1 মার্চ গড়াবে বিজেপির 'পরিবর্তন রথযাত্রা'র চাকা, ব্রিগেডে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমাপ্তি
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে জেলায়-জেলায় হবে পরিবর্তন রথযাত্রার সূচনা ৷ দক্ষিণ ও উত্তরবঙ্গ মিলিয়ে বেরোবে 10টি রথ ৷

Published : February 18, 2026 at 6:47 PM IST
কলকাতা, 18 ফেব্রুয়ারি: 28 ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৷ আর তার পরেরদিন অর্থাৎ, 1 মার্চ থেকে রাজ্য জুড়ে 'পরিবর্তন রথযাত্রা' শুরু করছে বিজেপি ৷ আসন্ন নির্বাচনের আগে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং প্রচারে জোর দিচ্ছে গেরুয়া শিবির ৷ রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে মোট 10টি রথ বের করবে তারা ৷ যার সূচনা করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ আগামী 18 মার্চ ব্রিগেডে মোদির জনসভায় এই 'পরিবর্তন রথযাত্রা'র সমাপ্তি ঘোষণা করবে বিজেপি ৷
এই পরিবর্তন রথযাত্রার সূচি তৈরি করতে বৈঠকে বসেছিল বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব ৷ বৈঠক শেষে 1 মার্চ থেকে 'পরিবর্তন রথযাত্রা'র সূচনার কথা জানানো হয়েছে বিজেপির তরফে ৷ মোট 10টি রথ বের করা হবে ৷ সেই সঙ্গে কবে, কোথায় এই রথযাত্রাগুলি বেরোবে, সেই সূচিও ঘোষণা করেছে রাজ্য বিজেপি ৷
রাজ্যের মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করতে লালকৃষ্ণ আদবানির 'রাম রথযাত্রা'র মডেলে বিজেপি রাজ্যজুড়ে 'পরিবর্তন রথযাত্রা'র আয়োজন করেছে ৷ উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 10টি পরিবর্তন রথ বের করা হবে ৷ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন প্রথম ধাপে 1 মার্চ থেকে শুরু হয়ে 2 মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গে পরিবর্তন রথযাত্রা হবে ৷ মাঝে 3 ও 4 মার্চ দোলযাত্রা ও হোলির জন্য বন্ধ থাকবে পরিবর্তন রথযাত্রা ৷ দু’দিন বন্ধ থাকার পর 5 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত চলবে রথযাত্রা ৷
বিজেপির ঘোষিত সূচি অনুযায়ী, 1 মার্চ উত্তরবঙ্গের কোচবিহার এবং দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর, দক্ষিণ গড়বেতা, রায়দিঘি ও কুলটি থেকে রথযাত্রা শুরু হবে ৷ 2 মার্চ ইসলামপুর, সন্দেশখালি, হাসনাবাদ, আমতা থেকে শুরু হবে পরিবর্তন রথযাত্রা ৷
পরিবর্তন যাত্রার সূচি অনুযায়ী শিলিগুড়ি, মালদা, কলকাতা, উত্তর 24 পরগনা, নবদ্বীপ, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া ও বর্ধমান থেকে বেরোবে দশটি রথ ৷ এই রথযাত্রার জন্য পাঁচটি জোন ভাগ করা হয়েছে ৷ একটি জোনে থাকছে কলকাতা, হাওড়া ও হুগলি ৷ বাকি চারটি জোন হল- রাঢ়বঙ্গ, উত্তরবঙ্গ, নবদ্বীপ এবং মেদিনীপুর ৷
পরিবর্তন যাত্রার উদ্বোধন করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সেই তালিকায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ৷ কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গায় 60টি বড় জনসভা এবং 300টি ছোট জনসভা করবে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব ৷
বিজেপির তরফে বিশেষ ট্যাবলো বের করা হবে ৷ জানানো হয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় এই 'পরিবর্তন রথযাত্রা' পৌঁছবে ৷ পাঁচ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করবে বিজেপির 'পরিবর্তন রথযাত্রা'র ট্যাবলো ৷ 18 মার্চ 'পরিবর্তন রথযাত্রা' সমাপ্ত হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সভা দিয়ে ৷

