ETV Bharat / politics

আবারও মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত, 'বহিরাগত' মন্তব্যের ব্যাখ্যা দিলেন মমতা

ভবানীপুর বিধানসভার অবাঙালি বাসিন্দাদের উল্লেখ করেননি বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

MAMATA BANERJEE
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 17, 2025 at 8:27 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 17 অক্টোবর: দুর্গাপুর গণধর্ষণ-কাণ্ড নিয়ে করা মন্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার নাকি ভবানীপুরে বিজয়া সম্মেলনী থেকে তাঁর বলা 'বহিরাগত' মন্তব্যকে বিকৃত করেছে সংবাদমাধ্যম, কলকাতায় কালীপুজোর উদ্বোধনে গিয়ে তেমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি ঠিক কী বলতে চেয়েছিলেন, তা নিয়ে বিস্তারিত বক্তব্য রেখেছেন ৷

ভবানীপুরের বিজয়া সম্মেলনীতে সশরীরে উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী ৷ সেখান থেকেই ফিরহাদ হাকিমের ফোনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি ৷ তাঁর অভিযোগ, সেই বক্তব্যের কিছু অংশ বিকৃতভাবে প্রচার করেছে সংবাদমাধ্যম ৷ গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের কালীপুজোর উদ্বোধন মঞ্চ থেকে মমতা বলেন, "বাংলা সব ধর্ম, সব জাতির মানুষের ঠিকানা ৷ এখানে যাঁরা বাস করেন, তাঁদের সবার উৎসবই আমাদের উৎসব ৷"

এরপরই 'বহিরাগত' মন্তব্য প্রসঙ্গে মমতার দাবি, "আমার কথা অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে ৷ আমি বহিরাগত বলতে বাংলার বাসিন্দাদের বোঝাইনি ৷ দলের কাউন্সিলরদের মিটিংয়ে আমি বলেছিলাম— তোমরা কেন বস্তিগুলো তুলে দিয়ে বাংলার বাড়ি তৈরি করছ না ? গরিব মানুষ বস্তিতে থাকলে সেটা অপরাধ নয় ৷ কেউ একটা জমি কিনে দু’শো পরিবারকে উচ্ছেদ করে দিলে সেটা মানবিক নয় ৷ আমি আমার দলের কাউন্সিলরদের বলেছিলাম, গরিব মানুষকে বাঁচানোর চেষ্টা করো ৷ আমি দলের প্রধান, তাই তাদের সতর্ক করার অধিকার আমার আছে ৷"

মুখ্যমন্ত্রীর দাবি, সংবাদমাধ্যম তাঁর বক্তব্য বিকৃতভাবে ছড়িয়েছে ৷ তিনি বলেন, "আমি বহিরাগত বলতে একটা রাজনৈতিক দলকে বোঝাতে চেয়েছিলাম ৷ যারা বাইরে থেকে লোক এনে আমাদের ভোটারদের নামের পাশে ভুয়ো নাম তুলছে, যাতে ভোটে প্রভাব ফেলা যায় ৷" মমতার বক্তব্য, "এখানে যারা দীর্ঘদিন ধরে থাকছেন, তাঁরা ‘মোর দ্যান বেঙ্গলিস’ ৷ আমি তাঁদের সম্মান করি, ভালোবাসি ৷ আমি কোনোভাবেই অবাঙালিদের উদ্দেশ্য করে কিছু বলিনি ৷ ইলেকশনের সময় কিছু বহিরাগত এসে হোটেল-গেস্টহাউস ভাড়া করে ভোটের পরিবেশ নষ্ট করে — আমি তাদের কথাই বলেছি ৷”

সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, "ওরা সবসময় বিকৃতভাবে কথা বলে ৷ আমার কথার অন্য মানে বের করে ৷ কিন্তু মানুষ জানে, আমি সবসময় তাঁদের পাশে আছি ৷" এদিন ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব ছাড়াও জানবাজার ও শেক্সপিয়ার সরণির কালীপুজোর উদ্বোধন করেন মমতা ৷ শেক্সপিয়ার সরণির মঞ্চ থেকে সম্প্রতি প্রবল বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারানো 10 জনের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি ৷