চূড়ান্ত ভোটার তালিকায় মন্ত্রীর নামে 'তথ্যগত অসঙ্গতি'! তজমুলের প্রার্থী পদ নিয়ে সংশয়
তজমুল হোসেনের নাম এসআইআর-এর বিচারাধীন ৷ সময়ে নাম তালিকায় যুক্ত না-হলে তৃণমূলের টিকিট অনিশ্চিত তজমুল হোসেনের ৷

Published : March 1, 2026 at 6:15 PM IST
মালদা, 1 মার্চ: এসআইআর-এর গেরোয় এবার কী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন ? এই প্রশ্নই এখন ভাবিয়ে তুলেছে ঘাসফুল শিবিরকে ৷ কারণ শনিবার নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তজমুলের নামের উপর লেখা অ্যাডজুডিকেশন বা বিচারাধীন ৷ অর্থাৎ, শুনানির পর তাঁর দেওয়া তথ্য বর্তমানে বিচারবিভাগীয় আধিকারিকদের তত্ত্বাবধানে রয়েছে ৷ তাঁরা নথি যাচাই ও নিষ্পত্তি করলে, তালিকায় নাম উঠবে ৷
এই পরিস্থিতিতে তজমুল হোসেনই এখন মালদা জেলা তৃণমূলের কাছে সবচেয়ে চর্চার বিষয় হয়ে উঠেছেন ৷ যদিও, এ দিন অনেক চেষ্টা করেও তজমুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ একুশের বিধানসভা নির্বাচনে তজমুল হোসেন হরিশ্চন্দ্রপুর কেন্দ্র থেকে ঘাসফুলের টিকিটে নির্বাচিত হন ৷ হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বাংরুয়া গ্রামে বাড়ি তাঁর ৷
বর্তমানে তিনি রাজ্য মন্ত্রিসভার একজন প্রতিমন্ত্রী ৷ এসআইআর প্রক্রিয়ায় গত 18 জানুয়ারি কমিশনের তরফে শুনানির নোটিশ পান তিনি ৷ জানা যাচ্ছে, একাধিক তথ্যগত অসঙ্গতির জন্য তাঁকে শুনানিতে তলব করা হয়েছিল ৷ শনিবার কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পর দেখা যায়, তজমুল হোসেনের নামের উপর 'অ্যাডজুডিকেশন' উল্লেখ করা রয়েছে ৷ অর্থাৎ, শুনানির পর তাঁর পেশ করা নথি যাচাই ও নিষ্পত্তি এখনও বাকি ৷ আর তা করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত অতিরিক্ত জেলা বিচারক ৷
তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, দলের শীর্ষ নেতৃত্ব আসন্ন বিধানসভা নির্বাচনে তজমুল হোসেনকে হরিশ্চন্দ্রপুরের পরিবর্তে চাঁচল কেন্দ্রে প্রার্থী করার কথা ভেবেছিল ৷ কারণ, বিভিন্ন ইস্যুতে হরিশ্চন্দ্রপুরে তজমুলের জনপ্রিয়তা ক্রমশ নিম্নমুখী ৷ দলের মধ্যেও তাঁর বিরুদ্ধে একাধিক গোষ্ঠী তৈরি হয়েছে বলে খবর ৷ সাম্প্রতিক সময়ে জেলা পরিষদের দলীয় সদস্য বুলবুল খানের সঙ্গে একাধিকবার মতবিরোধ হয়েছে তাঁর ৷ খোলা মঞ্চে একে অন্যের বিরুদ্ধে তোপও দেগেছেন ৷
কিন্তু, ভোটার তালিকায় তাঁর নাম যে বিচারাধীন হতে পারে, সেটা ভাবেনি কেউ ৷ দলের একাংশের বক্তব্য, যদি বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তজমুলের এসআইআর সংক্রান্ত ঝামেলা মিটে যায়, তবে ভালো কথা ৷ কিন্তু যদি তা না-হয়, তবে দলকেও সমস্যায় পড়তে হতে পারে ৷ বিষয়টি যে মোটেই সহজ নয়, তা বিলক্ষণ বুঝেছেন তৃণমূলের জেলা সহ-সভাপতি শুভময় বসু ৷
তিনি বলেন, "গতকাল নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করেছে ৷ মালদা জেলার আট লাখেরও বেশি মানুষের নাম এখন বিচার ব্যবস্থার অধীনে ৷ এরপর দফায়-দফায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হবে ৷ সেটা চলবে নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত ৷ আমাদের একটাই আশঙ্কা, বিজেপির কথায় কমিশন এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ ইচ্ছাকৃতভাবে পিছিয়ে না-দেয় ৷ তবে, আমরা সবদিক থেকেই তৈরি রয়েছি ৷ প্রয়োজনে আমরা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হব ৷ বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে ৷ আশা করি, বিচার বিভাগ সঠিক পদক্ষেপ নেবে ৷"

