বাংলার দিকে দিকে ভোট পরবর্তী হিংসা! আইনের শাসন কার্যকর করার বার্তা মহম্মদ সেলিমের
বঙ্গে পালাবদলের পর বিরোধী রাজনৈতিক দলের অফিস, বাড়ি, কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে আইনের শাসন কার্যকরের বার্তা মহম্মদ সেলিমের ৷

Published : May 6, 2026 at 8:34 PM IST
কলকাতা, 06 মে: নির্বাচনের ফলাফল অনুযায়ী জোড়া ফুলের অবসান ঘটেছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি সরকার গঠন করতে চলেছে। আগামী 9 মে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রী সভার সদস্যরা শপথ নেবেন। কিন্তু, রাজ্যজুড়ে তান্ডব শুরু হয়েছে। বুলডোজার নামানো হয়েছে। নাম বদল, দোকানপাটে হামলা চলছে। এই পরিস্থিতিতে আইনের শাসন কার্যকর করার বার্তা দিলেন সিপিআই(এম)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম ৷
বঙ্গে পালাবদলের পর বিরোধী রাজনৈতিক দলের অফিস, বাড়ি ও কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। হিংসায় মৃত্যুর ঘটনাও প্রকাশ্যে এসেছে। পুলিশ প্রশাসন এমনকি নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত কেন্দ্রীয় বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে প্রশাসন বা নির্বাচন কমিশনের কোনও ইতিবাচক পদক্ষেপ করছে না বলেই অভিযোগ বামেদের। রাজ্যজুড়ে হিংসার উন্মাদনা বন্ধ করে আইনের শাসন কার্যকর করার দাবি তোলা হয়েছে বামেদের তরফে।
মহম্মদ সেলিম বলেন,"সরকার এখনও গঠন না হলেও ফলাফল প্রকাশের অব্যবহিত পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজে পি মদতপুষ্ট দুষ্কৃতীরা সাধারণ মানুষের উপর জীবন-জীবিকার ওপর হামলা আক্রমণ শুরু করেছে। বিজেপি নেতারা এই ধরনের ঘটনা সম্পর্কে কিছু মৌখিক বিবৃতি দিয়ে ক্ষান্ত থাকছেন।"
সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সম্পাদক আরও বলেন, "মুর্শিদাবাদের জিয়াগঞ্জে রাতের অন্ধকারে লেনিন মূর্তি-সহ একাধিক স্থানে সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত কমিউনিস্ট নেতৃবৃন্দের মূর্তি, প্রতিকৃতির উপর হামলা, পার্টি সংগঠকদের উপর আক্রমণ ও পার্টি দফতরের দখল নিতে গিয়েছে 2011 সালে ফল প্রকাশের পর তৃণমূলী সংস্কৃতির পথ অনুসরণ করেই। এই কাজে রাতারাতি রাজনৈতিক রং বদলানো কিছু তৃণমূলী দুষ্কৃতীদের অগ্রণী ভূমিকায় দেখা যাচ্ছে।"
এরপর মহম্মদ সেলিম বলেন,"অভিজ্ঞতা হল, সর্বত্র সাধারণ মানুষ-সহ পার্টি কর্মীরা প্রতিবাদে নেমেছেন, প্রতিহত করেছেন। সারা দেশের অভিজ্ঞতায় আমরা জানি বিজেপি একটি স্বৈরাচারী ও গণতন্ত্রবিরোধী দল। ফ্যাসিস্ট আরএসএস এদের নেতৃত্ব দেয়। উগ্র হিন্দুত্ববাদী বুলডোজার রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ এই রাজ্যেও শুরু হয়েছে। ঘৃণার মতাদর্শে চালিত হয়ে ইতিমধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাসস্থান, উপাসনালয়, খাদ্যাভ্যাসের উপর আক্রমণের ঘটনা ঘটেছে।"
বামপন্থী আইনজীবী সংগঠন অল ইন্ডিয়া ল'ইয়ার্স এ্যাসোসিয়েশন ফর জাস্টিস আবার রাজ্যজুড়ে হিংসার উন্মাদনা বন্ধ করে আইনের শাসন কার্যকরের আবেদন করেছেন। সংগঠনের দিবাকর ভট্টাচার্য বলেন,"অল ইন্ডিয়া ল'ইয়ার্স এ্যাসোসিয়েশন ফর জাস্টিস (আইলাজ)-এর জাতীয় কাউন্সিল সদস্য আইনজীবী কুনাল বক্সি-র বাড়িতে সদ্য ক্ষমতায় আসা শাসক দলের দুষ্কৃতিরা হামলা চালায়, বাড়ির দরজা-জানালা ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের প্রাননাশের হুমকি দেয়। আমাদের আইনজীবী সংগঠনের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে আবেদন জানাচ্ছি যে, রাজ্যজুড়ে যারা হিংসা ছড়াচ্ছে বা বেআইনি কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা চালু করতে এবং দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করতে। আইনজীবী বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি এই ধরনের যে কোন রকমের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হতে এবং আক্রান্তদের আইনি সহযোগিতা করতে।"

