ভবানীপুর থেকে 60 হাজার নাম বাদ গেলেও আমি জিতব: মমতা
জাতীয় নির্বাচন কমিশন ও বিজেপিকে 'অশুভ শক্তি' বলে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷


Published : March 2, 2026 at 7:33 PM IST
কলকাতা, 2 মার্চ: ভবানীপুর কেন্দ্র থেকে 60 হাজার নাম বাদ গেলেও তিনিই জিতবেন ৷ সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে হোলি মিলন উৎসবের মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে অসংখ্য ভোটারের নাম বাদ যাওয়া ও বিচারাধীন তালিকায় থাকার বিষয়টি এখন রাজ্য রাজনীতির আলোচনার বিষয় হয়ে উঠেছে ৷ সেই ইস্যুতেই এই বার্তা দিলেন মমতা ৷
আগামী 2026 রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ৷ আর এর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র ৷ গত কয়েক মাস ধরে ভবানীপুরের ভোটার তালিকা থেকে একাধিক নাম বাদ যাওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে বারবার আলোচিত হচ্ছে ৷

বিরোধী দল বিজেপি ক্রমাগত হুঁশিয়ারি দিয়ে আসছে, আসন্ন নির্বাচনে তারা এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবেন ৷ আর রাজ্যের শাসকদলের দাবি, ভবানীপুরে শেষ হাসি হাসবেন মমতাই ৷ এই রাজনৈতিক বাগযুদ্ধের মধ্যেই মমতা নেতাজি ইন্ডোরের সরকারি মঞ্চ থেকে বলেন, "10 হাজার থেকে 30 হাজার ভোট কেটে নিলেও... আমার কেন্দ্রে আমি আপনাদের বলছি, 60 হাজার নাম বাদ গেলেও আমি ভবানীপুর থেকে জিতব ৷ এমনকী যদি একটি মাত্র ভোটও থাকে ৷"
জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিশানা করে মমতার বক্তব্য, "অশুভ শক্তির চক্রান্তের কাছে আমরা কোনোভাবেই মাথা নত করব না ৷ আমরা বিভাজনের পথে যাই না ৷ আমরা বৈষম্য করি না ৷ আমরা মানুষকে ঐক্যবদ্ধ করে চলি ৷"
উল্লেখ্য, এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রতিবাদে ধরনায় বসার কথাও ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো ৷ সাধারণ মানুষের অধিকার রক্ষার তাগিদে আগামী 6 এপ্রিল ধরনায় বসবেন বলে ঘোষণা করেছেন মমতা ৷ তাঁর কথায়, "এই লড়াই শুধুমাত্র একটি কেন্দ্রের নয় ৷ বরং, দেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার লড়াই ৷ সব ধর্ম ও বর্ণের মানুষকে একসঙ্গে নিয়ে চলার লড়াই ৷
এ দিন দোল উৎসবের মঞ্চ থেকে এসআইআর পর্বে মৃত 61 জনের পরিবারের হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে এ দিন 3 হাজার 355 কোটি টাকার কল্যাণী এক্সপ্রেসওয়ের বর্ধিত অংশের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ৷
প্রসঙ্গত, এ দিন হোলি মিলন উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় ভাঙড়া এবং ডান্ডিয়া নাচতে সঙ্গে তাল মিলাতেও দেখা যায়। এবং অনুষ্ঠান শেষে স্থানীয় মানুষ ও সেখানে উপস্থিত কচিকাচাদের দেদার সেলফির আবদার মেটান মুখ্যমন্ত্রী ৷

