'একই আসনে জোট শরিকের ডাবল প্রার্থী হবে না !' বিমান-সেলিমের কথায় আশ্বস্ত নওশাদরা
একুশের নির্বাচনে দেগঙ্গায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী দেওয়ার প্রসঙ্গ তুললো আইএসএফ নেতৃত্ব ৷ হুমায়ুন কবীর নিয়ে মন্তব্য এড়ালেন নওশাদ ৷

Published : February 24, 2026 at 8:22 PM IST
কলকাতা, 24 ফেব্রুয়ারি: 28 ফেব্রুয়ারির মধ্যে বামফ্রন্ট-সহ বিজেপি ও তৃণমূল বিরোধী জোটের শরিক দলগুলি আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করে ফেলতে চাইছে ৷ আর তাই দফায়-দফায় আলিমুদ্দিন স্ট্রিটের দফতরে বৈঠকে বসছেন মহম্মদ সেলিম এবং বিমান বসুরা ৷ কখনও বাম শরিকদের সঙ্গে, তো কখনও আইএসএফের সঙ্গে ৷
মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ আইএসএফের রাজ্য কমিটির সদস্যরা বৈঠকে বসেন ৷ আর সেখানেই উঠে এল 2021 সালের বিধানসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লকের গোঁজ প্রার্থী দেওয়ার বিষয়টি ৷ যেখানে দেগঙ্গার আসনটি বামেরা আইএসএফ-কে ছেড়েছিল ৷ কিন্তু, বামেদের জোট শরিক ফরওয়ার্ড ব্লক সেখানে প্রার্থী দেয় ৷ তাই এবার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না-হয়, বিমান বসু-মহম্মদ সেলিমদের কাছে সেই আশ্বাস চেয়েছে আইএসএফ ৷
এ দিন বৈঠক শেষে নওশাদ জানালেন, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তাঁকে সেই আশ্বাস দিয়েছেন ৷ একুশে দেগঙ্গার আসনের মতো ঘটনা আর ঘটবে না ৷ তারপরেই নাকি জোটের রাস্তা মসৃণ হয়েছে বলে জানান ভাঙড়ের বিধায়ক ৷ এ নিয়ে নওশাদ বলেন, "না, এবার এরকমটা হওয়ার সম্ভাবনা নেই ৷ গতবার দেগঙ্গাতে আমাদের প্রার্থী থাকা সত্ত্বেও ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছিল ৷ এবারে যতদূর আলোচনা হয়েছে, সেই সমস্যা থাকবে না ৷ সে বিষয়টা স্পষ্ট ৷ ঠিক এ কারণেই কিছুটা সময় বেশি লাগছে ৷ তবে, আশা করি আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে ৷"
তবে, ছাব্বিশের নির্বাচনে বাম-সহ অন্যান্য বিজেপি ও তৃণমূল বিরোধী দলগুলির সঙ্গে আইএসএফ-এর জোট হচ্ছে, তা নিশ্চিত বলে জানালেন নওশাদ সিদ্দিকী ৷ তিনি বলেন, "বামেদের সঙ্গে আইএসএফের জোট হচ্ছে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত ৷ তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে আমরা জোটবদ্ধ হচ্ছি ৷ জোটের বিষয়ে আসন সমঝোতা অনেকটা এগিয়েছে ৷ কয়েকটি বিষয়ে কিছু জায়গায় সমস্যা রয়েছে, সেগুলিও দ্রুত মিটবে ৷"
আর আসন ভাগাভাগির ইস্যুতে নওশাদ কোনও মন্তব্য করতে চাননি ৷ প্রশ্ন করা হয়, তাহলে কি আসন সমঝোতার বিষয়ে অর্থাৎ, কে ক’টি আসনে প্রার্থী দেবে তা চূড়ান্ত হয়েছে ? জবাবে তিনি বলেন, "না ৷ সে বিষয়টা এখন চূড়ান্ত হয়নি ৷ ফলে আমরা কত আসনে প্রার্থী দেব, তা আগাম বলা উচিত হবে না ৷ কিংবা কত শতাংশ আসনের বিষয়ে সমঝোতা ক্লিয়ার হয়েছে, তা-ও এখনও বলার সময় আসেনি ৷ আমরা আগামিকাল আবারও বৈঠকে বসব ৷"
তিনি আরও বলেন, "চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি ৷ আগামিকাল চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে ৷ কারণ, প্রত্যেকটি লোকসভা ও বিধানসভা ধরে-ধরে পর্যালোচনা করেই আমরা সিদ্ধান্তে পৌঁছাতে চাইছি ৷ স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কে, কতগুলো আসনে প্রার্থী দিচ্ছে, তা নিয়ে আমাদের মধ্যে আরও আলোচনার প্রয়োজন রয়েছে ৷ তাই এই মুহূর্তে বলা সম্ভব নয় ৷"
পাশাপাশি, ভাঙড় বিধানসভা থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকী কি আবারও প্রার্থী হচ্ছেন ? জবাবে তিনি বলেন, "এখনও এই বিষয়টা চূড়ান্ত হয়নি ৷ বা এই বিষয়টা বলার সময় আসেনি ৷ আইএসএফের রাজ্য কমিটির নেতৃত্বরা রয়েছেন ৷ তাঁরা এই বিষয়টি ঠিক করবেন ৷"

