এই তৃণমূল যুব নেতার গলায় । তিনি অভিযোগ করেন, আরএসএস এবং বিজেপি নেতারা গরুর থেকে অক্সিজেন পাওয়া, গরুর গায়ে হাত বুলিয়ে রক্তচাপ কমানো বা ক্যানসার সারানোর মতো সম্পূর্ণ অবৈজ্ঞানিক কথা প্রচার করেন । পাশাপাশি তাজমহলকে 'তেজো মহালয়া' বা কুতুব মিনারকে 'বিষ্ণুস্তম্ভ' বলার ঘটনারও তীব্র নিন্দা করেন তিনি । তাঁর মতে, এই ধরনের ভুল ও ভিত্তিহীন তথ্য আগামী প্রজন্মের শিক্ষাব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলবে এবং শিশুরা এই পাঠ্যক্রম নিয়ে প্রশ্ন তুলবে ।

