কেন্দ্রের পাঠানো চিঠি ছিঁড়লেন মমতা, বললেন - কাগজ আমরা মানি না
মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করেন৷ সেখানে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন৷

Published : December 9, 2025 at 6:14 PM IST
কোচবিহার, 9 ডিসেম্বর: একশো দিনের কাজ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের তরফে পাঠানো একটি চিঠি ছিঁড়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ চিঠিটি ছিঁড়ে তিনি তোপ দাগেন কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে৷ বলেন, ‘‘কাগজ আমরা মানি না।’’
একই সঙ্গে তিনি ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর এবং এনআরসি নিয়েও সরব হন বিজেপির বিরুদ্ধে৷ বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷
মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই সভার মঞ্চ থেকে তিনি বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন৷ সেই আক্রমণের অন্যতম ইস্যু ছিল একশো দিনের কাজ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। আদালত নির্দেশ দেওয়ার পরও ভোটের আগে একটি নোটিশ পাঠিয়েছে, যেখানে বিভিন্ন চুক্তি রেখে দিয়েছে। ভোটের আগে তিনি টাকা দেবেন আর তারপর কাজ না করতে পারলে, ভোটের সময় বলবে কাজ করতে পারেনি।’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের এই ধরনের আচরণের বিরুদ্ধে সরব তিনি৷ তখনই তিনি কেন্দ্রের পাঠানো একটি চিঠি ছিঁড়ে ফেলেন৷ তার পর বলেন, ‘‘কাগজ আমরা মানি না।’’
একই সঙ্গে এদিন তিনি এসআইআর (SIR) ও এনআরসি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন৷ এসআইআর ও এনআরসি তিনি মানবেন না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘‘চক্রান্ত করে রাষ্ট্রপতি শাসন করে ভোট করানোর চেষ্টা করছে।’’
এছাড়া তিনি বন্দেমাতরমের দেড়শো বছর নিয়ে সোমবার লোকসভায় যে আলোচনা হয়, সেই প্রসঙ্গেও মুখ খোলেন৷ সোমবার লোকসভায় এই আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে বঙ্কিমদা বলে উল্লেখ করেন৷ যা নিয়ে বিতর্ক হয়৷ পরে অবশ্য প্রধানমন্ত্রী ভুল স্বীকার করে বঙ্কিমবাবু বলে সম্বোধন করেন৷ সেই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস৷ এদিন মুখ্যমন্ত্রীও সমালোচনা করেন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন৷ মমতা বলেন, ‘‘দেশের স্বাধীনতার সময় বিজেপির কোনও নেতা কোনও আন্দোলন করেনি।’’
এমনকী তিনি বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘু ভোট কাটার ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছেন৷ মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘পয়সা খরচ করে সংখ্যালঘু ভোট কাটার চেষ্টা করছে। কোনোটাই কোনও কাজ করবে না।’’ পাশাপাশি তাঁর ভাষণে বিহার ভোটের প্রসঙ্গ তোলেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা ভোটের আগে বিজেপির মতো করে টাকা দিয়ে ভোট কিনি না। ভোটের আগে উজালা, টাকা দেওয়া, এসব করি না৷ আমরা সারা বছর মানুষকে পরিষেবা দিই।’’ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য গত পাঁচ বছরে রাজ্য সরকার কত টাকা খরচ করেছে, সেই খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷

