ETV Bharat / politics

কোন কপ্টারে বালুরঘাট গেলেন অভিষেক, ধোঁয়াশা অব্যাহত

তৃণমূলের দাবি, নিজের কপ্টারেই গিয়েছেন৷ ডিজিসিএ-র কোনও বক্তব্য মেলেনি৷ তবে একাংশের দাবি, এদিনও হেমন্ত সোরেনের কপ্টারে সওয়ার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

ABHISHEK BANERJEE
কোন কপ্টারে বালুরঘাট গেলেন অভিষেক, ধোঁয়াশা অব্যাহত (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 7, 2026 at 4:54 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 7 জানুয়ারি: মঙ্গলবারের পর বুধবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার নিয়ে আলোচনা অব্যাহত। মঙ্গলে তিনি সভা করতে গিয়েছিলেন বীরভূমের রামপুরহাটে৷ এদিন তিনি যান দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। মঙ্গলবারের মতো এদিন তিনি কপ্টারেই গেলেন৷ তবে সেটা কি হেমন্ত সোরেনের থেকে নেওয়া কপ্টার, নাকি তিনি যে কপ্টারে যাতায়াত করেন সেটি! সেই নিয়ে ধোঁয়াশা রয়েই গেল৷

মঙ্গলবার বেহালা ফ্লাইং ক্লাব থেকে বীরভূমের কর্মসূচিতে যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের৷ কিন্তু তাঁর কপ্টারের উড়ানে অনুমতি দেয়নি ডিজিসিএ (ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)৷ পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের থেকে কপ্টার আনানো হয়৷ সেই কপ্টারেই বীরভূমের উদ্দেশে রওনা দেন তিনি৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

বুধবার ডায়মন্ড হারবারের সাংসদের গন্তব্য ছিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট৷ এদিনও বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টারে উত্তরবঙ্গের এই জেলার উদ্দেশে উড়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এদিনও কি হেমন্ত সোরেনের কপ্টারেই গেলেন? নাকি তাঁর কপ্টারের উড়ানে এদিন ডিজিসিএ-র তরফে অনুমতি দেওয়া হয়! এই বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গেল৷

কেউ কেউ বলছেন হেমন্তের কপ্টারেই এদিন বালুরঘাট গিয়েছেন অভিষেক৷ তবে তৃণমূল কংগ্রেসের তরফে এই দাবি অস্বীকার করা হয়েছে৷ তৃণমূলের বক্তব্য, "যাঁরা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সোরেনের কপ্টারে গিয়েছেন, তাঁরা সঠিক বলছেন না। আমরা এই ধরনের ভ্রান্ত প্রচারের নিন্দা করছি।"

অভিষেকের কপ্টার-বিভ্রাট নিয়ে মঙ্গলবার রাজ্য রাজনীতিতে হইচই হয়েছিল৷ অভিষেক রামপুরহাটের সভামঞ্চ থেকে এই নিয়ে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন৷ তাঁর অভিযোগ ছিল, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না-পেরে এখন প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছে বিজেপি।

অভিষেক বলেন, "এখনও নির্বাচন ঘোষণা হয়নি, দিনক্ষণ জানা যায়নি। তার আগেই বাংলা বিরোধীদের চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। আমার কপ্টারের পারমিশন সকাল 11টায় দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি৷" সভা থেকেই তিনি জানিয়েছিলেন যে হেমন্ত সোরেনের কপ্টারে রামপুরহাটে পৌঁছানোর কথা৷

তবে ডিজিসিএ-র তরফে এই নিয়ে কোনও বক্তব্য আসেনি৷ বুধবারও ডিজিসিএ-র তরফে অভিষেকের কপ্টার নিয়ে কোনও বক্তব্য আসেনি৷ ফলে এদিন কোন কপ্টারে তিনি বালুরঘাটের উদ্দেশে রওনা দিলেন, সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকে গেল৷

এদিকে এদিন দুই দিনাজপুরে ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেকের। বালুরঘাট এবং উত্তর দিনাজপুরে একাধিক রোড-শো ও জনসভা করার কথা রয়েছে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের। মতুয়াগড় এবং আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে জনসংযোগে জোর দিচ্ছেন তিনি।

আরও পড়ুন -

  1. আমার জেদ ওদের থেকে 10 গুণ, হেমন্তের চপারে রামপুরহাট পৌঁছে কেন্দ্রকে তোপ অভিষেকের
  2. SIR-এর শুনানিতে ডাক অমর্ত্য সেনকে, রামপুরহাটে দাবি অভিষেকের
  3. অভিষেকের বাংলা সফরে বিজেপি ভয় পেয়েছে বলেই চপার বিভ্রাট, দাবি কুণালের