ETV Bharat / politics

তৃণমূলের মরা গাঙে জল দিচ্ছে বিজেপি ! 'সেটিং' নিয়ে বিস্ফোরক নওশাদ

নওশাদের কটাক্ষ, "সেই কাকুর বিখ্যাত ডায়লগটা আমার মনে পড়ে গেল, 'আমার বস পর্যন্ত পৌঁছাতে পারবে না।' সেই কাকুর ভয়েস টেস্ট এখন কোন পর্যায়ে আছে ?"

Naushad Siddiqui
নওসাদ সিদ্দিকী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 31, 2026 at 7:42 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 31 অগস্ট: বিধানসভা ভোট মিটতেই ফের 'বিজেপি-তৃণমূল সেটিং' তত্ত্ব নিয়ে সরব হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক তথা দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী । তাঁর অভিযোগ, রাজ্যে আইএসএফ, বাম এবং অন্যান্য বিরোধী শক্তির উত্থানে বিজেপি আতঙ্কিত । তাই ভোটের আগে যে তৃণমূলকে কোণঠাসা বলে মনে হচ্ছিল, ভোটের পরে সেই তৃণমূলকেই ফের রাজনৈতিক ময়দানে প্রাসঙ্গিক করে তুলতে চাইছে গেরুয়া শিবির ।

সোমবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে এমনই বিস্ফোরক দাবি করলেন নওশাদ । তাঁর বক্তব্য, "গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আমরা সবাই নেমেছি । সংসদীয় ব্যবস্থায় বিরোধীরা যত শক্তিশালী থাকবে, গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে । কিন্তু রাজ্যে বিরোধীদের আটকানোর চেষ্টা হচ্ছে ।"

তৃণমূলের মরা গাঙে জল দিচ্ছে বিজেপি ! 'সেটিং' নিয়ে বিস্ফোরক নওশাদ (ইটিভি ভারত)

2026 এর বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়াইয়ের প্রসঙ্গও টেনে আনেন নওশাদ। তিনি বলেন, "আমি 2021-এও লড়াই করেছিলাম, সংযুক্ত মোর্চার সদস্য ছিলাম । এখন আমাদের একের জায়গায় দু'জন বিধায়ক বিধানসভায় । কিন্তু নানা ভাবে বিজেপি চেষ্টা করছে বামেদের আটকানোর ।"

নওশাদের অভিযোগ, বিরোধীদের কর্মসূচি বা সংগঠনের উপর পুলিশি তৎপরতা বাড়িয়ে রাজনৈতিক পরিসর সংকুচিত করা হচ্ছে । তাঁর দাবি, "সামান্য কারণে বিরাট পুলিশ বাহিনী পাঠিয়ে দেওয়া হচ্ছে । সামান্য একটা অফিসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে শতাধিক পুলিশ পাঠিয়ে টিআরপি বাড়ানো হচ্ছে ।" এর পরেই তৃণমূলকে নিশানা করে নওশাদের বিস্ফোরক মন্তব্য, "তৃণমূলের মরা গাঙে জল দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ।"

তাঁর যুক্তি, এক সময় দুর্নীতি, চাকরি বাতিল এবং ভোট-পরবর্তী হিংসা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে যে চাপ তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই স্তিমিত । তাঁর প্রশ্ন, "যে অন্যায় টিএমসির নেতারা করেছে, বিভিন্ন প্রকল্পে দুর্নীতি থেকে শুরু করে 2021 এর ভোট-পরবর্তী হিংসা, এত কারণে অনেক নেতার এত দিন জেলের মধ্যে থাকা দরকার ছিল । সে নিয়ে চর্চা হচ্ছে না ।"

তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন আইএসএফ বিধায়ক । তাঁর দাবি, 2026-এর নির্বাচনের পর সিআইডি যে তৎপরতা দেখাচ্ছিল, কোনও একটি পর্যায়ে গিয়ে তা থমকে যায় । 'সেবাশ্রয়' শিবির নিয়েও বিধানসভায় যে আলোচনা হয়েছিল, তা পরে আর সামনে আসেনি বলে দাবি তাঁর । সেই প্রসঙ্গেই নওশাদের কটাক্ষ, "সেই কাকুর বিখ্যাত ডায়লগটা আমার মনে পড়ে গেল, 'আমার বস পর্যন্ত পৌঁছাতে পারবে না ।' সেই কাকুর ভয়েস টেস্ট এখন কোন পর্যায়ে আছে ?"

চাকরি দুর্নীতির প্রসঙ্গ টেনে আরও আক্রমণাত্মক হন নওশাদ । তাঁর বক্তব্য, "26 হাজার চাকরি বাতিল হয়েছে তৃণমূলের দুর্নীতির জন্য । এগুলোকেই যদি সঠিক ভাবে ধরে, আগের ক্যাবিনেট তো জেলে থাকবে ! ক্যাবিনেট জেলে থাকলে আর কাকে নোটিশ পাঠাতে হবে ?"

নওশাদের দাবি, বিজেপি সত্যিই যদি তৃণমূলকে রাজনৈতিক ভাবে শেষ করতে চাইত, তা হলে দুর্নীতির পুরনো অভিযোগগুলির তদন্তে আরও কঠোর পদক্ষেপ দেখা যেত । বরং তাঁর অভিযোগ, তৃণমূলকে রাজনৈতিক ভাবে 'বাজারে' রাখার চেষ্টা চলছে । আর তার ফলে আইএসএফ, বাম-সহ অন্যান্য বিরোধী শক্তির জায়গা সংকুচিত হচ্ছে ।

এখানেই থামেননি নওশাদ । তাঁর পুরনো অভিযোগের সুরেই তিনি দাবি করেন, সাধারণ মানুষের আসল সমস্যা - কর্মসংস্থান, শিক্ষা, নিরাপত্তা, মূল্যবৃদ্ধি ও উন্নয়ন থেকে নজর ঘোরাতে ধর্মীয় মেরুকরণ এবং বিতর্কিত ইস্যুকে সামনে আনা হচ্ছে । তাঁর মতে, ভোটের আগে সিএএ-এনআরসি-সহ বিভিন্ন বিষয় ঘিরে তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হলেও তার আড়ালে রাজ্যের প্রকৃত সমস্যা চাপা পড়ে যায় । নওশাদের বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে । যদিও তাঁর এই 'সেটিং' তত্ত্ব এবং বিজেপি তৃণমূলকে ফের প্রাসঙ্গিক করে তুলছে, এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত বিজেপি বা তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

31 মে পর্যন্ত চাকরি থাকবে ‘যোগ্য’ শিক্ষকদের, নির্দেশ সুপ্রিম কোর্টের

জমি-কাণ্ডে প্রশ্নই করা হয়নি, অভিষেকের PA'র দাবি, রাজ্যের কাছে ভিডিয়ো চাইল সুপ্রিম কোর্ট