'গোষ্ঠীদ্বন্দ্বে' বাতিল শমীক-দিলীপের সভা ! ঘোষণার আগেই তৃণমূলের 150 পতাকা মাটিতে ফেলায় উত্তেজনা
বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের স্থানীয় তৃণমূল নেতৃত্বের ৷ অন্যদিকে, বিজেপির সভা বাতিলের ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ৷

Published : January 11, 2026 at 3:52 PM IST
দুর্গাপুর, 11 জানুয়ারি: বাতিল হল রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের পূর্বঘোষিত পরিবর্তন সংকল্প সভা ৷ 13 জানুয়ারি দুর্গাপুরের 16 নম্বর ওয়ার্ডের ধাণ্ডাবাগের বাগানপাড়া ময়দানে এই কর্মসূচি হওয়ার কথা ছিল ৷ কিন্তু, অনিবার্য কারণের কথা উল্লেখ করে জেলা বিজেপি নেতৃত্ব রাজ্যের দুই শীর্ষনেতার সভা বাতিলের কথা ঘোষণা করেছে ৷ অন্যদিকে, এই সভা বাতিল ঘোষণার আগে ওই অঞ্চলে তৃণমূলের শতাধিক দলীয় পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল ৷ পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷
উল্লেখ্য, নতুন বছর শুরুর ঠিক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসেন ৷ সেই সফরের পরেই দিলীপ ঘোষকে ফের একবার বিজেপিতে সক্রিয় হতে দেখা গিয়েছে ৷ গেরুয়া শিবিরের পরিবর্তন সংকল্প সভায় রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে তাঁকে প্রচারের অংশ করা হয়েছে ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই দুই নেতা জনসভা করছেন ৷

তেমনই আগামী মঙ্গলবার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এই সভা হওয়ার কথা ছিল ৷ কিন্তু, এ দিন সকালে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল জানান, ওই সভা হচ্ছে না ৷ কিন্তু, কেন তা জানাননি তিনি ৷ তবে, এ নিয়ে নয়া গুঞ্জন শুরু হয়েছে ৷ যেখানে পশ্চিম বর্ধমান জেলা বিজেপিতে অন্তর্দ্বন্দ্বের অভিযোগ উঠেছে ৷ মূলত, দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপির বিধায়ক লক্ষ্মণ ঘড়ুইকে নিয়ে ৷

অভিযোগ উঠেছে, লক্ষ্মণ ঘড়ুই জেলা নেতৃত্বের মতের বিরুদ্ধে গিয়ে নিজের বিধানসভা এলাকায় এই পরিবর্তন সংকল্প সভার আয়োজন করেছেন ৷ যেখানে এই বিধানসভা কেন্দ্রটি আগে থেকে বিজেপির শক্তঘাঁটি ৷ সেখানে বিজেপির বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতিদের সভা করার বিরুদ্ধেই ছিল নেতৃত্বের একাংশ ৷ বিজেপি সূত্রে খবর, সেই কারণেই এই সভা বাতিল হয়েছে ৷
তবে, এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল ৷ তিনি বলেন, "অনিবার্য কারণবশত এই সভা আমরা বাতিল বলে ঘোষণা করছি ৷ পরবর্তী সিদ্ধান্ত দলের তরফে জানিয়ে দেওয়া হবে ৷"

অন্যদিকে, বিজেপির এই সভা বাতিল ঘোষণার আগে সেখানেই তৃণমূলের লাগানো দলীয় পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে এ দিন সকাল থেকে উত্তেজনা ছড়ায় ধাণ্ডাবাগ এলাকায় ৷ উল্লেখ্য, ওই একই মাঠে আগামী 18 জানুয়ারি তৃণমূলের তরফে উন্নয়নের পাঁচালির আয়োজন করা হয়েছে ৷ তৃণমূলের ঘোষিত এই কর্মসূচির জন্য শনিবার মিছিল করে স্থানীয় নেতৃত্ব ওই এলাকায় দলীয় পতাকা লাগায় ৷
বিজেপির পতাকার পাশাপাশি, তৃণমূলের পতাকাও ছিল সেখানে ৷ কিন্তু, এ দিন সকালে দেখা যায় তৃণমূলের প্রায় দেড়শো পতাকা রাস্তা, নর্দমা ও পুকুরে পড়ে আছে ৷ এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল ৷
ধাণ্ডাবাগ তৃণমূলের নেতা তথা প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগ বলেন, "তৃণমূল কর্মীরা চাইলে আধ ঘণ্টার মধ্যে প্রতিবাদে রাস্তায় নামতে পারে ৷ ওদের সাহস থাকলে ময়দানে নামুক ৷ রাতে কেন, দিনেরবেলা এসে আমাদের পতাকা খুলে দেখাক ৷ তখন বোঝা যাবে কত দম ৷ কিন্তু, আমরা নোংরা রাজনীতি করি না ৷ তবে যারা এইরকম ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে ৷ না-হলে আমরা বড় আন্দোলনের পথে হাঁটব ৷"

