ETV Bharat / politics

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্ষার্থে আদালতে গিয়েছিলেন মমতা, কটাক্ষ নিতিনের

বুধবার আলিপুরদুয়ারে সভা করেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন৷ সেই সভা থেকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷

BJP PRESIDENT NITIN NABIN
বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 8, 2026 at 9:28 PM IST

2 Min Read
Choose ETV Bharat

জলপাইগুড়ি, 8 এপ্রিল: এসআইআর-এর পর ভোটার তালিকা থেকে প্রায় 90 লক্ষের নাম বাতিল হওয়া নিয়ে রোজই বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ বুধবার এই ইস্যুতে মমতার বিরুদ্ধেই পালটা সরব হলেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন৷ তাঁর কটাক্ষ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য আদালতে গিয়েছিলেন মমতা৷

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুনানিতে তিনি নিজে হাজির ছিলেন৷ আদালতের অনুমতি নিয়ে সেদিন নিজের বক্তব্যও পেশ করেন৷ সেই বিষয়টিকে সামনে রেখেই নিতিন নবীন কটাক্ষ করেন মমতাকে৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের অনুপ্রবেশকারী, যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন৷ কিন্তু এই রাজ্যে মা-বোনেদের সঙ্গে অত্যাচ্যার হলে তিনি ন্যায় দিতে পারেননি।’’

BJP President Nitin Nabin
আলিপুরদুয়ারে নির্বাচনী জনসভায় বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন৷ (নিজস্ব ছবি)

এদিন আলিপুরদুয়ারের ফালাকাটার সোনাপুরে নির্বাচনী জনসভা করে বিজেপি৷ সেই সভায় হাজির হয়েই মমতার বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির জাতীয় সভাপতি৷ তিনি অভিযোগ করেন, ‘‘আমাদের পশ্চিমবঙ্গে গ্রহণ লেগে আছে। উন্নয়ন হচ্ছে না। পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়েছে। এই সরকার তুলে ফেলে দিতে হবে। মা-মাটি-মানুষের কথা বলা হলেও এখানে কী হচ্ছে সবাই দেখছে। সন্দেশখালি-কামদুনিতে কী হয়েছে, আমরা দেখেছি।’’

তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঢুকে গিয়েছে। এখানকার লোকেদের অধিকার ছিনিয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের দিয়ে দিয়েছে৷ নরেন্দ্র মোদি সরকার বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বাইরে বের করার কাজ করবে। এখানকার মানুষ বাইরে কাজে যেতে বাধ্য হচ্ছে। এই রাজ্যে শ্রমিক কম মজুরি পায়। এখানকার সরকারের ঘুম ভাঙেনি৷ এখানকার লোকেদের বাইরে যেতে বলছে। আর এখানে বাংলাদেশের মানুষকে বসাচ্ছে।’’

নিতিন নবীন তৃণমূলের বিরুদ্ধে বাংলায় গুন্ডারাজ চালানোর অভিযোগ করেন৷ বিজেপি ক্ষমতায় দুষ্কৃতীদের রেহাই দেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দেন৷ তিনি তৃণমূলের বিরুদ্ধে সারদা-নারদা সহ বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ করেন৷ বিজেপির জাতীয় সভাপতির অভিযোগ, ‘‘টিএমসি-র টি এর মানে হল তোলাবাজি আর তুষ্টিকরণ। এম এর মানে হল মাফিয়ারাজ আর মহিলাদের ওপর অত্যাচার।সি মানে হল কাটমানি। এখানে সারদা, নারদা, শিক্ষক নিয়োগ, পুরসভার নিয়োগ দুর্নীতি হয়েছে৷ সব দুর্নীতি এই রাজ্যেই।মমতার ভাইপো (অভিষেক বন্দ্যোপাধ্যায়) কমিশন নেয়। বিজেপির সরকার হলে ভাইপো জেলের ভেতরে থাকবে৷ কেউ আটকাতে পারবে না।’’

BJP President Nitin Nabin
আলিপুরদুয়ারে নির্বাচনী জনসভায় বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন৷ (নিজস্ব ছবি)

পাশাপাশি নিতিন নবীন চা-শ্রমিকদের দুরাবস্থার জন্যও দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তিনি বলেন, ‘‘চা-বাগানের শ্রমিকদের খুব খারাপ অবস্থা। চা-শ্রমিকদের সঙ্গে মমতা সরকার খারাপ করেছে। মমতা দিদির সরকার নষ্ট করে দিয়েছে। এখানকার লোকেদের বলতে এসেছি, অন্য রাজ্যে চা-বাগানের মানুষের উন্নতির জন্য যা করছি, সেটাই আমরা এই রাজ্য করব। আয়ুষ্মান যোজনা লাগু করব। মজুরি বৃদ্ধি করব কথা দিচ্ছি।’’

আরও পড়ুন -

  1. মহা-জঙ্গলরাজ শেষ হবে, প্রয়োজনে চলবে বুলডোজার ! বাংলায় এসে হুঙ্কার উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর
  2. বুলডোজারে চেপে মনোনয়ন জমা দিতে বিজেপি প্রার্থী, গন্তব্যে পৌঁছনোর আগেই থামল চাকা