অনুপ্রবেশকারীদের বাঁচাতেই মমতা রাস্তায় নামছেন: শিবরাজ সিং চৌহান
এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে আগামী 6 মার্চ কলকাতার মেট্রো চ্যানেলে ধর্না-অবস্থানে বসার ঘোষণা করেছেন মমতা ।

Published : March 2, 2026 at 9:50 PM IST
সন্দেশখালি, 2 মার্চ: 'অনুপ্রবেশকারী' ইস্যুতে রাজ্যের রাজনীতিতে উত্তাপ আরও এক দফা বাড়াল । উত্তর 24 পরগনার সন্দেশখালি থেকে বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করতে এসে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সরাসরি আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । তাঁর অভিযোগ, "বাংলার মানুষের জন্য নয়, অনুপ্রবেশকারীদের ভোটাধিকার রক্ষা করতেই ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।"
প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ তুলেছে শাসকদল । এর প্রতিবাদে আগামী 6 মার্চ কলকাতার এসপ্ল্যানেডের মেট্রো চ্যানেলে ধর্না-অবস্থানে বসার ঘোষণা করেছেন মমতা । সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এই কর্মসূচিকে ঘিরেই তোপ দাগেন শিবরাজ ।
সন্দেশখালিতে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, " সরকার পরিবর্তনের পর তৃণমূল যে পাপ করেছে, তা সহজে মোছার নয় । সিন্ডিকেট রাজ কায়েম করে অনুপ্রবেশকারীদের বাংলায় স্থায়ী বসবাসের সমস্ত ব্যবস্থা করে দিয়েছে ওরা । আধার থেকে ভোটার কার্ড—সব ক্ষেত্রেই সহযোগিতা করেছে ।" তাঁর দাবি, এই অনুপ্রবেশকারীরাই এখন বিভিন্ন সরকারি প্রকল্পে ভাগ বসাচ্ছে, এমনকি কর্মসংস্থানেও প্রভাব ফেলছে । কেন্দ্রীয় মন্ত্রীর মতে, "জল-জমি-জঙ্গল সর্বত্র দখল । এঁরাই তৃণমূলের ভোটব্যাঙ্ক ৷"
শিবরাজের অভিযোগ, "এসআইআর প্রক্রিয়ায় যখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে, তখন তাঁদের পক্ষেই রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী। কারণ, ওঁর আসল উদ্দেশ্য অন্য দেশের বাসিন্দাদের রক্ষা করা ।" পাশাপাশি 'বিভাজনের রাজনীতি' নিয়েও তৃণমূলকে নিশানা করেন। তাঁর কথায়, "এই বিভাজনের শুরু লর্ড কার্জনের আমলে । সেই পথেই হাঁটেন জিন্না । আর পশ্চিমবঙ্গে প্রতিদিন বিভাজন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।"

সন্দেশখালির সাম্প্রতিক শাহজাহান-কাণ্ডও কেন্দ্রীয় মন্ত্রীর এদিনের বক্তৃতায় উঠে আসে । শিবরাজের অভিযোগ, শেখ শাহজাহান ও তাঁর অনুগামীরা এলাকায় মা-বোনেদের উপর অত্যাচার চালিয়েছেন, অথচ তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে শাসকদল । রাজ্য সরকারকে নিশানা করে বলেন, "বাংলায় কোনও নারীই সুরক্ষিত নন—স্কুল, কলেজ, রাস্তাঘাট সর্বত্র আতঙ্ক ৷ আরজি কর-কাণ্ডে তথ্য লোপাটে সক্রিয় ছিল তৃণমূলের সিন্ডিকেট ।"
দুর্নীতি প্রসঙ্গেও সরব হন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী । তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প—আবাস যোজনা, মনরেগা—থেকে অর্থ লুঠ হয়েছে । শিবরাজের অভিযোগ, "যে প্রকল্পে গরিব মানুষ স্বাস্থ্য পরিষেবা পেতেন, সেই আয়ুষ্মান ভারত বাংলায় চালু করতে দেওয়া হয়নি ৷"

সভা শেষে দলীয় পতাকা নেড়ে 'পরিবর্তন যাত্রা'র ট্যাবলো উদ্বোধন করেন শিবরাজ । মঞ্চে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও দেবশ্রী চৌধুরী-সহ অন্যান্য নেতারা ।
রাজ্যের রাজনীতিতে 'পরিবর্তনে'র ঢেউ বইছে বলেই দাবি শিবরাজের। তাঁর কথায়, "বাংলার মানুষ সব দেখছে । সময় এলেই তার জবাব দেবে ।" শাসকদলের পাল্টা জবাব কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের ।
আরও পড়ুন:
দিলীপ ঘোষের হাতেই পরিবর্তন যাত্রার সূচনা, বিজেপিতে নতুন সমীকরণ?
মা তারার দর্শন আর পাব না, বাংলাদেশিরা এখানে রোজগার করবে: বীরভূমে ফড়নবিশ

