ETV Bharat / politics

কুম্ভে অঢেল, সাগরে কানাকড়িও নয় ! 'বঞ্চনা ও এজেন্সির অতিসক্রিয়তা'য় শুক্রে পথে মমতা

পাঁচ ঘণ্টার ইডি তল্লাশির বিরুদ্ধে সক্রিয় অবস্থান নেওয়ার পর বাবুঘাটে পৌঁছন । এই আবহেই শুক্রবার যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ-মিছিলের ডাক দিয়েছেন মমতা।

ETV BHARAT
'বঞ্চনা ও এজেন্সির অতিসক্রিয়তা'য় শুক্রে পথে মমতা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 8, 2026 at 7:55 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 জানুয়ারি: কুম্ভমেলার যাবতীয় খরচ বহন করে কেন্দ্র, অথচ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গঙ্গাসাগর মেলার জন্য দিল্লি থেকে এক পয়সাও মেলে না । বৃহস্পতিবার বাবুঘাটে আনুষ্ঠানিকভাবে গঙ্গাসাগর মেলার উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আর্থিক বঞ্চনার পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে রাস্তায় নামার হুঁশিয়ারিও দিলেন তিনি । মুখ্যমন্ত্রীর বার্তা, "কামড়াব না ঠিকই, কিন্তু ফোঁস করব না, এমন তো নয় । মনে রাখবেন, রিঅ্যাকশন ইজ দি অ্যাকশন ।"

এদিন দিনভর আলোচনায় ছিল তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধারের বাড়িতে এবং সল্টলেকের অফিসে ইডির হানা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া । প্রথমে লাউডন স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান ৷ পরে সেখান থেকে তিনি যান সল্টলেকে আইপ্যাকের অফিসে । এমনকি আইপ্যাকের দফতরে হানাকে তাঁর দলের উপর আক্রমণ হিসাবে দাবি করেন তিনি । এদিন প্রায় পাঁচ ঘণ্টার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজকর্মের বিরুদ্ধে সক্রিয় অবস্থান নেওয়ার পর বাবুঘাটে পৌঁছন তিনি । আর তাই এই প্রেক্ষাপটেই শুক্রবার যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ।

বৃহস্পতিবার আউট্রাম ঘাটে গঙ্গাসাগর মেলার ট্রানজিট ক্যাম্পের উদ্বোধনে এসে মেলার প্রস্তুতির থেকেও বেশি ঝাঁঝাল ছিল মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বার্তা । কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, "কুম্ভমেলায় কেন্দ্র সব দেয় । আর এখানে 10 বছর ধরে বলছি, এক পয়সা দেয় না । কারণ বাংলার ওপর ওরা খালি হামলা করে । তবে আমরা ভিক্ষা চাই না ।" তিনি জানান, রাজ্য সরকার নিজস্ব 1,700 কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গায় স্থায়ী সেতু তৈরি করছে, যার কাজ আগামী দু-তিন বছরের মধ্যে শেষ হবে ।

এদিন মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল আধার ও ভোটার তালিকা বিভ্রাট । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা নির্বাচন কমিশনারের নাম না-করে তিনি কটাক্ষ করেন, "ইউ ডোন্ট হ্যাভ দ্য মিশন মিস্টার ভ্যানিশ কুমার ! ইউ ওয়ান্ট টু ভ্যানিশ দ্য নেম অফ দ্য পিপল ।" অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী থেকে শুরু করে সাংসদ দেব - বিশিষ্টদের নাম ভোটার তালিকা বা সরকারি নথি থেকে বাদ যাওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি ।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, "অমর্ত্য সেনের বাবার সঙ্গে মায়ের বয়সের ফারাক কত, তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে ! ভারত সেবাশ্রম সঙ্ঘের সাধুদের নামও কেটে দেওয়া হয়েছে । সাধুদের নিয়ে রাজনীতি করবেন, আর তাঁদের ভোটের অধিকার দেবেন না ?" মমতার দাবি, পদবি পরিবর্তনের অজুহাতে মহিলাদের নামও বাদ দেওয়া হচ্ছে ।

কেন্দ্রীয় এজেন্সির ‘হয়রানি’র জবাবে রামকৃষ্ণ পরমহংসদেবের সাপের উপমা টেনে আনেন মমতা । তিনি বলেন, "ঠাকুর বলেছিলেন কাউকে কামড়াবে না । কিন্তু ফোঁস করতে বারণ তো করেননি । আজ ফোঁস করলাম এই কারণে যে, এক গালে চড় মারলে আমি অন্য গাল পেতে দেব না । আঘাত করলে প্রত্যাঘাত করব ।" সেই ‘প্রত্যাঘাত’-এর অঙ্গ হিসেবেই যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলে হাঁটবেন তিনি ।

রাজনৈতিক উত্তাপের পাশাপাশি মেলার প্রস্তুতি নিয়েও এদিন বার্তা দেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, 9 থেকে 17 জানুয়ারি পর্যন্ত মেলা চলবে । এবার ঠান্ডা বেশি থাকায় পুণ্যার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি তিনি জানান, মেলায় আগত প্রত্যেকের জন্য পাঁচ লক্ষ টাকার বিমা কভারেজ থাকছে । ভিড় সামলাতে এবং নিখোঁজদের খুঁজে পেতে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি, ড্রোন ও ট্র্যাকিং অ্যাপ । পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, "শান্তিতে ঘর থেকে আসবেন, শান্তিতে ফিরে যাবেন । হুড়োহুড়ি করবেন না ।"

এদিন মঞ্চে উপস্থিত ছিলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান ক্লাবের শীর্ষকর্তারাও । জাতীয় স্তরে ভালো ফলের জন্য তিন প্রধানকে আগাম শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: